শিরোনাম
◈ আমিরাতের ক্ষমতার অন্দরমহল ও কুশনারের গোপন সম্পর্ক: যৌনতা, মাদক, ইসরায়েলি প্রযুক্তি ◈ সংশোধনাগারে গিয়ে আরও বেপরোয়া কিশোরেরা, খাবার ও চিকিৎসার সংকট: যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে ‘বড় ভাই’ সংস্কৃতির দাপট! ◈ ৩১ দিন পর নিয়ন্ত্রণে এলো ইনানীর গ্যাসের আগুন, এবার এক হাজার ফুট গভীরে খননের প্রস্তুতি ◈ ঢাকাসহ ৬ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৪ প্লাটুন ◈ লিও‌নেল মে‌সি আর্জেন্টিনায় বন্ধুর বিদায়ী ম্যাচে খেলবেন  ◈ রিয়াল মা‌দ্রিদ ও বা‌র্সেলোনা বিশ্বকাপ ফাইনাল নিজেদের মাঠে চায়, বাধা মরক্কো  ◈ ১২ মাসের কারাদণ্ড ফুটবলার রাহিম স্টার্লিংয়ের ◈ সময়মতো শ্রেণিকক্ষে শিক্ষককে না পেলে ছবি তুলে পাঠিয়ে দেবে : শিক্ষামন্ত্রী ◈ যুক্তরাজ্যে বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে মুখোশধারীদের মহড়া ◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৬, ০১:০০ দুপুর
আপডেট : ২৭ নভেম্বর, ২০২৬, ০১:০১ দুপুর

প্রতিবেদক : আর রিয়াজ

আমিরাতের ক্ষমতার অন্দরমহল ও কুশনারের গোপন সম্পর্ক: যৌনতা, মাদক, ইসরায়েলি প্রযুক্তি

মিডলইস্ট আই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও মধ্যপ্রাচ্য বিষয়ক দূত জ্যারেড কুশনারের সঙ্গে সৌদি আরব এবং বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত সরকারের গভীর ও গোপন সম্পর্কের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে প্রবীণ মার্কিন সাংবাদিক ম্যাথিউ কোলের লেখা নতুন এক বইয়ে। ট্রাম্পের প্রথম মেয়াদের প্রশাসন চলাকালীন এই সম্পর্কের নানা দিক উন্মোচন করে গত মাসে প্রকাশিত হয়েছে বইটি, যার শিরোনাম ‘প্রিন্সেস অ্যান্ড থিভস: জ্যারেড কুশনার অ্যান্ড মোহাম্মদ বিন জায়েদ’স সিক্রেট প্লট টু রিমেক দ্য মিডল ইস্ট’। বইটিতে মধ্যপ্রাচ্যের ক্ষমতার রাজনীতি, গোপন লেনদেন এবং সংযুক্ত আরব আমিরাতের শাসক আল নাহিয়ান পরিবারের অন্দরমহলের নানা অজানা অধ্যায় তুলে ধরা হয়েছে।

বইটির সবচেয়ে বিস্ফোরক দাবিটি হলো, সৌদি ও আমিরাত সরকারের কাছ থেকে জ্যারেড কুশনার প্রায় ২০০ কোটি (২ বিলিয়ন) ডলার পেয়েছিলেন। এর মধ্যে ‘ওয়াতানি আল এমারাতে ফাউন্ডেশন’ নামের একটি আমিরাতি দাতব্য সংস্থার মাধ্যমে ফার্স্ট আবুধাবি ব্যাংকে রাখা ৭৫ কোটি (৭৫০ মিলিয়ন) ডলারও অন্তর্ভুক্ত ছিল। কাগজে-কলমে আমিরাতের নাগরিক কর্মসূচিতে সহায়তার কথা বলা হলেও বাস্তবে এই অর্থ আমিরাতের অস্ত্র ক্রয় এবং গোপন সামরিক অভিযানে ব্যবহৃত হয়েছিল বলে বইটিতে উল্লেখ করা হয়েছে। 

