শিরোনাম
◈ শেখ হাসিনা ও আওয়ামী লীগের কবর হোক জনগণের মন থেকে: তথ্য উপদেষ্টা ◈ শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে বাংলাদেশে কেন সহিংসতা, ভারতের ভূমিকা নিয়ে কেন আলোচনা? ◈ গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেব কীভাবে দুশ্চিন্তায় আছি: শিক্ষামন্ত্রী ◈ গুলির মুখে ইরানের আকাশসীমা থেকে সরে যেতে বাধ্য হয়েছে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ◈ মিস ইউনিভার্সে মূল মুকুট না জিতেও দুই বিভাগে সেরা বাংলাদেশের সামিরা খান মাহি ◈ মুশ‌ফিকুর র‌হিম অবসরে যাচ্ছেন, ঘোষণা দিলেন বি‌সি‌বি সভাপ‌তি তামিম ইকবাল ◈ মেয়াদ ‌শেষ হওয়ার আ‌গেই ক্ষ‌তিপূরণ দি‌য়ে সিমন্সকে বিদায় করতে প্রস্তুত বিসিবি, নতুন কোচ হয়ে আস‌ছেন জোনাথন ট্রট? ◈ রেলওয়ে স্টেশনের নিরাপত্তায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন, নজরদারিতে ৩৮ গুরুত্বপূর্ণ স্টেশন ◈ ‌নিউজিল‌্যা‌ন্ডের বিপ‌ক্ষে টেস্ট দল ঘোষণা ক্রিকেট অ‌স্ট্রেলিয়ার ◈ এলএনজি আমদানিতে বিপুল ব্যয়ের ঝুঁকিতে বাংলাদেশ

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৬, ০৮:৫৪ রাত
আপডেট : ২৮ নভেম্বর, ২০২৬, ০৮:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৮টি গুলির ক্ষত নিয়ে আবারও লোকালয়ে সেই বন্য হাতি, ভাঙচুর ঘরবাড়ি ও বাগান

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : শরীরে ৮ টি গুলির ক্ষত নিয়ে বেঁচে থাকা সেই অসুস্থ বন্য হাতিটি আবারও লোকালয়ে ফিরে এসেছে। চিকিৎসা দিয়ে বনে ফেরত পাঠানোর ১০ দিনের মাথায় কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় হাতিটির উপস্থিতিতে স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ইতোমধ্যে হাতিটি চারটি বসতঘর ও কয়েকটি সুপারি বাগানের ক্ষতি করেছে। এদিকে হাতিটিকে বনে ফেরত পাঠাতে উৎসুক জনতার অনেকে ঢিল ও আগুন নিক্ষেপ করেছেন বলেও অভিযোগ উঠেছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের হলবনিয়াপাড়া খেলার মাঠসংলগ্ন এলাকায় হাতিটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এ সময় হাতিটির পেছনের ডান পায়ে আঘাতের চিহ্ন এবং ডান চোখ বন্ধ অবস্থায় দেখা যায়।

স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম শরীফ বলেন, ‘অসুস্থ হাতিটি লোকালয়ে এসে স্থানীয় অনেকের বসতভিটায় তাণ্ডব চালিয়েছে। হাতিটিকে দেখতে উৎসুক জনতার ভিড় জমে।’

তিনি অভিযোগ করেন, হাতিটিকে বনে ফেরত পাঠাতে উৎসুক জনতার অনেকে ঢিল ও আগুন ছুড়েছেন। তবে হাতিটিকে বিরক্ত না করতে স্থানীয়দের সচেতন করা হচ্ছে।

Advertisement

বাহারছড়া এলিফ্যান্ট রেসপন্স টিমের সভাপতি হাবিব হোসেন জানান, এর আগেও একটি অসুস্থ হাতিকে চিকিৎসা দিয়ে নিরাপদে বনে পাঠানো হয়েছিল। কয়েক দিন যেতে না যেতেই আবারও অসুস্থ হাতি লোকালয়ে চলে এসেছে।

