শিরোনাম
◈ মুস্তা‌ফিজ মূলত ‘লোভী’ তকমার ভয়ে আইপিএল নিলাম থেকে সরে দাঁড়ি‌য়ে‌ছেন! ◈ অবসর ভেঙে ফিরবেন রোনালদো? গুয়ার্দিওলার মন্তব্যে নতুন জল্পনা  ◈ বল বিকৃতির সেই কাণ্ডে নতুন উদ্যোগ, ছয় সপ্তাহে বক্তব্য দিতে পারবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা ◈ সূর্যবংশীতে মুগ্ধ শামি, ব‌্যা‌টিং দে‌খে ম‌নে হয় যেন ভিডিও গেম খেলছে ◈ শেখ হাসিনাসহ দেশে ফিরতে আওয়ামী লীগের ৪ ‘প্ল্যান’ ◈ আওয়ামী লীগ ঠেকাতে রাজনৈতিক ঐক্যের পথে বিএনপি-জামায়াত-এনসিপি ◈ প্রত্যাহারের নির্দেশের পরও থানা ছাড়েননি দাগনভূঞার ওসি ◈ রিকশার ব্যাটারি ফুরালেও থামে না ব্যবসা, খোলস ভেঙে বিষাক্ত সিসাই হচ্ছে নতুন পণ্য ◈ ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে ফার্মেসি মালিকের ছেলেকে গুলি ◈ ডিসেম্বর ঘিরে নাশকতার আশঙ্কা, দেশজুড়ে কঠোর নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি জোরদার

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৬, ০৯:৫২ সকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২৬, ০৯:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বল বিকৃতির সেই কাণ্ডে নতুন উদ্যোগ, ছয় সপ্তাহে বক্তব্য দিতে পারবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক : কেপটাউন টেস্টে বহুল আলোচিত সিরিশকাগজ কাণ্ডের তদন্ত নতুন করে শুরু করছে না ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে ২০১৮ সালের সেই দক্ষিণ আফ্রিকা সফরে দলের সঙ্গে থাকা ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের অভিজ্ঞতা এবং বক্তব্য শুনতে উদ্যোগ নিয়েছে সংস্থাটি। এ জন্য তাঁদের ছয় সপ্তাহ সময় দেওয়া হয়েছে। সবার বক্তব্য শোনার পর একটি প্রতিবেদন তৈরি করা হবে।

শুক্রবার ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, এ প্রক্রিয়ার দায়িত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ আইনজীবী ফিয়োনা ম্যাকলয়েডকে। তিনি সংশ্লিষ্ট ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের সঙ্গে আলাদাভাবে কথা বলবেন। তবে কারও বক্তব্য প্রকাশ করা হবে না। এ ছাড়া নিজেদের বক্তব্যের সমর্থনে কাউকে কোনো প্রমাণ বা নথিপত্র জমা দিতে হবে না।

ছয় সপ্তাহের এই প্রক্রিয়া শেষে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে প্রতিবেদন জমা দেবেন ফিয়োনা। সেখানে ব্যক্তিবিশেষের বক্তব্য বা ঘটনার বিস্তারিত বিবরণ প্রকাশ করা হবে না। বরং আলোচনায় উঠে আসা গুরুত্বপূর্ণ বিষয়গুলো এবং সেগুলোর সম্ভাব্য সমাধানের পথ তুলে ধরা হবে।

সেই সফরে বল বিকৃতির ঘটনায় কারা কীভাবে জড়িত ছিলেন, শুধু সেটিই নয়, পুরো মৌসুমে বল নিয়ে অস্ট্রেলিয়া দলের কর্মকাণ্ড সম্পর্কেও জানতে চাওয়া হবে। দক্ষিণ আফ্রিকা সফরের অন্য কোনো ম্যাচেও বল বিকৃতির ঘটনা ঘটেছিল কি না, সেটিও খতিয়ে দেখা হবে। পাশাপাশি ক্রিকেট অস্ট্রেলিয়ার আগের তদন্তের তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য মিলিয়ে দেখা হবে। তবে পুরো প্রক্রিয়াটি নতুন কোনো তদন্তের অংশ নয়।

সফরে থাকা সব ক্রিকেটার ও সাপোর্ট স্টাফকে এই উদ্যোগে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হবে। অনলাইন বৈঠকে বক্তব্য দেওয়ার পাশাপাশি লিখিত বিবৃতি কিংবা প্রয়োজনীয় তথ্য পাঠানোর সুযোগও থাকবে। তবে অংশগ্রহণ সম্পূর্ণ ঐচ্ছিক। যাঁরা এতে অংশ নেবেন, তাঁদের আইনি সহায়তাও দেবে ক্রিকেট অস্ট্রেলিয়া।

২০১৮ সালের মার্চে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বল বিকৃতির ঘটনায় তোলপাড় হয়েছিল বিশ্ব ক্রিকেট। ঘটনায় জড়িত থাকার দায়ে তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটকে নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছিল। সেই ঘটনার প্রায় আট বছর পর সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিজ্ঞতা ও বক্তব্য শোনার উদ্যোগ নিল অস্ট্রেলীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

  • সর্বশেষ