শিরোনাম
◈ গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেব কীভাবে দুশ্চিন্তায় আছি: শিক্ষামন্ত্রী ◈ গুলির মুখে ইরানের আকাশসীমা থেকে সরে যেতে বাধ্য হয়েছে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ◈ মিস ইউনিভার্সে মূল মুকুট না জিতেও দুই বিভাগে সেরা বাংলাদেশের সামিরা খান মাহি ◈ মুশ‌ফিকুর র‌হিম অবসরে যাচ্ছেন, ঘোষণা দিলেন বি‌সি‌বি সভাপ‌তি তামিম ইকবাল ◈ মেয়াদ ‌শেষ হওয়ার আ‌গেই ক্ষ‌তিপূরণ দি‌য়ে সিমন্সকে বিদায় করতে প্রস্তুত বিসিবি, নতুন কোচ হয়ে আস‌ছেন জোনাথন ট্রট? ◈ রেলওয়ে স্টেশনের নিরাপত্তায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন, নজরদারিতে ৩৮ গুরুত্বপূর্ণ স্টেশন ◈ ‌নিউজিল‌্যা‌ন্ডের বিপ‌ক্ষে টেস্ট দল ঘোষণা ক্রিকেট অ‌স্ট্রেলিয়ার ◈ এলএনজি আমদানিতে বিপুল ব্যয়ের ঝুঁকিতে বাংলাদেশ ◈ শীতে গরম হ‌চ্ছে রাজনীতির মাঠ, সতর্ক সরকার ◈ আগামী এপ্রিলে ঢাকা মাতাতে আসছেন শাকিরা!

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৬, ০৭:১৬ বিকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২৬, ০৭:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজহারীর তাফসির মাহফিল ঘিরে রাজশাহীতে ৬৫ নারী পকেটমার আটক

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলকে কেন্দ্র করে পকেটমার চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৬৫ নারীকে আটক করেছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (২৮ নভেম্বর) মাহফিলস্থল ঐতিহাসিক মাদ্রাসা মাঠ ও এর আশপাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও ডিবির উপপুলিশ কমিশনার গাজিউর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক নারীরা দেশের বিভিন্ন স্থান থেকে রাজশাহীতে এসেছেন। তাদের মূল উদ্দেশ্য ছিল তাফসির মাহফিলে আসা বিপুলসংখ্যক মানুষের ভিড়কে কাজে লাগিয়ে পকেটমারি করা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়, বড় ধরনের জনসমাগমকে কেন্দ্র করে পকেটমার চক্রের তৎপরতা বাড়ার আশঙ্কা ছিল। এ কারণে মাহফিলস্থল ও আশপাশের এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ৬৫ নারীকে আটক করা হয়। 
গাজিউর রহমান আরও বলেন, গ্রেপ্তার  ৬৫ জন নারী বাদেও আরও বেশকিছু পুরুষ পকেটমারও গ্রেপ্তার হয়েছেন। আমরা যাচাইয়ের পর বিস্তারিত জানাতে পারবো। 

শনিবার বিকেল ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদের উদ্যোগে এ তাফসির মাহফিল শুরু হওয়ার কথা রয়েছে। মাহফিলে প্রধান বক্তা হিসেবে বয়ান রাখবেন বিশিষ্ট ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারী।

Advertisement

রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর। আয়োজকদের প্রত্যাশা, মাহফিলে রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটতে পারে।

বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি বিবেচনায় মাহফিলস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।

এদিকে তাফসির মাহফিলকে কেন্দ্র করে মাদ্রাসা মাঠের আশপাশে বসানো অস্থায়ী দোকানপাটে চাঁদাবাজির অভিযোগ উঠেছে স্থানীয় কিছু যুবকের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, মাহফিল উপলক্ষে দোকান বসানোকে কেন্দ্র করে ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্নভাবে অর্থ আদায়ের চেষ্টা করা হচ্ছে।

এ ঘটনায় রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক জসিমউদদীন চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংশ্লিষ্টদের মতে, বড় ধর্মীয় আয়োজনকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল এবং নিরাপদ পরিবেশ বজায় রাখা জরুরি। একই সঙ্গে পকেটমারি, চাঁদাবাজি ও যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।

সব মিলিয়ে ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলকে কেন্দ্র করে রাজশাহীতে ব্যাপক জনসমাগমের প্রস্তুতির পাশাপাশি নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ সতর্কতা দেখা যাচ্ছে।

  • সর্বশেষ