হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের অর্থ লেনদেন না করার বিষয়ে কঠোর সতর্কতা জারি করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত উপজেলা কমিটির সভাপতি দবির উদ্দিন তার অফিশিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেন।
উপজেলা সমাজসেবা কার্যালয়, সালথার স্মারকে জারি করা ওই গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নে গত ১২ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ থেকে সালথা উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় খানা বা পরিবারের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উপজেলায় ৬৮ জন তথ্য সংগ্রহকারী এবং ৭ জন সুপারভাইজার পরিচয়পত্রসহ মাঠে কাজ করছেন। তারা মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে বিশেষায়িত ট্যাবলেট ডিভাইসের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে সরাসরি তথ্য সংগ্রহ ও অনলাইন ডেটাবেজে সংযুক্ত করছেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সংগৃহীত তথ্য থেকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রণীত বৈজ্ঞানিক ও বস্তুনিষ্ঠ প্রক্সি মিন্স টেস্ট (পিএমটি) পদ্ধতি অনুসরণ করে পরিবারের স্থাবর-অস্থাবর সম্পদ, আয়ের উৎস ও জীবনযাত্রার মান বিশ্লেষণ করা হবে। প্রাপ্ত স্কোরের ভিত্তিতে পাঁচটি কোয়াইন্টাইলে (Quintile) বিন্যাস করে খানার আয় ও ব্যয়ের মান অনুযায়ী অর্থনৈতিক শ্রেণি নির্বাচনপূর্বক ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এখানে কোনো তথ্য সংগ্রহকারী বা কর্তৃপক্ষের বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই; সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে উপযুক্ত পরিবার নির্বাচিত হবে।
সেবাটি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, তালিকাভুক্তি বা এ সংক্রান্ত যেকোনো সেবার জন্য সমাজসেবা কার্যালয় বা জরিপকাজে নিয়োজিত কারও কাছে অর্থ, ফি বা বকশিসের নামে কোনো সুবিধা নেওয়ার সুযোগ নেই। কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা দালালচক্র ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়া কিংবা জরিপে সহযোগিতার নামে অর্থ দাবি করলে বা প্রতারণার চেষ্টা করলে তাদের সঙ্গে কোনো অর্থ লেনদেন না করতে সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া কার্ডের কার্যক্রম ঘিরে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে সালথা উপজেলা নির্বাহী অফিসার বা উপজেলা সমাজসেবা অফিসারকে জানানোর আহ্বান জানানো হয়েছে। প্রতারণা ও অর্থ লেনদেনে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।