বর্তমানে ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে ট্রাম্পের দূত হিসেবে কর্মরত কুশনার অবশ্য এসব অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছেন। তবে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস মন্তব্য করেছে যে, নতুন বছরে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পর কুশনারের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের তদন্ত হওয়া উচিত। লেখক ম্যাথিউ কোল তার বইয়ের তথ্যের জন্য নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের ওপর নির্ভর করেছেন। আমিরাত ও সৌদি রাজপরিবার এই বইয়ের দাবিগুলোর বিষয়ে কোনো মন্তব্য করেনি।

বইটির অন্যতম আলোচিত অধ্যায়ে সংযুক্ত আরব আমিরাতের বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের বিরুদ্ধে নিজের বড় ভাই ও তৎকালীন ক্ষমতার প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট খলিফা বিন জায়েদকে ব্ল্যাকমেইল করার অভিযোগ আনা হয়েছে। কোলের দাবি অনুযায়ী, ১৯৯০-এর দশকে মোহাম্মদ বিন জায়েদ দক্ষিণ ইউরোপের একটি হোটেল কক্ষে খলিফা বিন জায়েদের সমকামী যৌন সম্পর্কের দৃশ্য গোপনে ধারণ করার জন্য দুই সিরীয় নাগরিককে ভাড়া করেছিলেন। পরবর্তীতে তিনি রুশ এজেন্টদের মাধ্যমে সেই ভিডিও টেপটি তাদের বাবা এবং সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের কাছে পৌঁছে দেন, যাতে খলিফা লজ্জায় পড়েন। 

Advertisement

লেখক উল্লেখ করেছেন যে, জায়েদ বিন সুলতান মোহাম্মদের এই ব্ল্যাকমেইলের উদ্দেশ্য বুঝতে পেরেছিলেন, তবে তিনি ছেলের এই ‘চাতুর্যের’ প্রশংসা করেছিলেন এবং বিষয়টি বেশ উপভোগ করেছিলেন। আল নাহিয়ান পরিবারের ভেতরে মোহাম্মদের এই পদক্ষেপকে আমিরাত শাসনের ব্যাপারে তার উচ্চাকাঙ্ক্ষার প্রাথমিক লক্ষণ হিসেবে দেখা হতো। সে সময় খলিফা বিন জায়েদের কেবল একজন স্ত্রী এবং আটটি সন্তান ছিল, যা নব্বইয়ের দশকে উপসাগরীয় রাজপরিবারগুলোর ক্ষেত্রে বেশ বিরল হলেও বর্তমানে সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। খলিফা বিন জায়েদের যৌন অভিমুখিতা নিয়ে কোলের এই তথ্য অন্য কোথাও থেকে যাচাই করা সম্ভব না হলেও সাম্প্রতিক সময়ে উপসাগরীয় অঞ্চল নিয়ে লেখা অন্যান্য বইয়েও রাজপরিবারের সদস্যদের সমকামিতাকে তাদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহারের কথা উঠে এসেছে। 

কোল আরও লিখেছেন যে, মোহাম্মদ বিন জায়েদ সাবেক সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন নায়েফের প্রতিও বৈরী ছিলেন, যাকে পরবর্তীতে বর্তমান ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সরিয়ে দেন। কোলের মতে, মোহাম্মদ বিন নায়েফের কথিত সমকামিতার বিষয়টি সামনে এনে মোহাম্মদ বিন জায়েদ তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কাছে লবিং করেছিলেন। উল্লেখ্য, নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক বেন হাবার্ডের ‘এমবিএস: দ্য রাইজ টু পাওয়ার অব মোহাম্মদ বিন সালমান’ এবং ব্র্যাডলি হোপ ও জাস্টিন শেকের লেখা ‘ব্লাড অ্যান্ড অয়েল: মোহাম্মদ বিন সালমান’স রুথলেস কোয়েস্ট ফর গ্লোবাল পাওয়ার’ নামক দুটি সমাদৃত বইয়েও মোহাম্মদ বিন নায়েফের যৌন অভিমুখিতার বিষয়টি উল্লেখ করা হয়েছিল।

