শিরোনাম
◈ রাজধানীতে এক রাতে ছয় স্থানে ককটেল বিস্ফোরণ, হাতিরপুলে আটক ১ ◈ ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, চার উপজেলায় সরাসরি থাকবেন প্রধানমন্ত্রী ◈ সাজেকে এক মাস ধরে অবরোধ, পর্যটকশূন্যতায় চরম খাদ্যসংকটে পাহাড়ের মানুষ ◈ শুকির বিদায়ী ম্যাচে রবিনিয়োর জোড়া গোলে কিংসের জয় ◈ হেগুনের কাম অইবো শুধু বিএনপি-জামায়াতের মেইন মেইন গোটা দশেক মারি হালাইবো: তাহেরপুত্র বিপ্লবের অডিও ফাঁস ◈ প্যারামিলিটারি বাহিনীর সদস্যসংখ্যায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ, পেছনে ভারত-চীন: গ্লোবাল ফায়ারপাওয়ারের প্রতিবেদন (ভিডিও) ◈ ইউরোপে তিন বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি : চাপে সাধারণ মানুষ, ঋণ করে চলছে সংসার ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ১১ দল নিয়ে নিরপেক্ষ ভেন্যুতে সংলাপ চায় জামায়াত ◈ আগামী বছর ১ কোটি ১০ লাখ শিশু পাবে মিড ডে মিল: জুবাইদা রহমান ◈ যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনায় হামলা, সিসিটিভি ফুটেজ দেখে ৬ জন গ্রেফতার

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৬, ১২:৩৮ রাত
আপডেট : ২৮ নভেম্বর, ২০২৬, ১২:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাজেকে এক মাস ধরে অবরোধ, পর্যটকশূন্যতায় চরম খাদ্যসংকটে পাহাড়ের মানুষ

কংলাক পাহাড় থেকে তাকালে ভারতের মিজোরাম দেখা যায়। দুই দেশের সীমান্ত অতটা সুরক্ষিত নয়। তাই উভয় দেশের মানুষের সীমান্তের উভয় দিকে আনাগোনা চলে। সম্ভবত ট্রিমের লেখাপড়া, ইংরেজি শেখা সেখানেই। ভারতীয় পণ্যও সহজেই পাওয়া যায় সাজেকের সর্বত্র। সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৪০০ ফিট ওপরে সবুজ পাহাড়ের নয়নাভিরাম দৃশ্য, মেঘ ছুঁয়ে দেখা এবং প্রাণ জুড়ানো হিমেল হাওয়ার অনুভব সাজেককে বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্রে পরিণত করেছে। রাঙামাটি জেলায় অবস্থিত হলেও খাগড়াছড়ির সঙ্গে যোগাযোগ সুবিধাজনক। রাজধানী ঢাকা থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বের সাজেক এ সময়ে দেশি-বিদেশি পর্যটকে ঠাসা থাকে। কিন্তু এক মাস যাবৎ পাহাড়ি একটি সশস্ত্র গোষ্ঠীর অবরোধের কারণে পর্যটন হাব এখন পর্যটনশূন্য। সূত্র: বাংলাদেশ প্রতিদিন

লুসাই সম্প্রদায়ের যুবক ট্রিমের সঙ্গে কথা হচ্ছিল সাজেকের কংলাক পাহাড়ের ওপরে বসে। তাঁর পুরো পরিবার এ পাহাড়ে বাস করে। পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ পাহাড়ের পৃথক অংশে বাস করে। লুসাই সম্প্রদায়ের মানুষের বাস পাহাড়ের চূড়ায়। কোনো কোনো সম্প্রদায় বাস করে নিচের দিকে। ট্রিমের মা বয়স্ক হলেও শারীরিকভাবে বেশ শক্তসমর্থ। কুড়াল দিয়ে কাঠ কেটে লাকড়ি করছেন। বোন করছেন ব্যক্তিগত সুচের কাজ। ট্রিমও কাঠের কাজ করছেন। পুরো পরিবারের কেউই বাংলা তেমন বলতে পারেন না। নিজেদের ভাষার বাইরে অনর্গল ইংরেজি বলতে পারেন।

