আগামী গ্রীষ্মের আগে সাতটি কূপের খননকাজ শেষ করতে চায় জ্বালানি বিভাগ। এসব কূপ থেকে সাফল্য এলে দৈনিক গ্যাসের সরবরাহ বাড়তে পারে ৯১ মিলিয়ন ঘনফুট। আগামী বছরের গরমে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহের চ্যালেঞ্জ মোকাবিলায় যা কিছুটা হলেও সহায়ক হবে। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি সংকট সামাল দিতে নিজস্ব উৎস থেকে তেল-গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই।
কখনো জ্বালানি তেল, কখনো গ্যাসের সংকট; আবার গরমে লোডশেডিং। চলতি বছর বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিয়ে এমন তিক্ত অভিজ্ঞতার মুখে পড়তে হয়েছে গ্রাহকদের। নিজস্ব সম্পদের সীমাবদ্ধতার পাশাপাশি ইরান যুদ্ধসহ বৈশ্বিক পরিস্থিতির প্রভাবও ভুগিয়েছে বাংলাদেশকে।
এমন পরিস্থিতিতে গুরুত্ব পাচ্ছে দেশীয় উৎস থেকে তেল-গ্যাসের সরবরাহ বাড়ানো। জ্বালানি বিভাগের লক্ষ্য, আগামী গ্রীষ্মের মধ্যে নতুন করে আরও সাতটি কূপ খননের কাজ শেষ করা। এর মধ্যে তিনটি অনুসন্ধান, দুটি উন্নয়ন ও দুটি ওয়ার্কওভার কূপ। এসব কূপ খননে সাফল্য এলে আগামী মার্চের মধ্যে দৈনিক আরও ৯১ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে। যা কিছুটা হলেও আগামী গ্রীষ্মে স্বস্তি দেবে।
পেট্রোবাংলার পরিচালক (অপারেশন অ্যান্ড মাইনস) প্রকৌশলী মো. শোয়েব বলেন, ‘সাতটি রিগ এই মুহূর্তে বাংলাদেশে কার্যকর রয়েছে। বাংলাদেশে প্রথমবারের মতো সাতটি কূপ খননের যে প্রক্রিয়া চলছে, সেগুলো শেষ হওয়ার পর এসব রিগ কোথায় যাবে, পরবর্তী গন্তব্য কী হবে, সেগুলোও আমাদের পরিকল্পনায় রয়েছে।’
খনন চলমান কূপগুলোর বেশ কয়েকটির কাজ ডিসেম্বরের মধ্যেই শেষ হওয়ার কথা। এরপর এসব কূপের রিগ বা খননযন্ত্র নতুন বছরের শুরুতে পাঠানো হবে বেগমগঞ্জ-৫, বাখরাবাদ-১১, শাহবাজপুর নর্থ ইস্ট ও মেঘনা-১ কূপে। পরিকল্পনার সঙ্গে বাস্তবায়নের সমন্বয় রাখার তাগিদ দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি সংকট কাটাতে নিজস্ব উৎস থেকে উৎপাদন বাড়ানোর বিকল্প নেই।
জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. বদরুল ইমাম বলেন, ‘বাংলাদেশের প্রেক্ষাপটে দেশের গ্যাসের কোনো উৎস অব্যবহৃত ফেলে রাখা যৌক্তিক নয়। আমদানি করা গ্যাসের পরিবর্তে দেশের নিজস্ব গ্যাস ব্যবহার করলে সব দিক থেকেই আমাদের সুবিধা। সুতরাং এখানে উদ্যোগের পাশাপাশি মানসিকতারও বিষয় আছে। আমাদের উচিত বিদেশ থেকে গ্যাস আমদানির পরিবর্তে দেশনির্ভর জ্বালানি ব্যবস্থাপনার ওপর জোর দেয়া।’
বাপেক্সের নিজস্ব তিনটি রিগের পাশাপাশি বর্তমানে কূপ খননের কাজে রয়েছে চীনা কোম্পানি সিনোপ্যাক ও সিসিডিসির আরও চারটি রিগ। সূত্র: সময় সংবাদ