বইয়ের আরেকটি অংশে প্রশ্ন তোলা হয়েছে, আমিরাতের বর্তমান শাসক কি তার বড় ভাইকে মাদক বা ভুল ওষুধ প্রয়োগ করে অকার্যকর করে রেখেছিলেন? ২০০৪ সালে বাবার মৃত্যুর পর খলিফা বিন জায়েদ সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট হন। তবে আনুষ্ঠানিক পদমর্যাদা থাকা সত্ত্বেও তিনি আমিরাতের সবচেয়ে সম্পদশালী অঞ্চল আবুধাবির ক্রাউন প্রিন্স ও নিজের ছোট ভাই মোহাম্মদ বিন জায়েদের ওপরই সব সিদ্ধান্ত ছেড়ে দিয়েছিলেন।

গণমাধ্যমে বিষয়টিকে খলিফার স্বেচ্ছা-সিদ্ধান্ত এবং পরবর্তীতে ২০১৪ সালে তার স্ট্রোক হওয়ার পরিণতি হিসেবে দেখানো হতো। কিন্তু ম্যাথিউ কোল দাবি করেছেন, স্ট্রোকের বহু আগে থেকেই খলিফা মদ্যপানের আসক্তি এবং ‘অশনাক্তকৃত মানসিক রোগে’ ভুগছিলেন। ২০০৩ সালে মোহাম্মদ বিন জায়েদ আবুধাবির ডেপুটি ক্রাউন প্রিন্স নিযুক্ত হওয়ার সময় থেকেই তিনি তার ভাইকে এমন সব চিকিৎসা ও ওষুধ দিতেন, যা তাকে কার্যত অক্ষম করে তুলেছিল। কোল লিখেছেন, খলিফার এই চিকিৎসা তাকে এক ধরনের তন্দ্রাচ্ছন্ন বা অচেতন অবস্থায় নিয়ে যেত এবং শেষ পর্যন্ত এর ফলে তার স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়।

লেখকের মতে, মোহাম্মদ বিন জায়েদ এই চিকিৎসাকে তার ভাইকে দুর্বল ও কোণঠাসা করার হাতিয়ার হিসেবে দেখতেন এবং একজন মার্কিন নার্সের সহায়তায় প্রায়ই জোর করে তাকে এসব ওষুধ খাওয়াতেন। ওই নার্সের পরিবারের সঙ্গে মোহাম্মদের ঘনিষ্ঠতা ছিল। বইটির তথ্যমতে, ওই নার্সের ভাগ্নি লিসার সঙ্গে মোহাম্মদ বিন জায়েদের শারীরিক সম্পর্ক ছিল এবং তাদের একটি অবৈধ সন্তানও রয়েছে, যে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বেড়ে উঠেছে।

ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের গোপন সামরিক ও প্রযুক্তিগত সম্পর্কের ইতিহাসও উঠে এসেছে এই বইয়ে। ২০২০ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ‘আব্রাহাম অ্যাকর্ডস’-এ যোগ দিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রকাশ্যে আনার কয়েক দশক আগে থেকেই দুই দেশের মধ্যে গভীর নিরাপত্তা সম্পর্ক ছিল। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষাপটে আমিরাত ইসরায়েলের আরও কাছাকাছি এসেছে এবং সোমালিল্যান্ড ও ইথিওপিয়ার মতো আঞ্চলিক উত্তেজনাপূর্ণ স্থানগুলোতেও তাদের অবস্থান অভিন্ন।

