স্পোর্টস ডেস্ক: আর্থিক সংকটে বিপর্যস্ত মহমেডান স্পোর্টিং ক্লাব। দেনার বোঝা, স্পনসরশূন্যতা আর খেলোয়াড়দের বকেয়া বেতন—সব মিলিয়ে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে চলতি মৌসুমের ইন্ডিয়ান ফুটবল লিগে (আই লিগ) আর খেলবে না কলকাতার শতবর্ষী ক্লাবটি। শুক্রবার সমর্থকদের সঙ্গে বৈঠকের পর লিগ থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। শনিবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে।
চলতি মৌসুমে মাঠের পারফরম্যান্সও হতাশাজনক মহমেডানের। টানা চার ম্যাচে হারের পর মাঠের বাইরের সংকটও প্রকট হয়ে উঠেছে। নেই কোনো স্পনসর। তার ওপর ক্লাবের ঘাড়ে বিপুল দেনার বোঝা। শুক্রবার ক্লাব তাঁবুতে সমর্থকদের সঙ্গে আলোচনায় বসেন কর্মকর্তারা। সেখানেই আই লিগের বাকি ম্যাচগুলোতে অংশ না নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়।
ক্লাব সভাপতি গজল জাফরের দাবি, মহমেডানের আর্থিক ঘাটতি ৭৩ কোটি টাকা। খেলোয়াড়দের বকেয়া রয়েছে প্রায় ২০ কোটি। তিনি বলেন, ‘ক্লাবের আর্থিক অবস্থা শূন্য থাকলেও চালানো সহজ হতো। কিন্তু এখানে ৭৩ কোটি টাকার ঘাটতি। আমরা নিজেদের পকেট থেকে যতটা সম্ভব দিয়েছি। একটি হোম ম্যাচ আয়োজনেই ছয় লাখ টাকা লাগে। এর বাইরে খেলোয়াড়দের বেতন রয়েছে। এভাবে আর কত দিন চালানো সম্ভব?’
আগের কমিটির রেখে যাওয়া দেনার কারণেই ক্লাবকে এই পরিস্থিতিতে পড়তে হয়েছে বলে অভিযোগ জাফরের। তাঁর ভাষ্য, খেলোয়াড়দের পাওনা পরিশোধ না করায় একের পর এক আইনি নোটিস আসছে। আগের কমিটির কর্মকাণ্ডে ক্লাব অন্তত ২০ বছর পিছিয়ে গেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে দুই থেকে তিন বছর লেগে যেতে পারে বলেও মনে করেন তিনি।
ক্লাব সচিব ওয়াসিম আক্রমও স্বীকার করেছেন, নিজেদের সামর্থ্যের বাইরে গিয়ে আর্থিক সহায়তা দিয়েছেন তাঁরা। পরিচিতজনদের কাছ থেকেও অনুদান সংগ্রহের চেষ্টা করেছেন। নতুন করে সদস্যপদ চালু করে প্রায় ১০ লাখ টাকা পাওয়া গেছে। কিন্তু সেই অর্থেও সংকট কাটছে না। একটি অ্যাওয়ে ম্যাচ আয়োজনেই যেখানে প্রায় ১০ লাখ টাকা প্রয়োজন, সেখানে হোম ম্যাচের খরচ ছয় থেকে সাত লাখ টাকা। খেলোয়াড়দের বেতনসহ অন্যান্য ব্যয় মেটানোও কঠিন হয়ে পড়েছে।
আই লিগ থেকে সরে দাঁড়ালেও ক্লাবের কার্যক্রম বন্ধ হচ্ছে না। আগামী মৌসুমে কলকাতা লিগ ও আইএফএ শিল্ডে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ওয়াসিম আক্রম। তবে আপাতত ভারতীয় ফুটবলের দ্বিতীয় স্তরের প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত মহমেডানের দীর্ঘ ঐতিহ্যের জন্য বড় ধাক্কাই।