খুলনায় দুর্বৃত্তদের গুলিতে আলোচিত চয়নিকা ফার্মেসির মালিকের ছেলে জারিফুজ্জামান ওরফে জারিফ (৩৩) আহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডে ফার্মেসির ভেতরে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা।
এর আগে চাঁদা না পেয়ে নগরীর আরও দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি চালানোর অভিযোগ উঠেছে একটি সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে। আহত জারিফুজ্জামান চয়নিকা ফার্মেসির মালিক এ বি এম দৌলতুজ্জামানের ছেলে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে কয়েকজন দুর্বৃত্ত চয়নিকা ফার্মেসিতে প্রবেশ করে জারিফকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে তার বাঁ পায়ের উরুতে গুলি লাগে। দুর্বৃত্তরা হেলমেট পরিহিত ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রাত ৮টার দিকে বলেন, ‘জারিফুজ্জামানের বাম পায়ের উরুতে গুলি লেগেছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে।’
এর আগে গত ২৪ অক্টোবর সন্ধ্যায় চয়নিকা ফার্মেসির ম্যানেজার বাবুর মোবাইল ফোনে কল করে একটি সন্ত্রাসীবাহিনীর প্রধান পরিচয়ে ২০ লাখ টাকা ও ১০টি মোটরসাইকেল চাঁদা দাবি করা হয়। একই সঙ্গে বিষয়টি প্রতিষ্ঠানের মালিককে জানাতে বলা হয়। জবাবে বাবু বলেন, ‘আমি এ প্রতিষ্ঠানের কর্মচারী, আমাকে বলে কোনো লাভ নেই।’
এর দুদিন পর ওই বাহিনীর দুই সদস্য সরাসরি ফার্মেসিতে গিয়ে ম্যানেজার বাবুর সঙ্গে দেখা করেন। তারা আবারও চাঁদা দাবি করেন। টাকা না দিলে প্রতিষ্ঠানের মালিককে হত্যার হুমকিও দেন। এরপর আতঙ্কে ২৬ অক্টোবর ফার্মেসিটি বন্ধ করে দেওয়া হয়। ১৭ দিন বন্ধ থাকার পর গত ১৪ নভেম্বর সন্ধ্যায় পুলিশের আশ্বাসে দোকানটি আবার খোলা হয়। তবে খোলার মাত্র ১৩ দিনের মাথায় সেখানে গুলির ঘটনা ঘটল।
এলাকার কয়েকজন বাসিন্দার অভিযোগ, টুটপাড়া সেন্ট্রাল রোড এলাকায় কিশোর গ্যাং ও অপরাধী চক্রের তৎপরতায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের দাবি, প্রায় এক মাস আগে ‘সেই স্বাদ’ বিরিয়ানির মালিকের কাছেও চাঁদা দাবি করা হয়েছিল। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিরা সেখানে নিয়মিত যাতায়াত করতেন।
এদিকে, চাঁদা না পেয়ে নগরীর লবণচরা থানা এলাকার আরও দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি চালানোর অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠান দুটি হলো হঠাৎ বাজারের একটি তুষকাঠ মিল ও একটি চানাচুর কারখানা।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কয়েক দিন ধরে স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনীর প্রধান হঠাৎ বাজারের তুষকাঠ মিলে চাঁদা দাবি করে আসছিলেন। মালিকপক্ষ চাঁদা দিতে অস্বীকার করায় শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে মিলটি লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়া হয়। তবে ভোরে শ্রমিকরা ঘুমিয়ে থাকায় কেউ হতাহত হননি।
এ ছাড়া হঠাৎ বাজারের পাশের চানাচুর কারখানার মালিক শামসুর রহমানের কাছেও দীর্ঘদিন ধরে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল ওই বাহিনী। চাঁদা না পেয়ে শুক্রবার ভোরে বাহিনীর দুই সদস্য কারখানাটি লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যান।
এ বিষয়ে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররেফ হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে।’