ট্রিম তাঁর ‘ছিপ্পু ক্যাফে’ নামের দোকানে বসে কষ্টের কথা জানালেন। তিনি বলেন, ‘আমি এ দোকানের মালিক। প্রায় এক মাস যাবৎ আমাদের এখানে কোনো পর্যটক নেই। কোনো পর্যটক এখানে আসছেন না। এখানে অনেক মানুষ খুব কষ্টে আছে। আমাদের ঘরে খাবার কিছু নেই। শাকসবজি, মাছ, মাংস কিছুই নেই। আমরা বাজারে যেতে পারছি না। চাল কিনতে পারছি না। এই অবরোধের আগে আমরা খাগড়াছড়ি গিয়ে খাবার কিনতে পারতাম। এখন সেটাও পারছি না।’

‘আমাদের কাছে অর্থও নেই। আমাদের দোকানে আগে কেনা কোল্ড ড্রিংসগুলো মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। বিক্রি করতে পারিনি। আমরা অনেক ভোগান্তিতে আছি,’ বলেন ট্রিম।

Advertisement

খাদ্যসংকটে পরিস্থিতি যে কতটা ভয়াবহ তা ফুটে উঠেছে অনিল ত্রিপুরা নামে এক কারবারির মুখে। সাজেকে দাঁড়িয়ে এই ব্যবসায়ী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘সকালে আসছিল আমাদের কাছে দুইটা পরিবার। কালকে থেকে নাকি না খেয়ে আছে। আমি আমার পক্ষ থেকে দুই কেজি করে চাল দিয়েছি। পর্যটক আসতে পারে না অবরোধের কারণে। এজন্য খাদ্যসংকটে পড়ে গেছে। সাজেকে যারা থাকেন তারা পর্যটনের ওপর নির্ভরশীল।’

তিনি আরও বলেন, ‘পর্যটক না আসার কারণে অনেক কষ্ট করে জীবনযাপন করছি। ইউপিডিএফের দাবি হচ্ছে-জেএসএসকে এলাকা থেকে সরিয়ে নিতে হবে। এটা তো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। এরা দুই গোষ্ঠীই (জেএসএস ও ইউপিডিএফ) সন্ত্রাসী।’ তিনি সরকারের কাছে দ্রুত সাজেক খুলে দেওয়ার আহ্বান জানান। অনিল কারবারি অনেকটা ভয়ে ভয়ে স্বীকার করেন, ‘সশস্ত্র গোষ্ঠী চাঁদা চাইলে তা দিতে হয়। তারা চাঁদা নিতে আসে না। আমরা নিজেরা গিয়ে চাঁদা দিয়ে আসি। করার কিছু নাই।’

কংলাক পাহাড়ের হেডম্যান রোজী লুসাই বলেন, ‘আমরা খুবই কঠিন সময় অতিবাহিত করছি। আমাদের কাছে খাদ্যশস্যের কোনো সরবরাহ নেই। অবরোধের কারণে রিসোর্ট মালিক, কৃষক সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই আমরা সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের কাছে সরবরাহের বাধা অপসারণ এবং পর্যটকদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করার আহ্বান জানাই।’

খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার পথে গুরুত্বপূর্ণ উজুবাজার এলাকায় অবরোধ করছে ইউপিডিএফ। এ বাজার থেকে বিভিন্ন ফল ও কৃষিসামগ্রীর সরবরাহ সাজেক পর্যটন হাবে যায়। অবরোধের কারণে শাকসবজি ও ফলমূল পচে যাচ্ছে। কৃষক দাম পাচ্ছেন না।

জানতে চাইলে খাগড়াছড়ির জাতীয় সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁইয়া বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘একটা অযৌক্তিক দাবিতে এ অবরোধ। দুই সশস্ত্র গোষ্ঠীর আধিপত্যের লড়াইয়ে তথাকথিত অবরোধ ডাকা হয়েছে। এ অঞ্চলে ভারতের সীমান্ত পর্যন্ত সশস্ত্র গোষ্ঠী ইউপিডিএফের আধিপত্য ছিল। গত এক বছর দুই গোষ্ঠীর মধ্যে লড়াই হয়েছে। ইউপিডিএফকে হটিয়ে সন্তু লারমার জেএসএস দখলে নিয়েছে। এখান থেকে ইউপিডিএফ কোটি কোটি টাকার চাঁদা তুলেছে। জেএসএসের হাত থেকে জায়গাটি পুনরায় উদ্ধার করে ইউপিডিএফকে দেওয়ার জন্য তারা অবরোধ ডেকেছে।’

