স্পোর্টস ডেস্ক : ক্রিকেট মাঠে ব্যাট হাতে ঝড় তোলার জন্য বৈভব সূর্যবংশীর নতুন করে পরিচয়ের প্রয়োজন নেই। মাত্র ১৫ বছর বয়সেই একের পর এক রেকর্ড গড়ে আলোচনায় ভারতের এই বিস্ময়বালক। এবার তাঁর অবিশ্বাস্য ব্যাটিংয়ে মুগ্ধতা প্রকাশ করলেন অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি।
সম্প্রতি দোহায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারত 'এ' দলের হয়ে মাত্র ৫৩ বলে ২০৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন সূর্যবংশী। তাঁর ব্যাটিং তাণ্ডবে ভেঙেছে লিস্ট 'এ' ক্রিকেটের একাধিক রেকর্ড। সূর্যবংশীর বিধ্বংসী ইনিংসকেই ভিডিও গেমের সঙ্গে তুলনা করেছেন শামি। তরুণ এই ব্যাটারের সামর্থ্য সত্যিই কল্পনার বাইরে বলেও মনে করেন এই ভারতীয় পেসার। -- ডেইলি ক্রিকেট
শামির ভাষায়, ওর ইনিংসটা ছিল কল্পনারও বাইরে। ও এমনভাবে খেলেছে, যেন ভিডিও গেম খেলছে। ভাবতেই পারবেন না, একটি দল ২০০-২৫০ রান তাড়া করতে নেমে ১৪-১৫ ওভারেই ম্যাচ শেষ করে দিচ্ছে।
আগামী আইপিএলে রাজস্থান রয়্যালসে একই দলে খেলবেন শামি ও সূর্যবংশী। লখনউ সুপার জায়ান্টস থেকে ট্রেড হয়ে রাজস্থানে যোগ দিয়েছেন ভারতীয় এই পেসার। ফলে, তরুণ এই সতীর্থকে আরও কাছ থেকে দেখার সুযোগ পাবেন তিনি।
সূর্যবংশীর ব্যাটিং সামর্থ্য নিয়ে শামি বলেন, ‘এর আগে আমরা ওর শট খেলার সামর্থ্য দেখেছি। আশা করি, নিজের পছন্দের জায়গায় যেভাবে ও শট খেলতে উপভোগ করে, সেটি দীর্ঘদিন ধরে রাখতে পারবে এবং দলের হয়ে নিয়মিত পারফর্ম করে যাবে।’
এদিকে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে এখন সাদা বলের ক্রিকেটে মনোযোগ দিচ্ছেন শামি। ভারতের হয়ে ফেরার চিন্তা মাথায় থাকলেও আপাতত ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে নিজের ছন্দ ধরে রাখতে চান তিনি।