শিরোনাম
◈ ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে ফার্মেসি মালিকের ছেলেকে গুলি ◈ ডিসেম্বর ঘিরে নাশকতার আশঙ্কা, দেশজুড়ে কঠোর নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি জোরদার ◈ রমজানের বাজার নিয়ে সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী, নিত্যপণ্যের সরবরাহ পর্যাপ্ত থাকার আশা ◈ যুক্তরাষ্ট্রে বসবাসের পছন্দের শীর্ষ ১০ শহরে মিনিয়াপোলিস, তালিকায় প্রথম শার্লট ◈ বাঘাইছড়ি–মিজোরাম সীমান্তে সন্দেহজনক ড্রোন লক্ষ্য করে বিজিবির গুলি (ভিডিও) ◈ রাজধানীতে এক রাতে ছয় স্থানে ককটেল বিস্ফোরণ, হাতিরপুলে আটক ১ ◈ ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, চার উপজেলায় সরাসরি থাকবেন প্রধানমন্ত্রী ◈ সাজেকে এক মাস ধরে অবরোধ, পর্যটকশূন্যতায় চরম খাদ্যসংকটে পাহাড়ের মানুষ ◈ শুকির বিদায়ী ম্যাচে রবিনিয়োর জোড়া গোলে কিংসের জয় ◈ হেগুনের কাম অইবো শুধু বিএনপি-জামায়াতের মেইন মেইন গোটা দশেক মারি হালাইবো: তাহেরপুত্র বিপ্লবের অডিও ফাঁস

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৬, ০৮:০৮ সকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২৬, ০৮:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বর্ণের ওজন বাড়ানোর নতুন কৌশল: কী এই রেনিয়াম পাউডার?

স্বর্ণের অলংকারের ওজন বাড়াতে এবার ব্যবহার করা হচ্ছে বিরল ও ভারী এক ধাতুর গুঁড়া রেনিয়াম। স্বর্ণের সঙ্গে এই ধাতু মিশিয়ে প্রকৃত স্বর্ণের পরিমাণ কম রেখেও অলংকারের মোট ওজন বাড়ানো সম্ভব। এমনকি প্রচলিত কিছু পরীক্ষায় মিশ্রণটি ধরা না পড়ার অভিযোগও উঠেছে। ভারতের রাজস্থানের যোধপুরে ২২ ক্যারেট হলমার্ক দেওয়া একটি অলংকারে রেনিয়াম মেশানোর ঘটনা সামনে আসার পর স্বর্ণের বিশুদ্ধতা যাচাইয়ের পদ্ধতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

রেনিয়াম কী, কোথায় ব্যবহার হয়?

রেনিয়াম একটি বিরল, রুপালি-সাদা ধাতব মৌল। রাসায়নিক মৌলে এর প্রতীক ‘আরই’ এবং পারমাণবিক সংখ্যা ৭৫। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, পৃথিবীর ভূত্বকে এর উপস্থিতি অত্যন্ত কম। উচ্চ তাপমাত্রা সহ্য করার ক্ষমতা এবং স্থায়িত্বের কারণে উড়োজাহাজের জেট ইঞ্জিনের টারবাইন ব্লেড তৈরির বিশেষ সংকর ধাতু এবং তেল পরিশোধন শিল্পের অনুঘটক তৈরিতে এটি ব্যবহৃত হয়।

রেনিয়ামের বিশেষ বৈশিষ্ট্য হলো এর ঘনত্ব। রয়্যাল সোসাইটি অব কেমিস্ট্রির তথ্য অনুযায়ী, প্রতি ঘন সেন্টিমিটারে রেনিয়ামের ঘনত্ব প্রায় ২০ দশমিক ৮ গ্রাম। অন্যদিকে বিশুদ্ধ স্বর্ণের ঘনত্ব প্রায় ১৯ দশমিক ৩ গ্রাম। অর্থাৎ একই আয়তনে রেনিয়াম স্বর্ণের চেয়ে বেশি ভারী। এই বৈশিষ্ট্য কাজে লাগিয়েই স্বর্ণের সঙ্গে রেনিয়াম মিশিয়ে অলংকারের ওজন বাড়ানো তৈরি হয়।

