শিরোনাম
◈ মেয়াদ ‌শেষ হওয়ার আ‌গেই ক্ষ‌তিপূরণ দি‌য়ে সিমন্সকে বিদায় করতে প্রস্তুত বিসিবি, নতুন কোচ হয়ে আস‌ছেন জোনাথন ট্রট? ◈ রেলওয়ে স্টেশনের নিরাপত্তায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন, নজরদারিতে ৩৮ গুরুত্বপূর্ণ স্টেশন ◈ ‌নিউজিল‌্যা‌ন্ডের বিপ‌ক্ষে টেস্ট দল ঘোষণা ক্রিকেট অ‌স্ট্রেলিয়ার ◈ এলএনজি আমদানিতে বিপুল ব্যয়ের ঝুঁকিতে বাংলাদেশ ◈ শীতে গরম হ‌চ্ছে রাজনীতির মাঠ, সতর্ক সরকার ◈ আগামী এপ্রিলে ঢাকা মাতাতে আসছেন শাকিরা! ◈ মোবাইল কোর্ট পরিচালনায় আলাদা পুলিশ চান ইউএনওরা ◈ বৈবাহিক ধর্ষণ অপরাধ হিসেবে স্বীকৃত নয় বহু দেশে, সহিংসতার হার বৈশ্বিক গড়ের চেয়ে ৩৫% বেশি ◈ যে ৩৪ দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা ◈ লোকাল এলসি তথ্য আদান-প্রদানে বাংলাদেশ ব্যাংকের নতুন প্ল্যাটফর্ম ‘বার্তা’, বছরে সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৬, ০৬:২৯ বিকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২৬, ০৬:২৯ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

শীতে গরম হ‌চ্ছে রাজনীতির মাঠ, সতর্ক সরকার

ডেস্ক রি‌পোর্ট: শীত মৌসুম শুরুর সঙ্গে সঙ্গে দেশের রাজনীতিতে উত্তাপ ছড়ানোর আভাস মিলছে। বিজয়ের মাস ডিসেম্বর ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা এবং গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, সব মিলিয়ে রাজপথে পাল্টাপাল্টি অবস্থানের প্রস্তুতি নতুন করে সরব করে তুলেছে রাজনৈতিক অঙ্গনকে।

পরিস্থিতি বিবেচনায় আইন-শৃঙ্খলা রক্ষা, সীমান্ত ও বিমানবন্দরের নিরাপত্তা জোরদারসহ সার্বিক বিষয় নিয়ে সতর্ক অবস্থানে সরকার। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ ও জাতীয় ঐক্য বজায় রাখার উদ্যোগও চলছে। যেন শীতে গরম রাজনীতি নিয়ে সতর্ক সরকার। বিশ্লেষণে দেখা গেছে, উদ্ভূত পরিস্থিতিকে ক্ষমতাসীন দল বিএনপি স্বাভাবিকভাবে নিচ্ছে না। --- সূত্র, কা‌লেরকণ্ঠ

ফলে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সাংগঠনিকভাবে মাঠের কর্মসূচিও দেওয়া হয়েছে। ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সমর্থকদের নাশকতা মোকাবেলায় তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বাড়াতে ‘বিশেষ টিম’ গঠন করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। 

এ ছাড়া যুবদলকে সারা দেশে টিম গঠনের সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে। সহিংসতা, নাশকতা ও অস্থিতিশীলতা এড়াতে সরকারকে একদিকে প্রশাসনিক, অন্যদিকে রাজনৈতিক—দুই দিক থেকেই সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে।

Advertisement

সূত্র মতে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের জনগণকে সঙ্গে নিয়েই মোকাবেলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অলআউট পরিকল্পনার মধ্য দিয়ে তাদের সব ষড়যন্ত্র অতীতের মতোই রুখে দেওয়া হবে। আইনি প্রক্রিয়ার পাশাপাশি রাজপথেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাজনীতিতে ফিরতে হলে আওয়ামী লীগকে জনগণের কাছে অতীত অপরাধের জন্য ক্ষমা চাইতে হবে, অপরাধীদের আইনের মুখোমুখি হতে হবে। এর বাইরে বিকল্প পথ নেই।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ডিসেম্বর শুধু বিজয় উদযাপনের মাস নয়, রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক সক্ষমতা, জনসমর্থন এবং রাজপথের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরীক্ষার মাসও। ডিসেম্বরে কে কত বড় সমাবেশ করল, কার মিছিলে কত মানুষ নামল—সেটিই শেষ কথা নয়। বরং রাজনৈতিক দলগুলো কতটা দায়িত্বশীল আচরণ করল, সরকার কতটা নিরপেক্ষভাবে আইন প্রয়োগ করল এবং জাতীয় স্বার্থে কতটা ঐকমত্য তৈরি করতে পারল, তার ওপরই নির্ভর করবে আগামী দিনের রাজনৈতিক স্থিতিশীলতা।

