শিরোনাম
◈ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, বাস-স্মৃতিস্তম্ভ ও বিএনপি কার্যালয়ে আগুন ◈ রাজশাহীতে টানা দুই দিন পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা, পেট্রোল বোমায় ট্রান্সফরমারে আগুন ◈ দেশের ২৪ নদীতে ছড়িয়ে পড়েছে আগ্রাসী বিদেশি সাকার মাছ; হুমকিতে দেশি মাছের প্রজনন ও জলজ পরিবেশ ◈ আন্দোলন ও ছুটির পর গাজীপুরে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকেরা, উৎপাদন শুরু অধিকাংশ কারখানায়; বন্ধ ৩৫টি ◈ দেশের যে ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন ও বডি ক্যামেরা ◈ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? ◈ মুস্তা‌ফিজ মূলত ‘লোভী’ তকমার ভয়ে আইপিএল নিলাম থেকে সরে দাঁড়ি‌য়ে‌ছেন! ◈ অবসর ভেঙে ফিরবেন রোনালদো? গুয়ার্দিওলার মন্তব্যে নতুন জল্পনা  ◈ বল বিকৃতির সেই কাণ্ডে নতুন উদ্যোগ, ছয় সপ্তাহে বক্তব্য দিতে পারবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা ◈ সূর্যবংশীতে মুগ্ধ শামি, ব‌্যা‌টিং দে‌খে ম‌নে হয় যেন ভিডিও গেম খেলছে

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৬, ১১:৪৫ দুপুর
আপডেট : ২৮ নভেম্বর, ২০২৬, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে টানা দুই দিন পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা, পেট্রোল বোমায় ট্রান্সফরমারে আগুন

রাজশাহীতে পল্লী বিদ্যুৎ সমিতির উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ।

রাজশাহীতে পল্লী বিদ্যুৎ সমিতির উপকেন্দ্রে টানা দুই দিন হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ গতকাল শুক্রবার রাত ২টার দিকে পবা উপজেলার খড়খড়ি এলাকার একটি উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ ও ফাঁকা গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এতে তিনটি পেট্রোল বোমা বিস্ফোরিত হয়ে একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। পরে উপকেন্দ্রের কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ট্রান্সফরমারটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। পরপর দুই দিনের হামলায় উপকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় সূত্রে জানা গেছে, ৮ থেকে ১০ জন মুখোশধারী দুর্বৃত্ত উপকেন্দ্রের কার্যালয়ে ঢুকে গানপাউডার ছিটিয়ে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ সময় তারা তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। হামলার পরপরই তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তিনটি পেট্রোল বোমা বিস্ফোরিত হলেও আরও চারটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল। বিস্ফোরণের পর একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। দায়িত্বে থাকা লাইনম্যান ও অন্য কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবিস্ফোরিত পেট্রোল বোমাসহ বিভিন্ন আলামত সংগ্রহ করে।

হামলার পর উপকেন্দ্রটির বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পর সরবরাহ স্বাভাবিক করা হয়েছে বলে সংশ্লিষ্টরা।

Advertisement

রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের ডিজিএম (সদর-কারিগরি) সপ্তর্ষি পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, আগের দিনের হামলার পর উপকেন্দ্রের নিরাপত্তা জোরদার করা হয়েছিল। এ ঘটনায় থানায় এফআইআর করা হয়েছে। পাশাপাশি নিজস্ব নিরাপত্তাকর্মীর সংখ্যাও বাড়ানো হয়। প্রথম দিন দুজন কর্মী দায়িত্বে থাকলেও পরদিন চারজনকে পাহারার দায়িত্ব দেওয়া হয়। পুলিশ প্রশাসনকেও টহল ও নিরাপত্তা বাড়ানোর অনুরোধ জানানো হয়েছিল।

সপ্তর্ষি পাল আরও জানালেন, ঘটনার সময় উপকেন্দ্রের কর্মীরা পাহারায় ছিলেন। পুলিশকে খবর দেওয়ার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছায়। এরপরও দুর্বৃত্তরা অল্প সময়ের মধ্যে হামলা চালিয়ে পালিয়ে যায়।

নওহাটা সদর দপ্তরের লাইনম্যান মনির জানিয়েছেন, পরপর দুই দিনের হামলায় বিদ্যুৎকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উপকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকলেও হামলাকারীদের মুখ ঢাকা ছিল।

তার ভাষ্য, ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত খড়খড়ি কার্যালয়ে ঢুকে পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে এবং পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। পরে কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভান। এভাবে হামলার মধ্যে দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়েছে। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও আছে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানিয়েছেন, আগের দিনও ওই উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল। তবে সেদিন আগুন লাগেনি। দ্বিতীয় দিনের হামলার ঘটনায় পেট্রোল বোমা বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। বিস্ফোরণের কারণে কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় মামলা করা হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। সূত্র: আগামীর সময়

  • সর্বশেষ