এক কাপ চা আর এক বোতল পানি থেকে শুরু করে চাল এবং প্লাস্টিকের ব্যাগে মোড়ানো খাবার—নিত্যদিনের সব কিছুতেই এখন প্লাস্টিকের সূক্ষ্ম কণা বা মাইক্রোপ্লাস্টিক মিশে যাচ্ছে। বিজ্ঞানীরা মানুষের রক্ত, ফুসফুস এবং মাতৃদুগ্ধেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত করেছেন। স্বাস্থ্যের ওপর এর দীর্ঘমেয়াদি প্রভাব কী হতে পারে, তা নিয়ে এখনো গবেষণা চলছে।
সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় দৈনন্দিন খাবার ও পানীয়তে মাইক্রোপ্লাস্টিকের দূষণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, প্লাস্টিক-যুক্ত কিছু টি-ব্যাগ থেকে এক কাপ চায়েই ৫৫০ থেকে ২,৫০০টি পর্যন্ত প্লাস্টিক কণা নির্গত হতে পারে। আরেকটি গবেষণায় ইঙ্গিত দেওয়া হয়েছে যে, ৯৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গরম পানিতে প্লাস্টিকের টি-ব্যাগ ডোবালে বিশেষ কিছু পরিস্থিতিতে তা থেকে শত কোটি মাইক্রো ও ন্যানোপ্লাস্টিক কণা বের হতে পারে। এর বিপরীতে, খোলা চা পাতায় প্লাস্টিক কণার পরিমাণ গড়ে একটিরও কম বলে জানা গেছে।
প্লাস্টিক দূষণের আরেকটি বড় উৎস হলো বোতলজাত পানি। গবেষণায় এক লিটারের একটি পানির বোতলে গড়ে প্রায় ২ লাখ ৪০ হাজার মাইক্রো ও ন্যানোপ্লাস্টিক কণা পাওয়া গেছে, যা প্লাস্টিক বোতলের ব্যাপক ব্যবহার নিয়ে নতুন করে চিন্তার জন্ম দিয়েছে।
কোটি মানুষের প্রধান খাবার চালেও প্লাস্টিক দূষণের প্রমাণ মিলেছে। গবেষণায় দেখা গেছে, ১০০ গ্রাম অসিদ্ধ চালে ৩ থেকে ৪ মিলিগ্রাম পর্যন্ত প্লাস্টিক থাকতে পারে। তবে রান্নার আগে চাল ভালোভাবে ধুয়ে নিলে প্লাস্টিকের এই পরিমাণ ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব।
প্লাস্টিক ব্যাগে গরম খাবার বাড়িয়ে দিচ্ছে ঝুঁকি
দেশে প্লাস্টিকের ব্যাগ ও পাত্রে গরম চা, দুধ, তরকারি এবং অন্যান্য খাবার বহন করা একটি সাধারণ অভ্যাসে পরিণত হয়েছে, যা দূষণের ঝুঁকি বাড়িয়ে তুলছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, বিশেষ কিছু পরিস্থিতিতে—বিশেষ করে গরম খাবার বা পানীয় প্লাস্টিকের সংস্পর্শে এলে—প্যাকেজিং থেকে প্লাস্টিক কণা ও রাসায়নিক পদার্থ খাবারে মিশে যেতে পারে। খাবার, পানীয় জল এবং শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে এসব মাইক্রোপ্লাস্টিক মানবদেহে প্রবেশ করে। বিজ্ঞানীরা মানুষের রক্ত ও ধমনীতেও এই কণার উপস্থিতি পেয়েছেন, যা জনস্বাস্থ্যের জন্য ক্রমবর্ধমান উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা
মানবদেহে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি এর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এই সূক্ষ্ম কণাগুলো শরীরের ভেতরে কী ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং দীর্ঘমেয়াদে তা কোনো জটিল রোগের কারণ হতে পারে কি না, তা বুঝতে আরও বিস্তর গবেষণার প্রয়োজন বলে মনে করছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। বিজ্ঞানীরা বিষয়টি নিয়ে গবেষণা চালিয়ে গেলেও দৈনন্দিন জীবনে প্লাস্টিকের সর্বব্যাপী ব্যবহারের কারণে এর সংস্পর্শ পুরোপুরি এড়িয়ে চলা কঠিন হয়ে পড়েছে। দেশের কোটি কোটি মানুষ প্রতিদিন প্লাস্টিকজাত পণ্য ব্যবহার করলেও এর ক্ষতিকর দিকগুলো জানে না। এ কারণে মাইক্রোপ্লাস্টিকের প্রভাবে এবং এর স্বাস্থ্যঝুঁকি নির্ণয়ে জাতীয় পর্যায়ে গবেষণার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।
মাইক্রোপ্লাস্টিকের ঝুঁকি কমানোর উপায়
বিশেষজ্ঞরা গরম খাবার ও পানীয়র জন্য অনুপযুক্ত প্লাস্টিকের পাত্র বর্জন করে কাচ বা স্টিলের মতো নিরাপদ বিকল্প ব্যবহারের পরামর্শ দিয়েছেন। পাশাপাশি, প্লাস্টিকের ব্যাগে গরম খাবার না নেওয়া এবং খাবার সংরক্ষণ ও পরিবেশনের জন্য মানসম্মত 'ফুড-গ্রেড' পাত্র ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। এছাড়া গবেষণার তথ্য অনুযায়ী, রান্নার আগে চাল ভালোভাবে ধুয়ে নিলেও প্লাস্টিক দূষণের মাত্রা কমানো যায়।
মাইক্রোপ্লাস্টিকের সামগ্রিক স্বাস্থ্যঝুঁকি নিয়ে গবেষণা এখনো চলমান থাকলেও বিশেষজ্ঞরা বলছেন, অপ্রয়োজনীয় প্লাস্টিকের ব্যবহার কমানো এবং দৈনন্দিন খাবার ও পানীয় প্রস্তুতের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করাই এই ঝুঁকি সীমিত রাখার সর্বোত্তম উপায়।
সূত্র : যুগান্তর