স্পোর্টস ডেস্ক : মুস্তাফিজুর রহমানকে ঘিরে গত বছর আইপিএলে কম নাটক হয়নি। ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স তাঁকে দলে নিলেও শেষ পর্যন্ত খেলা হয়নি বাংলাদেশের বাঁহাতি পেসারের। সেই ঘটনার রেশ এখনো কাটেনি। এবার আইপিএলের মিনি নিলামে নামই লেখাননি মুস্তাফিজ। কেন এই সিদ্ধান্ত? তাঁর ঘনিষ্ঠজনদের দাবি, দেশে সমালোচনা ও অপমানের শঙ্কাই তাঁকে নিলাম থেকে দূরে রেখেছে।
আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠিত হবে আইপিএলের মিনি নিলাম। এর জন্য প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছেন ১ হাজার ২২০ ক্রিকেটার। ২৮১ বিদেশির মধ্যে আছেন বাংলাদেশের ১২ জন। তবে সেই তালিকায় নেই মুস্তাফিজ ও সাকিব আল হাসানের নাম। অন্য বাংলাদেশি ক্রিকেটাররা নিলামে নাম লেখালেও কেন নিজেকে সরিয়ে রাখলেন ফিজ? -- সংবাদপ্রতিদিন
ভারতীয় সংবাদমাধ্যমকে মুস্তাফিজের এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, মূলত দুটি কারণে এবার নিলামে নাম দেননি এই পেসার। গত বছরের ঘটনা এখনো তাঁর মনে দাগ কেটে আছে। পাশাপাশি নিলামে অবিক্রীত থেকে গেলে দেশে সমালোচনার মুখে পড়ার আশঙ্কাও রয়েছে তাঁর।
মুস্তাফিজের ঘনিষ্ঠজনের ভাষ্য, গতবারের ঘটনার ক্ষত এখনো শুকায়নি। এবার নিলামে দল না পেলে তাঁকে নিয়ে বাংলাদেশে সমালোচনা শুরু হতে পারে। এমনকি সমর্থকদের কাছ থেকে ‘লোভী’ তকমাও জুটতে পারে। সেই বিব্রতকর পরিস্থিতি এড়াতেই নিলামে নাম না লেখানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আইপিএলে না থাকলেও অবশ্য পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সম্ভাবনা রয়েছে মুস্তাফিজের। গত মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন তিনি। এবারও সুযোগ পেলে একই ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠে নামতে পারেন বাংলাদেশের এই পেসার।
গত আইপিএলে মুস্তাফিজকে নিয়ে নাটকের শুরু হয়েছিল নিলামেই। ৯ কোটি ২০ লাখ রুপিতে তাঁকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। নিরাপত্তাসংক্রান্ত কারণ দেখিয়ে নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্ত। এর প্রতিবাদে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে আপত্তি তোলে বাংলাদেশ। শেষ পর্যন্ত নিরাপত্তার কারণ দেখিয়ে বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নেয় বাংলাদেশ দল।