ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতারা দেশে ফেরার সম্ভাব্য পথ ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় চারটি পরিকল্পনা তৈরি করে রেখেছেন।
দলটির নেতাদের দাবি, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণাকে সামনে রেখে এসব পরিকল্পনা সাজানো হয়েছে। তবে কোন পরিকল্পনা চূড়ান্ত হবে, সে সিদ্ধান্ত নেবেন শেখ হাসিনাই।
এই প্রস্তুতির অংশ হিসেবে সম্প্রতি ভারত-বাংলাদেশ সীমান্তের দুটি গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেছেন আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতা। গত ২২ নভেম্বর রোববার পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত এবং ২৫ নভেম্বর বুধবার ত্রিপুরার আগরতলার কাছে আখাউড়া সীমান্ত এলাকায় যান তারা।
আখাউড়া সীমান্ত পরিদর্শনকারী দলের মধ্যে জাহাঙ্গীর কবীর নানক, আলাউদ্দিন নাসিম ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ সাত থেকে আটজন শীর্ষ নেতা ছিলেন। তাদের কয়েকজন এর আগে পেট্রাপোল সীমান্ত এলাকাও ঘুরে দেখেছেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম জানান, সীমান্ত পরিস্থিতি ও যাতায়াতের সুযোগ-সুবিধা বুঝতে নেতারা দুটি এলাকায় গেছেন। আরও কয়েকটি সীমান্ত এলাকা পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। তবে সব সীমান্তে যাওয়া সম্ভব নয়।
তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পরিপ্রেক্ষিতে সীমান্ত এলাকায় যাতায়াতের ব্যবস্থা কেমন এবং বাংলাদেশের দিকের পরিস্থিতি কী, তা বোঝার চেষ্টা করছেন নেতারা।
দলটির আরেক নেতা জানান, শেখ হাসিনাকে স্থলপথে দেশে ফিরতে হলে কোন সীমান্ত দিয়ে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া সম্ভব, তা আগেভাগে বিবেচনায় রাখা হচ্ছে। তার সঙ্গে কারা বাংলাদেশে ফিরবেন, সেই সিদ্ধান্তও শেখ হাসিনাই নেবেন।
ওই নেতার ভাষ্য, শেখ হাসিনা ও দলের অন্য নেতাদের দেশে ফেরার বিষয়টি আলাদা। তার সঙ্গে নেতৃত্বের একটি অংশ থাকতে পারেন। আবার কেউ কেউ শেখ হাসিনার প্রত্যাবর্তনের আগেই দেশে ফিরতে পারেন। অন্যদের ফেরার পরিকল্পনাও চূড়ান্ত করবেন দলীয় প্রধান। এ জন্য ‘প্ল্যান এ, বি, সি, ডি’ তৈরি রাখা হয়েছে বলে জানান তিনি।
তবে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে ভারত সরকারের অনুমতি প্রয়োজন হবে। ১৬ ডিসেম্বর তিনি আদৌ বাংলাদেশে ফিরতে পারবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।
এদিকে ত্রিপুরায় অবস্থানরত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাদের সঙ্গেও সীমান্ত পরিদর্শনে যাওয়া নেতাদের আলোচনা হয়েছে। তাদের মধ্যে অন্তত দুজন ইতিমধ্যে আগরতলা ছেড়েছেন। বাকিদের শুক্রবার ত্রিপুরা থেকে ফেরার কথা ছিল।
অন্যদিকে বাংলাদেশে অবস্থানরত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী জানান, তাদের অনেকে দেশে ফিরে গ্রেপ্তারসহ সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলার মানসিক প্রস্তুতি নিচ্ছেন। একই সঙ্গে দল ও সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী ইতিমধ্যে ভারত থেকে বাংলাদেশে ফিরেছেন বলেও জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের এক নেতা বলেন, বাংলাদেশে দলীয় নেতাকর্মীদের চলমান আন্দোলনের গতি-প্রকৃতি দেখে আগামী সপ্তাহে দেশে ফেরার পরিকল্পনা চূড়ান্ত হতে পারে।
সূত্র: বিবিসি বাংলা