শিরোনাম
◈ তাবলিগের কাজে ২৯৮ বিদেশিকে ১২০ দিনের ভিসা দিচ্ছে সরকার, মানতে হবে যেসব শর্ত ◈ ‘সবাই ফাউল করতে নামলে নির্বাচন পরিচালনা কঠিন’, রাজনৈতিক দলগুলোকে সিইসির বার্তা ◈ বিমান অবতরণের মুহূর্তে যুক্তরাষ্ট্রে ৫ মাত্রার ভূমিকম্প, অতঃপর যা ঘটল (ভিডিও) ◈ শরীয়তপুরের জাজিরায় বিএনপি-আ.লীগ সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২, পুড়ল ১৩ মোটরসাইকেল ◈ রাজধানীসহ দেশের ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৪ প্লাটুন ◈ রিয়ালের জয়রথ থামিয়ে বের্নাবেউয়ে আলাভেসের ইতিহাস ◈ বি‌শ্বের যেখা‌নেই ইরানের বিরুদ্ধে আগ্রাসনের উৎস তৈ‌রি হোক, পাল্টা জবাব দেওয়া হ‌বে ◈ মেসির সম্মতি, রোনাল্ডোর অপেক্ষায় তেভেজের বিদায়ী ম্যাচ! ২০ ডিসেম্বর কি একই দলে দেখা যাবে দুই মহাতারকাকে? ◈ ৭৩ কোটি টাকার দেনা, আই লিগ থেকে সরে দাঁড়াল কলকাতা মহমেডান ◈ ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওপর দিয়ে গাড়ি, নিচ দিয়ে চলবে ট্রেন!

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬, ১২:০১ দুপুর
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৬, ১২:০১ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

‘সবাই ফাউল করতে নামলে নির্বাচন পরিচালনা কঠিন’, রাজনৈতিক দলগুলোকে সিইসির বার্তা

মনিরুল ইসলাম: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে রাজনৈতিক দলগুলোর সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, দলীয় প্রতীক না থাকলেও নির্বাচনী মাঠে রাজনৈতিক দলের সমর্থনপুষ্ট ও প্রভাবশালী প্রার্থীদের সক্রিয় উপস্থিতি থাকবে। তাই নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অত্যন্ত জরুরি।

রোববার (২৯ নভেম্বর) রাজধানীতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) তিন দিনব্যাপী সংলাপের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচনী পরিবেশের গুরুত্ব তুলে ধরে সিইসি বলেন, ‘সব খেলোয়াড় যদি ফাউল করার উদ্দেশ্যে মাঠে নামে, তবে রেফারির পক্ষে ম্যাচ পরিচালনা করা সম্ভব নয়।’ নির্বাচনী মাঠে কেউ যেন ফাউল করতে না পারে, আর কেউ করতে চাইলে রাজনৈতিক নেতারা যেন তা প্রতিহত করেন, সেই আহ্বান জানান তিনি।

সিইসি বলেন, কমিশনের দ্বিতীয় কোনো এজেন্ডা নেই। স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করাই তাদের লক্ষ্য। অতীতের মতো এবারও রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে চায় কমিশন।

Advertisement

ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু করার পরিকল্পনার কথা জানিয়ে নাসির উদ্দিন বলেন, দেশের গ্রামীণ ও ইউনিয়ন পর্যায়ে কোটি কোটি মানুষ নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। গণমাধ্যমেও এ বিষয়ে নিয়মিত খবর প্রকাশিত হচ্ছে। এ কারণে সবার আগে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, দেশে প্রায় ৪ হাজার ৫১৮টি ইউনিয়ন পরিষদ রয়েছে। পাঁচটি ধাপে এসব নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপের ভোট গ্রহণ আগামী ২১ জানুয়ারি থেকে শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সিইসি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে না। প্রার্থীরা নির্ধারিত স্থানীয় সরকার নির্বাচনের প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে দলীয় প্রতীক না থাকলেও রাজনৈতিক দলগুলোর সমর্থনপুষ্ট প্রার্থীরা মাঠে থাকবেন। ফলে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া এত বড় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করা কঠিন।

স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপ্তি তুলে ধরে তিনি বলেন, ইউনিয়ন পরিষদের পাশাপাশি সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ ও জেলা পরিষদের নির্বাচন আয়োজন করতে প্রায় ১০ মাস থেকে এক বছর সময় প্রয়োজন। এটি জাতীয় নির্বাচনের মতো স্বল্প সময়ের কোনো আয়োজন নয়; বরং বছরব্যাপী একটি কার্যক্রম। তাই দীর্ঘমেয়াদি ও টেকসই নির্বাচনী কৌশল নির্ধারণে রাজনৈতিক দলগুলোর পরামর্শ প্রত্যাশা করেন তিনি।

সিইসি বলেন, অতীতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন সম্ভব হয়েছে, যা দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। সেই ধারাবাহিকতায় স্থানীয় সরকার নির্বাচনেও সবার সহযোগিতা প্রয়োজন।

এদিকে, তিন দিনব্যাপী সংলাপে মোট ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন। প্রথম দিন রোববার বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১৮টি দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। সোমবার (৩০ নভেম্বর) বিএনপিসহ ১৯টি দল এবং মঙ্গলবার (১ ডিসেম্বর) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১৮টি দলের সঙ্গে মতবিনিময় করবে কমিশন।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পাশাপাশি সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও পৃথক সভা করার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের।

  • সর্বশেষ