দাবানল ঠেকাতে এবার মানুষের বদলে মাঠে নেমেছে ৬০টি ছাগল। দেশটির বিওবিও অঞ্চলে দাবানলের জ্বালানি হিসেবে কাজ করতে পারে এমন ঝোপঝাড় ও গাছপালা পরিষ্কার করছে ছাগলের এই দল।
‘বুয়েনা কাবরা’ (ভালো ছাগল) নামের একটি সংস্থার অধীনে থাকা ছাগলগুলো ২২ হাজার ৫০০ বর্গমিটার এলাকাজুড়ে চরে বেড়াচ্ছে। বিশেষ করে মাঝারি ভোল্টেজের বিদ্যুৎ সঞ্চালন লাইনের নিচের অংশের গাছপালা ও ঝোপঝাড় পরিষ্কার করছে তারা।
ছাগলের গায়ে উজ্জ্বল কমলা ও হলুদ রঙের নিরাপত্তা জ্যাকেট পরানো হয়েছে। ঘন ঝোপঝাড় ও বনের ভেতরে কাজ করার সময় ছাগলগুলোকে দূর থেকে সহজে শনাক্ত করা এবং দুর্ঘটনা এড়ানোর জন্যই তাদের গায়ে এই বিশেষ পোশাক পরানো হয়েছে।
ইউনিভার্সিটি অব কনসেপসিওনের তথ্য অনুযায়ী, ছাগলগুলো অক্টোবর থেকে ডিসেম্বরের শেষ পর্যন্ত এই এলাকায় থাকবে। সেখানে কাজ করার এটি তাদের তৃতীয় বছর। বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি ও বন ব্যবস্থাপনা বিভাগের প্রধান হুয়ান এমিলিও এসপিনোজা কারভাহাল জানান, ছাগলগুলো তাদের বিচরণ এলাকার প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ গাছপালা ও ঝোপঝাড় খেয়ে পরিষ্কার করে ফেলে।
বিশেষ করে খাড়া ঢালু এলাকায়, যেখানে মানুষের পক্ষে নিরাপদে কাজ করা কঠিন, সেখানে ছাগলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ সালের দাবানল প্রতিরোধ কর্মসূচির আওতায় নেওয়া ৩২টি পদক্ষেপের মধ্যে ছাগল দিয়ে গাছপালা পরিষ্কারের উদ্যোগটি অন্যতম। এই কর্মসূচির অন্যান্য পদক্ষেপের মধ্যে রয়েছে প্রতিরোধমূলক টহল, সুরক্ষা বলয় তৈরি এবং বন সুরক্ষায় বিশেষ দল গঠন।
চিলির জাতীয় বন সংস্থা ‘কোনাফ’ সতর্ক করেছে, ‘এল নিনো’র প্রভাবে চলতি মৌসুমে দেশজুড়ে দাবানলের উচ্চ ঝুঁকি রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, দেশটির কিছু অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। ফলে দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কাও বাড়তে পারে।