আবার কেউ কেউ বলছেন, শেখ হাসিনাকে নিয়ে অতিরিক্ত রাজনৈতিক তৎপরতা না দেখিয়ে বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভারত সরকারের মনোযোগ দেওয়া উচিত। কারণ শেখ হাসিনার সরকারের আমলে জুলাই আন্দোলনে এক হাজার ৪০০ নিরীহ নাগরিক হত্যার বিষয়টি আন্তর্জাতিক পর্যায়েও আলোচিত। জাতিসংঘের উদ্বেগ এবং আন্তর্জাতিক বিভিন্ন মহলে এ নিয়ে আলোচনা আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থানকে আরো প্রশ্নবিদ্ধ করেছে। 

গোপালগঞ্জ ও মাদারীপুরের সহিংসতা আন্তর্জাতিক অঙ্গনেও নেতিবাচক প্রভাব ফেলেছে। নতুন সরকার ও জাতীয় সংসদের কার্যক্রম বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য হুমকি। তবে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ অবস্থান এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় সহায়ক হবে। ফলে মতপার্থক্য থাকলেও এ পরিস্থিতিতে জাতীয় স্বার্থে জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর ঐক্য ধরে রাখা জরুরি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. শামসুল আলম  বলেন, ‘বাস্তবতার নিরিখে বিচার-বিশ্লেষণ করলে সচেতন নাগরিকরা কিন্তু কোনো অবস্থাতেই বিশ্বাস করছেন না পলাতক শেখ হাসিনা দেশে আসবেন বা ভারত সরকার তাঁকে ফেরত পাঠাবে। নেতাকর্মীদের এবং আন্তর্জাতিক বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে স্ট্যান্টবাজি করছেন উনি। যেটা করতে গিয়ে তিনি যেভাবে তাঁর নেতাকর্মীদের সহিংসতার দিকে ঠেলে দিয়েছেন, সেটি এখন তাঁর রাজনীতির জন্য বুমেরাং হয়ে গেছে।

তিনি বলেন, কারণ উনাদের একটা সেমিনারেই মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা দেখলাম, হ্যারি থমাস একটা সেমিনারে এসেছিলেন, জুলাইয়ে শেখ হাসিনার সরকার দ্বারা এক হাজার ৪০০ জন নিরীহ নাগরিককে হত্যার বিষয়টি তিনি কিন্তু তুলে ধরেছিলেন। কাজেই সার্বিক বিষয়গুলো, গোপালগঞ্জের সহিংসতা বা মাদারীপুরের সহিংসতা এগুলো করে বরং আওয়ামী লীগের রাজনীতি বুমেরাং হয়েছে।

পরিস্থিতি মোকাবেলায় বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে সংগঠন পুনর্গঠনের পাশাপাশি মাঠের কর্মসূচিতেও মনোযোগ দেওয়া হয়েছে। ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচি শুরু হবে। এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় সরকার কোনো ধরনের চাপ অনুভব করছে না। তিনি নভেম্বর মাসে ফেরার কথা বলেছিলেন, পরে ডিসেম্বর এবং এখন ১৬ ডিসেম্বরের কথা বলছেন। তাঁর দেশে প্রত্যাবর্তনের বিষয়ে ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী কূটনৈতিক প্রক্রিয়া চলমান রয়েছে। এ বিষয়ে সরকার নিয়মতান্ত্রিকভাবে কাজ করছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, ‘আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পূর্বঘোষিত মহাসমাবেশ হবে। মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই মহাসমাবেশ হবে। এতে সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করবেন জাসাসসহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা।’

তিনি বলেন, ‘১ ডিসেম্বর দুপুর ২টা থেকে মহাসমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।’ রুহুল কবীর রিজভী বলেন, ‘কোনো আধিপত্যবাদী শক্তির সহায়তায় শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন না। জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের জবাবদিহি ছাড়া তাঁর ফেরার সুযোগ নেই।’

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘বাংলাদেশের ঋতুতে ডিসেম্বর মাসে শীত একটু বাড়ে। ডিসেম্বরে মুক্তিযুদ্ধের বিজয় এসেছে। বাংলাদেশ স্বাধীন মানচিত্র পেয়েছে, নতুন সরকার ব্যবস্থা পেয়েছে। আমি দেখছি, ডিসেম্বর হলো বিজয় দিবস, জাতীয় দিবসের উৎসব পালনের জন্য। ১৬ ডিসেম্বর হানাদার বাহিনীর আত্মসমর্পণ দিবস, ৩০ ডিসেম্বর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী। এসব নিয়ে আমরা (বিএনপি) তৎপরতার মধ্যে আছি। এ ছাড়া ডিসেম্বরে আর কী হবে...? আর তো কিছু নেই ডিসেম্বরে।