ওয়াদুদ ভূঁইয়া প্রশ্ন রাখেন, ‘সেনাবাহিনী কি কোনো একটা সশস্ত্র গোষ্ঠীর পক্ষ নিয়ে আরেক বাহিনীর বিরুদ্ধে অভিযান চালাতে পারে? সরকার অভিযান চালালে সব অবৈধ অস্ত্রধারীর বিরুদ্ধে চালাবে। জনগণ এ অবরোধ পালন করতে চায় না। অস্ত্রের ভয়ে অবরোধ হচ্ছে। আমি অবরোধকারী গ্রুপ, সন্তু লারমা, স্থানীয় কারবারিদের সঙ্গে বৈঠক করেছি। আমি আন্তরিকভাবে সাজেক খুলে দিতে চাই। প্রয়োজনে বৃহত্তর প্রচেষ্টার মাধ্যমে সাজেক খুলে দেওয়া হবে।’

কারা অবরোধ ডেকেছে, কেন : পার্বত্য চট্টগ্রামে দুটি সশস্ত্র গোষ্ঠী সবচেয়ে বড়। একটি সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর এই গ্রুপটির সঙ্গে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি সই করে তৎকালীন সরকার। অন্যদিকে শান্তিচুক্তির বিরোধী গোষ্ঠীর নাম ইউনাইটেড পিপলস ডেভেলপমেন্ট ফ্রন্ট (ইউপিডিএফ)। শান্তিচুক্তির ২৯ বছর পরও গ্রুপগুলো অস্ত্র সমর্পণ করেনি। তারা পরস্পরের মধ্যে আধিপত্য বিস্তারের লড়াইয়ে লিপ্ত হয়। কখনো কখনো সেনাবাহিনীর সঙ্গে গুলিবিনিময় করে। তারা নিজস্ব অস্ত্রধারী বাহিনী, গোয়েন্দা নেটওয়ার্ক ও করব্যবস্থা গড়ে তুলেছে। জনগণের কাছ থেকে অস্ত্রের মুখে চাঁদাবাজি করে। এ অর্থের একটা বড় অংশ ব্যয় হয় অবৈধ অস্ত্র কেনায়। তাই দুর্গম পাহাড়ে যাদের আধিপত্য বেশি তারা বেশি অর্থ চাঁদাবাজি করতে পারে।

জেএসএস ও ইউপিডিএফ উভয়ের টার্গেট সাজেক অঞ্চলের নিয়ন্ত্রণ গ্রহণ। কারণ সাজেকে প্রায় ৫০০ রিসোর্ট ও হোটেল গড়ে উঠেছে। এ পর্যটন হাব ঘিরে বিপুল অর্থনৈতিক কর্মকাণ্ড চলে এ অঞ্চলে বিধায় একে ঘিরে আধিপত্যের লড়াই। সাজেক অঞ্চলে এতদিন ইউপিডিএফের নিয়ন্ত্রণ ছিল। এখন সেখানে ইউপিডিএফকে হটিয়ে ঢুকেছে জেএসএস।

সাজেক পর্যটনকেন্দ্রটি কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ। এ অঞ্চলের সঙ্গে ভারতের মিজোরামের সীমান্ত থাকায় সশস্ত্র গোষ্ঠীগুলো সীমান্তের ওপারে থাকা বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক গড়ে তোলায় সুবিধা হয়ে থাকে। গত ২১ অক্টোবর হঠাৎ ইউপিডিএফ অবরোধ আরোপ করলে সাজেকে বেড়াতে আসা বিপুলসংখ্যক পর্যটক আটকা পড়েন। সেনাবাহিনী পর্যটকদের বিশেষ ব্যবস্থায় উদ্ধার করে। 

  • সর্বশেষ