স্পোর্টস ডেস্ক: অধিনায়কত্ব হারানোর তিন বছর পর আবারও পুরোনো আসনে ফিরছেন রোহিত শর্মা। আইপিএলে পাঁচবারের শিরোপাজয়ী এই ভারতীয় তারকার কাঁধেই আবার নেতৃত্বের দায়িত্ব তুলে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। শুক্রবার (২৭ নভেম্বর) এক বিবৃতিতে ২০২৭ আইপিএল মৌসুমের জন্য রোহিতকে অধিনায়ক করার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
২০২৩ মৌসুমের পর রোহিতকে সরিয়ে নেতৃত্ব দেওয়া হয়েছিল হার্দিক পান্ডিয়ার হাতে। তবে গত ১১ নভেম্বর হার্দিককে পাঞ্জাব কিংসে ট্রেড করে মুম্বাই। বিনিময়ে দলে যোগ দেন বাঁহাতি পেসার আর্শদীপ সিং। হার্দিকের বিদায়ের পর নতুন অধিনায়ক হিসেবে রোহিতকেই বেছে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এদিকে, মুম্বাই ইন্ডিয়ান্সের দায়িত্ব পুনরায় ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রোহিত।
তিনি বলেন, ‘মুম্বাই ইন্ডিয়ান্স আমার জীবনের বড় একটি অংশ। এই দলকে নেতৃত্ব দেওয়া সব সময়ই আমার কাছে গর্বের বিষয়। সামনের মৌসুম নিয়ে নীতা ভাবি ও আকাশের সঙ্গে আলোচনা বেশ উপভোগ করেছি। দলের সামর্থ্যের ওপর আমার পূর্ণ বিশ্বাস রয়েছে।’
২০১৩ সালে রিকি পন্টিংয়ের কাছ থেকে নেতৃত্ব বুঝে নেওয়ার পর মুম্বাইকে পাঁচটি আইপিএল শিরোপা এনে দেন রোহিত। ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে চ্যাম্পিয়ন হয় দলটি। আইপিএলে অধিনায়ক হিসেবে পাঁচবার শিরোপা জয়ের কীর্তিতে মহেন্দ্র সিং ধোনির পাশে রয়েছেন তিনি।
২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১৫৮ ম্যাচে মুম্বাইকে নেতৃত্ব দিয়ে ৮৭টিতে জয় পেয়েছেন রোহিত। অন্যদিকে, হার্দিকের অধীনে তিন মৌসুমে প্রত্যাশা পূরণ করতে পারেনি দলটি। ২০২৬ আসরে ১৪ ম্যাচে মাত্র চার জয় নিয়ে নবম স্থানে শেষ করে মুম্বাই।