সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট তৈরি করে ব্যাপক জনপ্রিয়তার পাশাপাশি আর্থিক সাফল্য অর্জন করেছেন বরগুনার জাফর তালুকদার। তার একটি ভিডিও থেকে সর্বোচ্চ ৭ লাখ টাকা আয় হয়েছে। এ সাফল্যে এলাকায়ও বেশ সাড়া ফেলেছেন তিনি।
এটিএন নিউজের এক বিশেষ প্রতিবেদনে জাফর তালুকদার জানান, এক সাংবাদিক বন্ধুর পরামর্শ ও উৎসাহে ফানি কনটেন্ট তৈরি শুরু করেন তিনি। প্রথম তিন মাস তেমন কোনো ভিউ না পেলেও পরে তার একটি ভিডিও প্রায় ৩ কোটি ৬০ লাখ ভিউ অর্জন করে। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পান তিনি।
তবে এই সাফল্যের পথ সহজ ছিল না। শুরুতে পরিবার ও আশপাশের মানুষের কাছ থেকে তেমন সহযোগিতা পাননি। নানা বাধা পেরিয়ে কনটেন্ট তৈরি চালিয়ে যান। প্রথমবার ফেসবুক থেকে ৭ লাখ টাকা আয় করার পর নিজের জন্য একটি নতুন মোবাইল ফোন এবং দুটি গরু কেনেন বলে জানান তিনি।
সাফল্যের পাশাপাশি প্রতিবন্ধকতার মুখেও পড়েছেন জাফর। কিছুদিন আগে তার ফেসবুক পেজ হ্যাক হয়। পরে পেজটি ফিরে পেলেও ফেসবুক কর্তৃপক্ষ সাময়িকভাবে তার মনিটাইজেশন বন্ধ করে দেয়। আগামী ১৮ জানুয়ারি পেজটির মনিটাইজেশন আবার চালু হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
জাফর তালুকদার জানান, ভবিষ্যতে শিক্ষণীয় ও বিনোদনমূলক কনটেন্ট তৈরি করতে চান তিনি। তার লক্ষ্য, নতুন প্রজন্মের কনটেন্ট ক্রিয়েটরদের অনুপ্রাণিত করা। পাশাপাশি বরগুনার আঞ্চলিক সমস্যা, বিশেষ করে যাতায়াতব্যবস্থা ও অনুন্নত রাস্তাঘাটের দুর্ভোগ কনটেন্টের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনতে চান।
সম্প্রতি দেশের সেরা কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়ায় আয়োজক এবং ডক্টর মাহবুবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জাফর তালুকদার।