দেশের বিভিন্ন স্থানে বাস, রাজনৈতিক কার্যালয় ও জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পিরোজপুরের মঠবাড়িয়া, নাটোর ও রাজধানীর বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। এর মধ্যে কয়েকটি ঘটনায় দুর্বৃত্তদের নাশকতার আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন ও পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা পরিষদের কাছেই বাসস্ট্যান্ডে পার্কিংয়ে রাখা আরাফাত পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। বাসটির পেছনের দিকের আসনে আগুন দেখতে পেয়ে অন্য বাসের হেলপারসহ স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সোহেল আহমেদ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রাব্বি ও থানা-পুলিশের সদস্যরা। ইউএনও জানান, কে বা কারা আগুন লাগিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নাশকতার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হতে পারে বলে ধারণা করছেন তিনি।
এদিকে নাটোরে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে শহরের ভবানীগঞ্জ মোড়ে সরকারি গণগ্রন্থাগারের সামনে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মুখোশ পরা এক যুবক স্মৃতিস্তম্ভের গোড়ায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছেন। স্থানীয় কয়েকজনের দাবি, দুই যুবক এ ঘটনায় জড়িত ছিলেন।
টহলরত পুলিশ সদস্যরা আগুন দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তা নিয়ন্ত্রণে আনেন। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।
অন্যদিকে রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে বিএনপির একটি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তুরাগ থানার ডিউটি অফিসারও এ বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি।
এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা থেকে রাতের মধ্যে রাজধানীর মিরপুর, উত্তর বাড্ডা ও কালশী এলাকায় তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুরের পল্লবীর ১১ নম্বর সেকশনের বিহারি মিল্লাত ক্যাম্পসংলগ্ন সড়কে দাঁড়িয়ে থাকা মধুমতি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা বালু ও পানি দিয়ে আগুন নেভান। এতে বাসটির কয়েকটি আসন পুড়ে যায়।
রাত ৯টা ৫০ মিনিটের দিকে উত্তর বাড্ডায় আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সবশেষ রাত সাড়ে ১১টার দিকে মিরপুরের কালশী রোডের সিরামিকের সামনে বিহঙ্গ পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেওয়া হয়। যাত্রী নামিয়ে স্ট্যান্ডে যাওয়ার পথে বাসটিতে আগুন দেওয়া হয়। এতে বাসটির আসন ও ওপরের অংশ পুড়ে যায়। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।
এসব ঘটনায় সংশ্লিষ্ট থানা-পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।