মনিরুল ইসলাম : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় পেট্রোল বোমা ব্যবহার কিংবা বাড়ি থেকে কেউ বের হতে পারেননি—এমন বিষয়ে কোনো চূড়ান্ত মন্তব্য করেননি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ঘটনার দিন সংশ্লিষ্টদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কেবল প্রাথমিক ধারণা তুলে ধরেছিলেন। তদন্ত প্রভাবিত করার কোনো উদ্দেশ্য তার ছিল না।
এদিকে এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি নির্ধারিত তিন দিনের কার্যক্রম শেষে প্রতিবেদন জমা দিতে যাচ্ছে। সোমবার ১৬ নভেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আজ রোববার ১৫ নভেম্বর জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বক্তব্যের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন।
এর আগে নুসরাত তাবাসসুম অভিযোগ করেন, তার বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা তদন্তাধীন থাকা অবস্থায় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর আগের বক্তব্যে ঘটনাটিকে ‘শর্ট সার্কিট’ ও ‘পরিত্যক্ত বাড়ি’ হিসেবে উপস্থাপন করা হয়েছে। এতে তদন্ত ও বিচারপ্রক্রিয়া প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১১ নভেম্বর দিবাগত রাত ১২টা ২০ মিনিটে কুষ্টিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরদিন ১২ নভেম্বর সংসদে বিরোধী দলের চিফ হুইপ বিষয়টি উত্থাপন করলে তিনি প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি তথ্যবহুল বক্তব্য দিয়েছিলেন।
তিনি জানান, ঘটনার দিন সকালেই ফায়ার সার্ভিসের মহাপরিচালক, বিজিবির মহাপরিচালক, পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেন। পরে বিকেলে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালককে (ডিডিএলজি) প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে বিজিবির মেজর পদমর্যাদার একজন কর্মকর্তা, পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার এবং ফায়ার সার্ভিসের একজন অতিরিক্ত পরিচালককে রাখা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্ত কমিটিকে শুক্রবার ও শনিবারসহ তিন দিনের সময় দেওয়া হয়েছিল। রোববার তাদের তদন্তের মেয়াদ শেষ হচ্ছে। সোমবার তারা প্রতিবেদন জমা দেবে।
ঘটনার প্রাথমিক পর্যবেক্ষণ তুলে ধরে তিনি বলেন, ফায়ার সার্ভিস বা সংশ্লিষ্ট কর্মকর্তারা তখন ঘটনাস্থলে পেট্রোল বোমার কোনো আলামত পাননি। পাশাপাশি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলেও প্রাথমিক ধারণা করা হয়েছিল। তবে তিনি কোনো চূড়ান্ত বা সিদ্ধান্তমূলক বক্তব্য দেননি। তদন্ত শেষ হওয়ার পরই প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে—এ কথাও তিনি জানিয়েছিলেন।
বাড়ি থেকে কেউ বের হতে পারেননি—এমন বক্তব্যও তিনি কখনো দেননি বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পরবর্তী সময়ে তিনি নিজেও ঘটনার একটি ভিডিও ফুটেজ দেখেছেন। সেখানে একজন নারীকে শিশু সন্তান কোলে নিয়ে বাড়ি থেকে বের হতে দেখা গেছে। বাড়িতে একটি ছাগল মারা যাওয়ার বিষয়টি সত্য এবং সেখানে গরুও ছিল বলে তিনি শুনেছেন। এসব বিষয় তদন্তের আওতাভুক্ত।
ঘটনার দিন কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল জানিয়ে মন্ত্রী বলেন, পরবর্তী সময়ে মামলার বিষয়টিও আইনগত প্রক্রিয়ায় এগোচ্ছে। টেলিফোনে হুমকির ঘটনায় করা জিডি এবং সাইবার অপরাধীদের শনাক্ত করার বিষয়েও আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তদন্ত প্রভাবিত করার অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি কিংবা জাতীয় সংসদের কেউ তদন্ত প্রভাবিত করার উদ্দেশ্যে বক্তব্য দেন না। কোনো সংসদ সদস্যের ওপর আক্রমণ কিংবা জানমালের ওপর হামলার ঘটনাকে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে। এ ধরনের ঘটনা কঠোরভাবে বিবেচনা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে বিষয়টি নিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রুলিং দেন। তিনি বলেন, কোনো সংসদ সদস্যের মনে তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। এটি অসংসদীয় বক্তব্য নয়। তবে স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু তদন্তের ব্যবস্থা নিয়েছেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন, তাই তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করা উচিত।
একই সঙ্গে নুসরাত তাবাসসুমকে ধৈর্য ধরার আহ্বান জানান স্পিকার।