Advertisement

যোধপুরে যেভাবে ধরা পড়ল ঘটনা

ভারতের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, রাজস্থানের যোধপুরে স্থানীয় এক স্বর্ণকারের সহযোগিতায় করা পরীক্ষায় ৭ দশমিক ৮৩ গ্রাম ২৪ ক্যারেট স্বর্ণের সঙ্গে এক গ্রাম রেনিয়াম পাউডার মেশানো হয়। এতে মিশ্রণের ওজন দাঁড়ায় ৮ দশমিক ৮৩ গ্রাম। পরে আরও শূন্য দশমিক ৭৫ গ্রাম সংকর ধাতু যোগ করে তৈরি করা হয় ৯ দশমিক ৫৮ গ্রাম ওজনের একটি ঐতিহ্যবাহী রাজস্থানি অলংকার।

অলংকারটি বিভিন্ন পরীক্ষাকেন্দ্র ও শোরুমে নেওয়া হলে একটি হলমার্কিং কেন্দ্র সেটিকে ২২ ক্যারেট হিসেবে সনদ দেয়। একটি শোরুমের পরীক্ষাযন্ত্রে স্বর্ণের পরিমাণ ৯৩ দশমিক ৭০ শতাংশ দেখানোর পাশাপাশি রুপা ও তামার উপস্থিতিও শনাক্ত হয়। কিন্তু রেনিয়ামের উপস্থিতি ধরা পড়েনি। অথচ ব্যবহৃত প্রকৃত স্বর্ণের পরিমাণ হিসাব করে দেখা যায়, অলংকারটিতে স্বর্ণের হার প্রায় ৮১ দশমিক ৭ শতাংশ, যা ২০ ক্যারেটের কাছাকাছি।

পরীক্ষায় ধরা পড়ে না কেন?

প্রচলিত এক্স-রে ফ্লুরোসেন্স বা এক্সআরএফ যন্ত্র অলংকারের উপরিভাগের ধাতব উপাদান বিশ্লেষণ করে। যন্ত্রের ধরন, ক্যালিব্রেশন ও পরীক্ষার পদ্ধতির ওপর নির্ভর করে এর ফলাফল। ফলে অলংকারের ভেতরে থাকা অন্য ধাতু সব সময় শনাক্ত নাও হতে পারে। তবে সব পরীক্ষাযন্ত্রই এমন মিশ্রণ শনাক্ত করতে ব্যর্থ, এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।

উন্নত পরীক্ষাগার বিশ্লেষণ, ইলেকট্রন মাইক্রোস্কোপি এবং অগ্নি পরীক্ষার মতো পদ্ধতিতে স্বর্ণের প্রকৃত পরিমাণ নির্ণয় করা সম্ভব।

ক্রেতাদের সতর্কতা

ভারতের মান নিয়ন্ত্রণ সংস্থা বিএসআইয়ের হলমার্কে লোগো, বিশুদ্ধতার চিহ্ন এবং ছয় অক্ষরের এইচইউআইডি কোড থাকে। বিএসআই কেয়ার অ্যাপের মাধ্যমে কোড যাচাই করা যায়। স্বর্ণ কেনার সময় নিবন্ধিত বিক্রেতা নির্বাচন, রসিদে ওজন ও বিশুদ্ধতার তথ্য নিশ্চিত করা এবং প্রয়োজনে স্বীকৃত পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা করানো জরুরি।

তবে যোধপুরের একটি পরীক্ষার ফল দিয়ে হলমার্ক দেওয়া সব স্বর্ণের মান নিয়ে প্রশ্ন তোলা ঠিক হবে না। ঘটনাটি বরং প্রচলিত পরীক্ষাপদ্ধতির সীমাবদ্ধতা এবং সনদ দেওয়ার প্রক্রিয়া আরও সতর্কভাবে যাচাইয়ের প্রয়োজনীয়তা সামনে এনেছে।

সূত্র : গালফ নিউজ

  • সর্বশেষ