তিনি বলেন, ‘এই হাতিটি আগে চিকিৎসা দেওয়া সেই হাতিটিই কি না তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা হাতিটিকে নিরাপদে বনে ফেরানোর চেষ্টা করছি। একই সঙ্গে যারা হাতিটিকে বিরক্ত করছেন, তাদের নিষেধ করা হচ্ছে।’

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী তারিকুর রহমান বলেন, “আজ সকালে হাতেটি আবার লোকালে ফিরে আসার খবর পেয়েছি। স্থানীয়দের চারটি ঘর ও কিছু সুপারি বাগান ধ্বংস করেছে। তাদেরকে আমরা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করছি। হাতিটির শরীরে আটটি গুলি রয়েছে। সে গুলি গুলো কোনভাবে বের করা সম্ভব হয়নি। এগুলো হাতির হাডের সাথে রয়েছে। চিকিৎসকরা তখন জানিয়েছিল গুলি গুলো বের করা সম্ভব নয়।”

বিভাগীয় বন কর্মকর্তা বলেন, “আমাদের বন বিভাগের টিম হাতেটিকে ফলো করছে। চিকিৎসা ঠিমের সাথে কথা বলে এটির আবার কোন চিকিৎসা করা যায় কিনা সে বিষয়টিও আমরা পর্যবেক্ষণে রেখেছি। এ হাতিকে আবারও ড্রোনের মাধ্যমে নজরদারিতে রাখা হবে।”

এর আগে গত ১৬ নভেম্বর ভোরে টেকনাফের বাহারছড়ার পাহাড় থেকে আহত স্ত্রী হাতিকে নিয়ে লোকালয়ে নেমে এসেছিল একটি পুরুষ হাতি। স্ত্রী হাতিটির পেছনের ডান পায়ে গভীর ক্ষত ছিল। যন্ত্রণায় ঠিকমতো হাঁটতেও পারছিল না হাতিটি। ওই সময় অসুস্থ সঙ্গীকে ছেড়ে না যাওয়া পুরুষ হাতিটির আচরণ ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

পরে বন বিভাগ ও বন্যপ্রাণী চিকিৎসকদের দুই দিনের প্রচেষ্টায় ড্রোনের সাহায্যে জাহাজপুরার দুর্গম পাহাড়ি এলাকায় হাতিটির অবস্থান শনাক্ত করা হয়। গত ১৮ নভেম্বর ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসক দল ট্রাংকুলাইজেশনের মাধ্যমে হাতিটিকে অচেতন করে প্রায় পাঁচ ঘণ্টা ধরে চিকিৎসা দেন। এ সময় হাতিটির শরীরে আটটি গুলির ক্ষত শনাক্ত করা হয়।

চিকিৎসকরা জানিয়েছিলেন, হাতিটির বয়স আনুমানিক ৩৫ বছর। চিকিৎসার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও পুরোপুরি সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা কম। চিকিৎসা শেষে সঙ্গী পুরুষ হাতিটির সঙ্গে গভীর বনে ফিরে যায় আহত স্ত্রী হাতিটি।

চিকিৎসার মাত্র ১০ দিনের মাথায় আবারও লোকালয়ে ফিরে আসায় হাতিটির জীবন ও নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। একদিকে গুলির ক্ষত নিয়ে হাতিটির বেঁচে থাকার লড়াই, অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের জানমাল রক্ষার বিষয়টি বন বিভাগের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এ অবস্থায় আহত হাতিটির সুরক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের জানমাল রক্ষায় বন বিভাগের নিবিড় নজরদারি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ হাতিটি কে স্থানীয়রা  ষযেন কোন ক্ষতি না করে, সে ব্যাপারে স্থানীয়দের সচেতন করার পাশাপাশি তাদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে বন বিভাগ।

  • সর্বশেষ