শিরোনাম
◈ রিয়ালের জয়রথ থামিয়ে বের্নাবেউয়ে আলাভেসের ইতিহাস ◈ বি‌শ্বের যেখা‌নেই ইরানের বিরুদ্ধে আগ্রাসনের উৎস তৈ‌রি হোক, পাল্টা জবাব দেওয়া হ‌বে ◈ মেসির সম্মতি, রোনাল্ডোর অপেক্ষায় তেভেজের বিদায়ী ম্যাচ! ২০ ডিসেম্বর কি একই দলে দেখা যাবে দুই মহাতারকাকে? ◈ ৭৩ কোটি টাকার দেনা, আই লিগ থেকে সরে দাঁড়াল কলকাতা মহমেডান ◈ ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওপর দিয়ে গাড়ি, নিচ দিয়ে চলবে ট্রেন! ◈ আ.লীগের ৪৮ ঘণ্টার লকডাউনের প্রথম দিন, গোপালগঞ্জে সড়কে ব্যারিকেড ও যান চলাচল বন্ধ ◈ সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামের স্ত্রীসহ আটক ৩ ◈ ২৭ মাসে আওয়ামী লীগকর্মীদের হামলায় নিহত ৫৩ ◈ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়া ◈ প্রতিবেশী দেশগুলোতে এলপিজিতে ভর্তুকি, বাংলাদেশে ভোগান্তি কেন?

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬, ১১:০৪ দুপুর
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৬, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : আর রিয়াজ

কানাডায় শরণার্থীদের পুনর্বাসনে বড় পরিবর্তন, বন্ধ হলো সরকারি-বেসরকারি যৌথ অর্থায়ন কর্মসূচি

শরণার্থীদের কানাডায় বসতি গড়তে প্রথম বছরের আর্থিক সহায়তার ব্যয় ভাগ করে নিত কেন্দ্রীয় সরকার ও স্থানীয় স্পন্সররা। যৌথ অর্থায়নের এ কর্মসূচি বন্ধ করেছে দেশটির সরকার। কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিভাগ (আইআরসিসি) জানিয়েছে, ব্লেন্ডেড ভিসা অফিস-রেফার্ড (বিভিওআর) নামে পরিচিত এ কর্মসূচিতে পুনর্বাসনের জন্য নতুন করে শরণার্থীদের নাম সুপারিশ গ্রহণ করা হচ্ছে না। তবে আগে জমা পড়া আবেদনগুলোর প্রক্রিয়াকরণ চলবে।

আইআরসিসি জানিয়েছে, যেসব শরণার্থীর জন্য এরই মধ্যে স্পন্সর ঠিক করা হয়েছে, তারা আগের পরিকল্পনা অনুযায়ী কানাডায় যেতে পারবেন। সেখানে পৌঁছার পর তাদের জন্য যে সহায়তার ব্যবস্থা করা হয়েছিল, সেটিও তারা পাবেন। ফলে সিদ্ধান্তটির প্রভাব পড়বে মূলত তাদের ওপর, যাদের জন্য এ কর্মসূচির আওতায় নতুন করে স্পন্সর খোঁজার সুযোগ ছিল।

পাঁচ বা ততোধিক কানাডীয় নাগরিক বা স্থায়ী বাসিন্দার দল এবং স্থানীয় সংগঠনের কাছ থেকে বেসরকারি শরণার্থী স্পন্সরশিপের নতুন আবেদন গ্রহণ ২০২৪ সালের ২৯ নভেম্বর থেকে স্থগিত। এর মধ্যেও যৌথ অর্থায়নের বিভিওআর কর্মসূচির মাধ্যমে তারা শরণার্থীদের পুনর্বাসনে সহায়তা করতে পারত। নতুন রেফারেল বন্ধ হওয়ায় সেই সুযোগও বন্ধ হলো।