সরকারের সামনে তিনটি বড় চ্যালেঞ্জ : রাজনৈতিক বিশ্লেষণে ডিসেম্বর ঘিরে সরকারের সামনে তিনটি বড় চ্যালেঞ্জ আছে। প্রথমত, আওয়ামী লীগের অপতৎপরতা, নৈরাজ্য ও সহিংসতা মোকাবেলা। দ্বিতীয়ত, জামায়াত নেতৃত্বাধীন জোটের সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবির বিষয়ে রাজনৈতিক সমঝোতা তৈরি। তৃতীয়ত, ক্ষমতাসীন দলের সাংগঠনিক কর্মসূচির সঙ্গে রাষ্ট্র পরিচালনার দায়িত্বের ভারসাম্য রক্ষা।

এ ছাড়া দ্রব্যমূল্য, কর্মসংস্থান, শ্রমিকদের মজুরি, শিল্পাঞ্চলের অস্থিরতা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ও রাজনৈতিক পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে। এসব ইস্যুতে সরকার দৃশ্যমান অগ্রগতি দেখাতে না পারলে বিরোধী দলগুলোর জন্য জনসমর্থন বাড়ানোর সুযোগ তৈরি হবে।

ক্ষমতায় আসার পর প্রথম বিজয় দিবস ঘিরে ব্যাপক কর্মসূচি নেওয়ার প্রস্তুতি নিয়েছে বিএনপি। ১ ডিসেম্বর মহাসমাবেশের মধ্য দিয়ে শুরু হবে মাসব্যাপী কর্মসূচি। আলোচনাসভা, বিজয় শোভাযাত্রা, সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অঙ্গসংগঠনগুলোর পৃথক কর্মসূচি পালনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দল এবং অঙ্গসংগঠনের নেতাদের পৃথক কর্মসূচি প্রণয়নের নির্দেশ দিয়েছেন। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনগুলোকে মাঠে সক্রিয় রাখার পরিকল্পনা রয়েছে। তবে আওয়ামী লীগের কর্মসূচির পাল্টা কর্মসূচি কিংবা পাড়া-মহল্লায় পাহারার ব্যবস্থা করার পরিবর্তে নিজেদের রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে সক্রিয় থাকার কৌশল নিয়েছে দলটি।

সমঝোতার পরীক্ষাও ডিসেম্বর, রাজনৈতিক সমীকরণে বাড়ছে নতুন হিসাব : ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোকে এক মঞ্চে আসতে প্রধানমন্ত্রী তারেক রহমান আহবান জানিয়েছেন। এরই মধ্যে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঐক্যের প্রশ্নে শর্ত জুড়ে দিলেও ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন দলটির দায়িত্বশীল নেতারা। এ ছাড়া যেকোনো দিন প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠক হতে পারে বলে জানা গেছে।

অধ্যাপক মো. শামসুল আলম বলেন, ‘বিএনপি সাংগঠনিক তৎপরতা বাড়িয়েছে। জামায়াত, খেলাফত মজলিস ও এনসিপিও মাঠে সক্রিয় রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরো সতর্ক হতে হবে। একই সঙ্গে ভারতের প্রতি জনগণ-জনগণ সম্পর্ক ও পারস্পরিক সমতার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে হবে।

জামায়াতের ৪০ দিনের কর্মসূচি, চাপ বাড়বে রাজনীতিতে : বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামীও ডিসেম্বরকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচনা করছে। ৩১ ডিসেম্বর পর্যন্ত ৪০ দিনের কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী। এতে সমাবেশ, মিছিল, আলোচনাসভা ও সামাজিক কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং সাংবিধানিক সংস্কারের দাবিতে ১১ দলীয় জোটের রাজনৈতিক তৎপরতাও অব্যাহত রয়েছে। ডিসেম্বরজুড়ে এসব দাবিতে কর্মসূচি জোরদার হলে সরকারের ওপর রাজনৈতিক চাপ বাড়তে পারে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা ঘিরে উদ্বেগ : ডিসেম্বরের রাজনীতিতে সবচেয়ে বড় অনিশ্চয়তার জায়গা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে এরই মধ্যে গোপালগঞ্জে সন্ত্রাস ও তাণ্ডব চালিয়েছে আওয়ামী লীগ—এমন অভিযোগ রয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে মিছিল, বিক্ষোভ ও সহিংসতার অভিযোগ উঠেছে।

বিএনপি নেতারা বলেছেন, আওয়ামী লীগের সন্ত্রাস, নাশকতা প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিকভাবে সক্রিয় থাকতে হবে। তবে সরকার ও বিএনপির অবস্থান হচ্ছে, শেখ হাসিনার দেশে আসার বিষয়টি আইন ও বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির আলোকে বিবেচিত হবে।

অধ্যাপক মো. শামসুল আলম বলেন, ‘ডিসেম্বর ঘিরে লকডাউন ও সহিংস কর্মসূচির হুমকি দিয়ে জনগণের সমর্থন আদায় সম্ভব নয়; বরং জুলাই গণ-অভ্যুত্থানের শক্তিগুলোর ঐক্য এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্য ও সংলাপের উদ্যোগ এ ধরনের অপতৎপরতাকে দুর্বল করবে।

  • সর্বশেষ