কোল লিখেছেন, ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতির কারণে বাবা জায়েদ বিন সুলতান ইসরায়েলকে কাছে টানতে অনিচ্ছুক থাকলেও মোহাম্মদ বিন জায়েদ অন্তত ১৯৯০-এর দশক থেকেই ইসরায়েলের একজন গুণমুগ্ধ ভক্ত ছিলেন। ১৯৯৮ সালে ‘এভিয়েশন উইক’ সাময়িকীতে ইসরায়েলি সফটওয়্যারযুক্ত যুক্তরাষ্ট্রের তৈরি নতুন এফ-১৬ যুদ্ধবিমান সম্পর্কে পড়ার পর মোহাম্মদ বিন জায়েদ এই বিমান

কেনার জন্য তার বাবার কাছে তদবির শুরু করেন। সে সময় আমিরাতের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বিমান ক্রয়ের আলোচনা পরিচালনা করেন। তার জোরালো সমর্থনে আমিরাত ৮০টি যুদ্ধবিমান কেনার এবং সেগুলোতে ইসরায়েলি সফটওয়্যার স্থাপনের চুক্তি করে। ক্লিনটন প্রশাসনের মধ্যস্থতায় ইসরায়েল ও আমিরাতের মধ্যকার গোপন আলোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যাতে ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা দূর করা যায়।

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রকাশ্যে আনার এই প্রক্রিয়ার বিরোধিতা করায় আমিরাতের অভ্যন্তরে চরম দমন-পীড়ন চালানো হয়েছিল বলে বইটিতে দাবি করা হয়েছে। কোল লিখেছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিরুদ্ধে কলাম লেখায় ২০১৯ সালে আমিরাতি কবি হাবিব আল সায়েগকে নির্যাতন করে হত্যা করা হয়। সায়েগ ছিলেন আমিরাতের রাষ্ট্রীয় অভিজাত মহলেরই একজন বিশিষ্ট ব্যক্তি; তিনি কাতারের বিরুদ্ধে সৌদি ও আমিরাতের অবরোধেরও সমর্থন করেছিলেন। ‘আল খালিজ’ সংবাদপত্রের সম্পাদক হিসেবে কাজ করার পাশাপাশি তিনি আরব রাইটার্স ইউনিয়নের মহাসচিবের দায়িত্বও পালন করেছেন। 

তবে ইসরায়েলের সঙ্গে আমিরাতের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা নিয়ে তিনি অভিজাত মহলে সরব ছিলেন। চুপ থাকার সতর্কবার্তা উপেক্ষা করে ২০১৯ সালের আগস্ট মাসে তিনি ‘ইসরায়েল আমাদের প্রকৃত শত্রু এবং একটি বিপজ্জনক প্রকল্প’ শিরোনামে একটি কলাম লেখেন। লেখাটি প্রকাশের পরপরই মোহাম্মদ বিন জায়েদের নির্দেশে নিরাপত্তা কর্মকর্তারা সায়েগকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যান।

বইয়ের বর্ণনা অনুযায়ী, একজন নিরাপত্তা এজেন্ট প্লায়ার্স দিয়ে টেনে তার বেশ কয়েকটি দাঁত উপড়ে ফেলে এবং অন্য একজন ধারালো ধাতব অংশ লাগানো বেল্টের মতো চাবুক দিয়ে তাকে পেটাতে থাকে। টানা তিন দিন ধরে তার ওপর এই নির্মম নির্যাতন চালানো হয়। নির্যাতনে তার মৃত্যু হলে মোহাম্মদ বিন জায়েদের একজন ঘনিষ্ঠ সহযোগী সায়েগের মরদেহটিকে ‘প্রায় অচেনা’ বলে বর্ণনা করেছিলেন। কোল উল্লেখ করেছেন যে, জ্যারেড কুশনার এবং সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে মোহাম্মদ বিন জায়েদ যে বড় ধরনের কূটনৈতিক চুক্তি নিয়ে আলোচনা করছিলেন, সায়েগের এই বিরোধিতা তার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল।

