শিরোনাম
◈ কৃষিকে আধুনিক ও বাজারমুখী করতে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার ◈ দেশের সব মাদ্রাসার জন্য বিশেষ নির্দেশনা জারি ◈ শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনায় রাজনৈতিক উত্তাপ বাংলাদেশে, কূটনৈতিক চাপে ভারত ◈ বিজয়ের মাসজুড়ে বিএনপির কর্মসূচি, ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে থাকবেন তারেক রহমান ◈ কুমিল্লায় তাহেরীর মাহফিল বন্ধ, পাল্টাপাল্টি কর্মসূচির হুঁশিয়ারি ◈ ১৫০০ বছরের প্রাচীন স্থাপনা তুরস্কে অবস্থিত হায়া সোফিয়ার নিচে সুড়ঙ্গের রহস্য, শতাব্দী পর মিলল সন্ধান ◈ লক্ষণ ছাড়াই শরীরে বাসা বাঁধছে হেপাটাইটিস, শনাক্ত না হলে বাড়ছে প্রাণঘাতী ঝুঁকি: বাড়ছে লিভার ক্যানসার ও মৃত্যুঝুঁকি ◈ রাজধানীর জনসংখ্যার চাপ কমাতে বসিলা সেতুর পাশে ৩ হাজার একরের বিশাল আবাসন প্রকল্প ◈ আমিরাতের ক্ষমতার অন্দরমহল ও কুশনারের গোপন সম্পর্ক: যৌনতা, মাদক, ইসরায়েলি প্রযুক্তি ◈ সংশোধনাগারে গিয়ে আরও বেপরোয়া কিশোরেরা, খাবার ও চিকিৎসার সংকট: যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে ‘বড় ভাই’ সংস্কৃতির দাপট!

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৬, ০৩:২৮ দুপুর
আপডেট : ২৭ নভেম্বর, ২০২৬, ০৩:৩৪ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

,

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনায় রাজনৈতিক উত্তাপ বাংলাদেশে, কূটনৈতিক চাপে ভারত

বিবিসি: ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। তার এই আকস্মিক ঘোষণা ও ফেরার পরিকল্পনার খবরে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। একইসঙ্গে দীর্ঘদিনের মিত্রকে আশ্রয় দেওয়া ভারতও পড়েছে বড় ধরনের কূটনৈতিক উভয়সংকটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির ভারত প্রতিনিধি সৌতিক বিশ্বাসের এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানে ১৫ বছরের শাসনের অবসানের পর দিল্লিতে পালিয়ে যাওয়া ৭৯ বছর বয়সি শেখ হাসিনা এর আগেও বহুবার দেশে ফেরার কথা বলেছিলেন। তবে এবারই প্রথম তিনি সুনির্দিষ্ট তারিখ এবং কীভাবে ফিরবেন, তার রূপরেখা দিয়েছেন। মানবতাবিরোধী অপরাধের দায়ে অনুপস্থিতিতেই তার মৃত্যুদণ্ডের রায় হয়েছে এবং তার দল আওয়ামী লীগ বর্তমানে বাংলাদেশে নিষিদ্ধ।

কীভাবে ফিরতে চান হাসিনা?

Advertisement

শেখ হাসিনার মুখপাত্র ও ঘনিষ্ঠ সহযোগী আবু ওবায়দা আরিন বিবিসিকে জানান, হাসিনা চান বাংলাদেশ সরকার দিল্লি থেকে তার জন্য একটি ফ্লাইটের ব্যবস্থা করুক। সেটি না হলে তিনি বাণিজ্যিক ফ্লাইটে অথবা স্থলসীমান্ত পেরিয়ে দেশে ফিরবেন।

আরিন বলেন, ‘তিনি এমনকি হেঁটে বাংলাদেশে প্রবেশ করতেও প্রস্তুত। ভারতের পাঁচটি রাজ্যের সঙ্গে বাংলাদেশের চার হাজার ৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। সমর্থকরা এরই মধ্যে সীমান্তের ৯টি সম্ভাব্য পয়েন্ট চিহ্নিত করেছেন। এটি অত্যন্ত সুচিন্তিত ও নিখুঁত পরিকল্পনা।’

কঠোর অবস্থানে ঢাকা

হাসিনার এমন ঘোষণার জবাবে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশের বর্তমান সরকার। দেশে ফিরলেই তাকে গ্রেফতার করে মৃত্যুদণ্ড কার্যকর করার ঘোষণা দিয়েছে ঢাকা।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‘বাস্তবতা আর ইচ্ছা এক জিনিস নয়। তিনি কোনো সাধারণ বাণিজ্যিক যাত্রী নন; তাকে কেবল হাতকড়া পরিয়েই দেশে ফিরিয়ে আনা সম্ভব।’

অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার অনুরোধ ‘নির্ধারিত প্রক্রিয়ায়’ পরীক্ষা করা হচ্ছে, তবে স্বেচ্ছায় দেশে ফেরার বিষয়টি সম্পূর্ণ আলাদা।

রাজনৈতিক সমীকরণ ও সহিংসতা

বিশ্লেষকদের মতে, বিজয় দিবসের মতো আবেগঘন দিনকে বেছে নিয়ে শেখ হাসিনা মূলত সরকারের কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানাতে চাইছেন। আরিনের দাবি, নির্বাসনে থেকেও টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে গত ১৮ মাসে দেশের ৬৪ জেলা ও ৩০০ আসনের নেতাকর্মীদের সঙ্গে ৩০০টির বেশি বৈঠক করেছেন হাসিনা। সীমান্ত থেকে ঢাকা পর্যন্ত ৫০ লাখ মানুষের মানববন্ধন গড়ে তাকে বরণ করে নেওয়ার সক্ষমতা দলের রয়েছে বলেও দাবি করেন তিনি।

তবে বাস্তবতা ভিন্ন। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বড় অংশই কারাগারে, পলাতক বা বিদেশে। তবুও সাম্প্রতিক মাসগুলোতে দলটির সমর্থকরা ঝটিকা মিছিল, সড়ক অবরোধ ও সহিংসতায় জড়াচ্ছে। বিশেষ করে গোপালগঞ্জে থানায় হামলা, গাড়িতে অগ্নিসংযোগ এবং ক্ষমতাসীন বিএনপির নেতাদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে।

সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা ‘আকলেড’-এর তথ্যমতে, ২৩ নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগ সমর্থকরা ৪০টি বিক্ষোভ ও ১৪০টির বেশি সহিংস ঘটনা ঘটিয়েছে। চলতি মাসে রাজনৈতিক সহিংসতায় অন্তত ১১ জন নিহত হয়েছেন।

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রেস সচিব ও ইংরেজি দৈনিক ‘ডেইলি ওয়াদা’র সম্পাদক শফিকুল আলম বিবিসিকে বলেন, জুলাই সনদ, সাংবিধানিক সংস্কার ও গণভোট নিয়ে ক্ষমতাসীন বিএনপি এবং জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যকার মতবিরোধের সুযোগ নিচ্ছে আওয়ামী লীগ। দুর্বল পুলিশ প্রশাসন ও অভ্যুত্থানের শক্তিগুলোর বিভেদকে কাজে লাগিয়ে তারা মাঠে নামার চেষ্টা করছে।

ভারতের কূটনৈতিক উভয়সংকট

শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া এবং ভারতের মাটিতে বসে তার রাজনৈতিক বক্তব্য দেওয়ার বিষয়টি ঢাকা-দিল্লি সম্পর্কে বড় ধরনের শীতলতা তৈরি করেছে। গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রায় ১০ মাস পেরিয়ে গেলেও তারেক রহমান এখনো ভারত সফরে যাননি। আগস্টে একটি সফরের কথা থাকলেও দিল্লিতে হাসিনার সংবাদ সম্মেলনের কারণে তা ভেস্তে যায়।

লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও আন্তর্জাতিক অধ্যয়নের শিক্ষক অবিনাশ পালিওয়াল মনে করেন, হাসিনার এই ঘোষণার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার চাপ দিল্লির বদলে ঢাকার ওপর চলে গেছে। তার মতে, গত ১০ মাসে দিল্লি ঢাকার সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। ফলে হাসিনাকে থামানোর কোনো তাগিদ এখন আর অনুভব করছে না ভারত। বরং বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসনকেই ভারত ও বাংলাদেশের দীর্ঘমেয়াদি স্বার্থের অনুকূল মনে করে দিল্লি।

তবে ঢাকার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বিপরীত। শফিকুল আলম বলেন, বাংলাদেশে এমন ধারণা প্রবল যে ভারত আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। হাসিনাকে প্রত্যর্পণ না করা, গার্মেন্টস রপ্তানিকারকদের ট্রানজিট সুবিধা নবায়ন না করা এবং গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে চললেও কোনো অগ্রগতি না হওয়ায় ভারতের প্রতি আস্থার সংকট তৈরি হয়েছে।

ঢাকার এক পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ নাম প্রকাশ না করার শর্তে বলেন, দুই দেশ এখন ‘পারস্পরিক হতাশার’ মধ্যে আটকে আছে এবং এই অচলাবস্থার কেন্দ্রে রয়েছেন শেখ হাসিনা। ১৬ ডিসেম্বর তিনি সত্যিই ফিরবেন কিনা তা অনিশ্চিত হলেও, তার এই ঘোষণা ঢাকা ও দিল্লি—উভয় রাজধানীকেই বড় ধরনের অস্থিরতা ও পরীক্ষার মুখে ফেলে দিয়েছে।

  • সর্বশেষ