আনাদোলু এজেন্সি: এডেন উপসাগরে সোমালিয়া উপকূলের অদূরে একটি বাণিজ্যিক জাহাজে ছয়জন সশস্ত্র জলদস্যু উঠেছে বলে খবর পাওয়া গেছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নৌবাহিনীর ‘অপারেশন আটলান্টা’র অংশ মেরিটাইম সিকিউরিটি সেন্টার-ইন্ডিয়ান ওশান (এমএসসিআইও) এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির এক সতর্কবার্তায় বলা হয়, শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। সোমালিয়ার বন্দরনগরী বোসাসো থেকে প্রায় ১২০ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে জাহাজটি অবস্থান করছিল।
জলদস্যুরা জাহাজে ওঠার পর নাবিকরা নিরাপদ কক্ষ বা ‘সিটাডেল’-এ আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। সশস্ত্র হামলার সময় নাবিকদের সুরক্ষার জন্য জাহাজে এ বিশেষ নিরাপদ কক্ষ তৈরি করা থাকে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো নাবিকের হতাহতের খবর পাওয়া যায়নি।
ইইউ নৌবাহিনীর মেরিটাইম সিকিউরিটি সেন্টার জানিয়েছে, ‘অপারেশন আটলান্টা’ ঘটনাটি তদন্ত করছে। একই সঙ্গে ওই অঞ্চলে চলাচলকারী অন্য জাহাজগুলোকে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
সমুদ্রপথের নিরাপত্তাবিধি মেনে চলার পাশাপাশি যে কোনো সন্দেহজনক তৎপরতা দেখলে তাৎক্ষণিকভাবে জানানোর অনুরোধ করে সংস্থাটি। তবে সতর্কবার্তায় আক্রান্ত জাহাজটির নাম, পতাকা বা এতে কতজন নাবিক রয়েছেন, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।