সৌদি আরব পরবর্তীতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে শীতল হয়ে পড়লেও ওই পরিকল্পনার মূল লক্ষ্য ছিল উপসাগরীয় দেশগুলোর মাধ্যমে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া এবং ফিলিস্তিনিদের মূল ধারা থেকে সরিয়ে দেওয়া। সেই পরিকল্পনা অনুযায়ী, অধিকৃত পশ্চিম তীরে বসবাসরত ৩০ লাখ ফিলিস্তিনির অধিকাংশকে জর্ডানে পাঠিয়ে দেওয়ার কথা ভাবা হয়েছিল, যাতে ওই ভূখণ্ডের জনসংখ্যা ৯০ শতাংশ কমে যায়। এরপর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি ক্ষুদ্র ও নামমাত্র ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবেন এবং নেগেভ মরুভূমি ও জর্ডানের কিছু অংশ ওই রাষ্ট্রকে দেওয়া হবে বলে বইটিতে উল্লেখ করা হয়েছে।

বইটির শেষ অংশে ট্রাম্প প্রশাসনের ভেতরের ক্ষমতার দ্বন্দ্ব, বিশেষ করে জ্যারেড কুশনার এবং টম ব্যারাকের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতার চিত্র তুলে ধরা হয়েছে। লেবানিজ-আমেরিকান সাবেক প্রাইভেট ইক্যুইটি বিনিয়োগকারী টম ব্যারাক বর্তমানে তুরস্কে মার্কিন রাষ্ট্রদূত এবং ইরাক ও সিরিয়ার দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। ট্রাম্পের প্রথম মেয়াদে দায়িত্ব গ্রহণের আগেই আমিরাত ও সৌদি শাসকদের সঙ্গে ট্রাম্পের যোগাযোগ করিয়ে দেওয়ার কারণে ব্যারাক সমালোচনার মুখে পড়েছিলেন।

বইটিতে বলা হয়েছে, প্রশাসনে কুশনারের দ্রুত উত্থানে ব্যারাক অত্যন্ত হতাশ হয়ে পড়েছিলেন। কোলের মতে, ব্যারাক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ পুনর্গঠনের ‘মার্শাল প্ল্যান’-এর আদলে আবুধাবি ও রিয়াদের অর্থায়নে মধ্যপ্রাচ্যের উন্নয়নের জন্য একটি বড় পরিকল্পনা করতে চেয়েছিলেন। কিন্তু কুশনার তাকে মধ্যপ্রাচ্যের কেবল ‘মিশরীয় অংশটুকু’ দেখভাল করার অনুমতি দেন। পরবর্তীতে ব্যারাক আমিরাতের কাছে লবিং করেন যেন তারা কুশনারকে বলে যে, আমিরাত মধ্যপ্রাচ্যের দূত হিসেবে ব্যারাককেই চায়।

এ প্রসঙ্গে কোল লিখেছেন, ব্যারাকের প্রতি বার্তাটি ছিল অত্যন্ত স্পষ্ট; মোহাম্মদ বিন সালমান এবং মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে হোয়াইট হাউসের সম্পর্ক কুশনার কারও সঙ্গে ভাগ করে নেবেন না। ২০১৭ সালের জুনে সৌদি আরব ও আমিরাত যখন কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপ করে, তখন ব্যারাক ও কুশনারের মধ্যে ফের সংঘাত বাঁধে। যদিও বর্তমানে ইয়েমেন, ইরান যুদ্ধ এবং লোহিত সাগর ইস্যুতে রিয়াদ ও আবুধাবির মধ্যে বিভেদ তৈরি হয়েছে, কিন্তু সে সময় তারা একজোট ছিল।

সৌদি ও আমিরাতের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক থাকা সত্ত্বেও ব্যারাক কাতারের সঙ্গেও সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছিলেন। বইটির তথ্য অনুযায়ী, আমিরাত ও সৌদি আরব যখন এই অবরোধে সমর্থন দেওয়ার জন্য কুশনারের কাছে লবিং করছিল, তখন ব্যারাক সাবেক পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে যোগ দিয়ে ট্রাম্পকে এই অবরোধে শামিল না হওয়ার জন্য চাপ দিয়েছিলেন।

  • সর্বশেষ