স্পোর্টস ডেস্ক: ফুটবলপ্রেমীদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে পারে এবার। একই দলের হয়ে এক ম্যাচে খেলতে দেখা যেতে পারে লিয়োনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। মেসি ইতিমধ্যে সম্মতি দিয়েছেন। বাকি শুধু রোনাল্ডোর সবুজ সংকেত। সেটি মিললে বিশ্বফুটবলের দুই মহাতারকাকে প্রথমবারের মতো একই দলের হয়ে মাঠে দেখা যাবে। সম্ভাব্য সেই ম্যাচের দিন ২০ ডিসেম্বর।
আর্জেন্টিনার বুয়েনোস আইরেসে ওই দিন অনুষ্ঠিত হবে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচ। বোকা জুনিয়র্সের ঘরের মাঠ লা বোম্বোনেরায় আয়োজন করা হবে বিশেষ এই ম্যাচ। নাম দেওয়া হয়েছে ‘আদিয়োস অ্যাপাচে’। তেভেজের দীর্ঘ ফুটবল ক্যারিয়ারের স্মরণীয় সতীর্থ ও বন্ধুদের নিয়ে সাজানো হচ্ছে বিদায়ী আয়োজন।
মেসি ও রোনাল্ডো—দুজনের সঙ্গেই খেলার অভিজ্ঞতা রয়েছে তেভেজের। ম্যানচেস্টার ইউনাইটেডে রোনাল্ডোর সঙ্গে খেলেছেন দুই ম্যাচ। আর আর্জেন্টিনা জাতীয় দলে মেসির সঙ্গে মাঠে নেমেছেন ৪৭ বার। সেই তালিকায় রয়েছে ২০১০ বিশ্বকাপও। এবার বিদায়ী ম্যাচে দুই তারকাকে একই দলের জার্সিতে পাওয়ার স্বপ্ন দেখছেন তেভেজ।
আর্জেন্টিনার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে রসিকতাও করেছেন সাবেক এই স্ট্রাইকার। মেসি-রোনাল্ডো একসঙ্গে খেললে তাঁদের সামলানোর দায়িত্ব দিতে চান কিংবদন্তি রোলান্ডো শিয়াভিকে। তেভেজের ভাষায়, ‘মেসি কিংবা ক্রিশ্চিয়ানো যদি শিয়াভির বিরুদ্ধে খেলতে নামে, তাহলে খুব মজা হবে। ওদের শিয়াভি দেখতেই পাবে না। ওকে বলব, ওরা ছুটে আসতে দেখলেই সাবধান! চোখের পলকে মাটিতে ফেলে দেবে।’
তেভেজের বিদায়ী ম্যাচে অংশ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন আরও অনেক সাবেক তারকা। তাঁদের মধ্যে রয়েছেন রিয়ো ফার্ডিনান্ড, জিয়ানলুইজি বুফন, জাভিয়ের মাসচেরানো, গঞ্জালো হিগুয়াইন, অ্যাঙ্খেল দি মারিয়া ও গ্যাব্রিয়েল হেইঞ্জ। তারকাখচিত এই আয়োজনের আকর্ষণ এখন আরও বেড়ে গেছে মেসি-রোনাল্ডোকে একই ম্যাচে দেখার সম্ভাবনায়। তবে শেষ পর্যন্ত রোনাল্ডো খেলবেন কি না, সেটিই এখন বড় প্রশ্ন।