বিভিওআর কর্মসূচিতে জাতিসংঘের শরণার্থী সংস্থার মতো প্রতিষ্ঠান পুনর্বাসনের প্রয়োজন আছে এমন শরণার্থীদের চিহ্নিত করে তাদের নাম সুপারিশ করত। এরপর কানাডার যোগ্য ব্যক্তি বা সংগঠনের সঙ্গে তাদের যুক্ত করা হতো। কোনো পরিবার কানাডায় পৌঁছানোর পর প্রথম বছরের ছয় মাসের আর্থিক সহায়তা দিত কেন্দ্রীয় সরকার। বাকি ছয় মাসের আর্থিক সহায়তার দায়িত্ব নিতেন স্পন্সররা। পাশাপাশি পুরো এক বছর পরিবারটিকে বাসা খুঁজে পেতে, স্থানীয় সেবা নিতে ও নতুন পরিবেশে মানিয়ে নিতে সহায়তা করতেন তারা।

Advertisement

অল্পসংখ্যক শরণার্থীকে পুনর্বাসনের জন্য এ কর্মসূচিতে উল্লেখযোগ্য সম্পদ বরাদ্দ করতে হতো বলে কানাডার সংবাদমাধ্যম গ্লোবাল নিউজকে জানিয়েছে আইআরসিসি। বিভাগটির হিসাবে, ২০২৫ সালে এ কর্মসূচির আওতায় ১০০ জন শরণার্থী গ্রহণের লক্ষ্য ছিল। ওই বছর কানাডায় যান ৮২ জন। ২০২৬ সালে লক্ষ্য কমিয়ে ৫০ জন করা হয়। চলতি বছরের চূড়ান্ত হিসাব এখনো প্রকাশ করা হয়নি। প্রায় এক দশক আগে এ কর্মসূচিতে বছরে এক হাজার জন পর্যন্ত শরণার্থী গ্রহণের লক্ষ্য ছিল বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

সরকারের সিদ্ধান্তে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পরিকল্পনাও বদলাতে হচ্ছে। ব্রিটিশ কলাম্বিয়ার সংবাদমাধ্যম সিএফজেসি টুডে জানিয়েছে, ক্যামলুপসের একটি সংগঠন এখনো নতুন একটি শরণার্থী পরিবারকে স্বাগত জানানোর পরিকল্পনা করছে। তবে যৌথ অর্থায়নের সুযোগ বন্ধ হওয়ায় ওই পরিবারের পুরো এক বছরের খরচ সংগঠনটিকেই জোগাড় করতে হবে। নোভা স্কশিয়ার হ্যালিফ্যাক্সেও একটি স্বেচ্ছাসেবী সংগঠন ২০২৭ সালে আরেকটি পরিবারকে সহায়তার পরিকল্পনা করেছিল। সিদ্ধান্তটি তাদের সেই পরিকল্পনায় বাধা তৈরি করেছে।

বিষয়টি ২৪ নভেম্বর কানাডার সিনেটেও ওঠে। সিনেটর মেরি কয়েল জানতে চান, শরণার্থী পুনর্বাসনে কাজ করা স্থানীয় সংগঠনগুলোকে আগাম না জানিয়েই কেন সরকার কর্মসূচিটি বন্ধ করল। তিনি নোভা স্কশিয়ার ব্যবসায়ী তারেক হাদহাদের উদাহরণ দেন। সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর ২০১৫ সালে পরিবারের সঙ্গে এ কর্মসূচির আওতায় কানাডায় যান হাদহাদ। নোভা স্কশিয়ার অ্যান্টিগনিশের একটি স্থানীয় সংগঠন তাদের স্পন্সর করেছিল।

আইআরসিসি জানিয়েছে, সরকারি সহায়তা ও বেসরকারি স্পন্সরশিপের আওতায় শরণার্থী পুনর্বাসন চলবে। সরকারি কর্মসূচিতে যোগ্য শরণার্থীদের আর্থিক ও পুনর্বাসন সহায়তা দেয় কেন্দ্রীয় সরকার। বেসরকারি কর্মসূচিতে নির্ধারিত শর্ত মেনে স্পন্সররা সে দায়িত্ব নেন। তবে বেসরকারি স্পন্সরশিপের দুটি ধারায় আগের স্থগিতাদেশ বহাল আছে।

  • সর্বশেষ