প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের শারীরিক ও মানসিক সুস্থতার স্বার্থে তাদের জন্য নির্ধারিত দুপুরের খাবার ও বিকালের নাশতার সম্মিলিত ১৫০ টাকার অভিন্ন ব্যবস্থা বাতিল করার দাবিতে আইনি নোটিস পাঠানো হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন আজ রবিবার নোটিসটি পাঠিয়েছেন। পাশাপাশি তাদের পুষ্টিকর খাবারের বাজেট উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি অথবা বাসা থেকে খাবার আনার নির্দেশ প্রদানের দাবি জানানো হয় এতে।
আগামী ১০ দিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। এটি কার্যকর না হলে হাইকোর্টে রিট করা হবে বলে সতর্ক করেন আইনজীবী মাহমুদুল হাসান।
সরকারি ব্যয় কমানোর উদ্যোগের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মধ্যাহ্নভোজ ও বিকালের নাশতার সম্মিলিত বাজেট নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।
নির্ধারিত খাবারের তালিকায় রয়েছে- ভাত, ছোট চিংড়ি দিয়ে লাউ, ঢেঁড়শ ভাজি, ডিম রান্না, ডাল ও দই। এই উদ্যোগে উল্লেখযোগ্য হারে খাতটিতে ব্যয় কমেছে বলে জানান কর্মকর্তারা।
চলতি বছরের এপ্রিলে সরকারের এই উদ্যোগ প্রথম সামনে আসে। তখন থেকে বিষয়টি আলোচনায় ছিল। এবার খাবারের এই মেন্যু বাতিলে আইনি নোটিসে পাঠানোর মাধ্যমে নতুন করে আলোচনায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার।
রেজিস্টার্ড ডাকযোগে এই নোটিস মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব বরাবর পাঠানো হয়েছে।
নোটিসে বলা হয়, প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত পছন্দ বা রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী সম্মিলিত ১৫০ টাকায় দুপুরের খাবার ও বিকালের নাশতা গ্রহণের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন থাকবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের আমলা, প্রশাসনিক কর্মকর্তা ও নীতিনির্ধারকরা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন; বরং তারা প্রজাতন্ত্রের পেশাদার কর্মচারী। ঢাকার বর্তমান বাজারদর ও মুদ্রাস্ফীতির বাস্তবতায় মাত্র ১৫০ টাকায় দুপুরের মূল খাবার এবং বিকালের নাশতা মিলিয়ে সুষম পুষ্টি, পর্যাপ্ত আমিষ, ভিটামিন ও ক্যালরিযুক্ত খাবার পাওয়া অসম্ভব বলে এতে জানানো হয়েছে।
নোটিসে আরও বলা হয়েছে, রাষ্ট্রের সর্বোচ্চ প্রশাসনিক কেন্দ্রের কর্মকর্তাদের পর্যাপ্ত পুষ্টি থেকে বঞ্চিত রাখলে তাদের মধ্যে শারীরিক ক্লান্তি ও মানসিক অবসাদ তৈরি হয়; যা দেশের ১৮ কোটি মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ জাতীয় নীতি প্রণয়ন ও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাকে মারাত্মকভাবে ব্যাহত করে।