শিরোনাম
◈ হৃদয়-লিটনের ব্যাটে দ‌ক্ষিণ আ‌ফ্রিকার জোহানেসবার্গে রেকর্ডের মহাকাব্য  ◈ বিজয়ের মাসে রাজপথে সক্রিয় থাকবে বিএনপি, নেতা-কর্মীদের মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের ◈ জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় ১১ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ ◈ শেখ হাসিনাকে ফেরানো নিয়ে সরকারের বক্তব্যে অসংগতি, সংসদে রুমিন ফারহানার প্রশ্ন ◈ নুসরাতের বাড়িতে আগুন: পেট্রোল বোমা বা মানুষ বের না হওয়ার বিষয়ে চূড়ান্ত কিছু বলিনি ◈ অবৈধ সিমে ভয়ংকর সাইবার প্রতারণা, এক বছরে জব্দ লক্ষাধিক ◈ রমজান উপলক্ষে খেজুরে ৮০ শতাংশ, আপেল-মাল্টায় প্রায় ৫০ শতাংশ আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত সরকারের ◈ ব্লাইন্ড এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই পাকিস্তানের কাছে ১২৬ রানে হারলো বাংলাদেশ ◈ এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা ◈ দুই থেকে তিন মাসের মধ্যে আন্তর্জাতিক বাজারে বন্ড ছাড়তে যাচ্ছে বাংলাদেশ

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৬, ১২:২৮ রাত
আপডেট : ১৬ নভেম্বর, ২০২৬, ১২:২৮ রাত

প্রতিবেদক : এল আর বাদল

হৃদয়-লিটনের ব্যাটে দ‌ক্ষিণ আ‌ফ্রিকার জোহানেসবার্গে রেকর্ডের মহাকাব্য 

স্পোর্টস ডেস্ক: ওয়ান্ডারার্সের আকাশে তখন যেন অন্ধকারের ঘনঘটা। একের পর এক উইকেট পড়ে নিভে যাচ্ছিল বাংলাদেশের আশার প্রদীপ। প্রথম বলেই আঘাত, দ্বিতীয় ওভারে আরেকটি, এরপর ২২ রানে তিন উইকেট—দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণ, বিশেষ করে কাগিসো রাবাদার সামনে মনে হচ্ছিল, আবারও বুঝি লেখা হতে যাচ্ছে পুরোনো কোনো দুঃস্বপ্নের গল্প। কিন্তু ক্রিকেট তো কেবল পতনের গল্প নয়, কখনো কখনো ধ্বংসস্তূপের বুক চিরেই জন্ম নেয় মহাকাব্য। জোহানেসবার্গে সেই মহাকাব্যের নাম তাওহীদ হৃদয় ও লিটন দাস।

জোহানেসবার্গ টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩২৭ রান। এটাই দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড। আক্ষেপ কেবল দিনের শেষ বলে সেঞ্চুরিয়ান হৃদয়ের আউট। -- ডেইলি ক্রিকেট

১৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে ফিরেছেন সাজঘরে। অন্য প্রান্তে লিটন দাস অপরাজিত থেকে দিন শেষ করেছেন সেঞ্চুরির অপেক্ষায় (৯২*)। ৬ষ্ঠ উইকেটে দুজনে মিলে যোগ করেছিলেন ২০৬ রান, যা প্রোটিয়াদের বিপক্ষে যেকোন উইকেটে সর্বোচ্চ। 

কাগিসো রাবাদার তোপে বাংলাদেশের শুরুটা হয়েছিল আতঙ্কে। প্রথম বলেই সাজঘরে অভিষিক্ত মাহফিজুল ইসলাম। এরপর শূন্য রানে ফিরেছেন মুমিনুল হক। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর বিদায়ে স্কোরবোর্ডে ২২ রান উঠতেই তিন উইকেট হারায় বাংলাদেশ। মনে হচ্ছিল, আবারও বুঝি দক্ষিণ আফ্রিকার মাটিতে ব্যাটিং বিপর্যয়ের পুরোনো গল্পের পুনরাবৃত্তি হতে যাচ্ছে।

Advertisement

কিন্তু তানজিদ হাসান ও হৃদয় সেই গল্প বদলে দেন। চতুর্থ উইকেটে দুজনের ৯৯ রানের জুটি বাংলাদেশকে বিপর্যয় থেকে বের করে আনে। ১০৮ বলে ৬৭ রান করে তানজিদ ফিরলেও তাঁর লড়াইটি ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর মুশফিকুর রহিমও রাবাদার শিকার হলে ১২১ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। এই পাঁচ উইকেটের সবকটিই রাবাদার ঝুলিতে। কিন্তু হৃদয়ের ব্যাটে যে অন্য এক গল্প লেখা হচ্ছিল!

লিটন দাসকে সঙ্গে নিয়ে ষষ্ঠ উইকেটে প্রতিরোধের দেয়াল গড়ে তোলেন হৃদয়। সময়ের সঙ্গে সঙ্গে বদলে যেতে থাকে ম্যাচের চিত্র। রাবাদার আগুনঝরা বোলিংয়ের জবাব আসে ব্যাট হাতে। শুধু টিকে থাকাই নয়, সুযোগ পেলেই বাউন্ডারি আদায় করে নিয়েছেন দুজন। বাড়তে থাকে রান, বড় হতে থাকে জুটি। একসময় দক্ষিণ আফ্রিকার বোলারদের ওপরই চেপে বসেন বাংলাদেশের দুই ব্যাটার।

হৃদয়ের ব্যাটে আসে দুর্দান্ত সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে সেঞ্চুরি করা দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার তিনি। এর আগে ২০২২ সালে ডারবান টেস্টে ১৩৭ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন মাহমুদুল হাসান জয়। হৃদয়ও ১৩৭ রান করে তাঁর সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের তালিকায় এখন দুজনের নাম পাশাপাশি।

সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মহাকাব্যিক অপরাজিত ২৪২ ও ৮২ রানের পর জোহানেসবার্গে ১৩৭। চাপের মুহূর্তে হৃদয়ের ব্যাটে কোটি সমর্থকের মুখে হাসি ফোটানোর উপলক্ষ্য। 

অন্যদিকে লিটনও ছিলেন অনবদ্য। হৃদয়ের সঙ্গে তাঁর জুটি শুধু বাংলাদেশের ইনিংসকেই সমৃদ্ধ করেনি, গড়েছে নতুন ইতিহাসও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে যেকোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি গড়েছেন তাঁরা। আগের রেকর্ড ছিল ১৩৮ রানের। সেই রেকর্ড পেছনে ফেলে ২০৬ রানের জুটিটি পৌঁছে যায় নতুন রেকর্ডে। শেষ বলে মার্কো ইয়ানসেনের বলে হৃদয় এলবিডব্লিউ না হলে সুযোগ ছিল দ্বিতীয় দিন এই জুটিকে আরও অন্য মাত্রা দেওয়ার। হৃদয় ১৩৭ রানে থামলেও লিটনের ব্যাটে তখনো রানের ফুলঝুরি। দিনের শেষ পর্যন্ত সেঞ্চুরির অপেক্ষায় থেকে যান তিনি। 

দিনের শুরুতে যে বাংলাদেশকে মনে হচ্ছিল দ্রুত গুটিয়ে যাবে, দিন শেষে সেই দলই দাঁড় করিয়েছে লড়াই করার মতো পুঁজি। একদিকে রাবাদার পাঁচ উইকেটের দাপট, অন্যদিকে হৃদয়-লিটনের ব্যাটে বাংলাদেশের প্রত্যাবর্তন—প্রথম দিনটি তাই হয়ে থাকল দুই ভিন্ন গল্পের।

২২ রানে তিন উইকেট হারানোর পর এমন প্রত্যাবর্তন শুধু স্কোরবোর্ডে রান যোগ করার গল্প নয়; এটি সাহস, ধৈর্য আর সামর্থ্যের গল্প। জোহানেসবার্গের আকাশে প্রথম দিন শেষে তাই বাংলাদেশের জন্য স্বস্তির আলো। আর সেই আলোর সবচেয়ে উজ্জ্বল নাম তাওহীদ হৃদয়।

  • সর্বশেষ