শিরোনাম
◈ অবৈধ সিমে ভয়ংকর সাইবার প্রতারণা, এক বছরে জব্দ লক্ষাধিক ◈ রমজান উপলক্ষে খেজুরে ৮০ শতাংশ, আপেল-মাল্টায় প্রায় ৫০ শতাংশ আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত সরকারের ◈ ব্লাইন্ড এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই পাকিস্তানের কাছে ১২৬ রানে হারলো বাংলাদেশ ◈ এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা ◈ দুই থেকে তিন মাসের মধ্যে আন্তর্জাতিক বাজারে বন্ড ছাড়তে যাচ্ছে বাংলাদেশ ◈ কাগজে-কলমে কমেছে দারিদ্র্য, অথচ খাবার জোগাতে হিমশিম লাখো ভারতীয় ◈ সেন্ট মার্টিনে ১১ জেলের জালে ৮৬০ মাছ, বিক্রি হলো ১০ লাখ টাকায় ◈ ২০২৭ সালের ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, বছরে সাশ্রয় হবে ৮০০ কোটি টাকা ◈ আইএমএফের নতুন ঋণ কর্মসূচিতে যাচ্ছে বাংলাদেশ, জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত: অর্থমন্ত্রী ◈ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গিতে অসম্মান নয়, আন্তরিকতাই দেখেছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৬, ০৯:৫৭ রাত
আপডেট : ১৫ নভেম্বর, ২০২৬, ০৯:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনাকে ফেরানো নিয়ে সরকারের বক্তব্যে অসংগতি, সংসদে রুমিন ফারহানার প্রশ্ন

মনিরুল ইসলাম : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা, তাঁর পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়া এবং প্রত্যর্পণ প্রক্রিয়া নিয়ে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের বক্তব্যে পরস্পরবিরোধিতা রয়েছে বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সরকারের বিভিন্ন পর্যায় থেকে আসা ভিন্ন ভিন্ন বক্তব্যের মধ্যে সমন্বয়হীনতা তুলে ধরে তিনি প্রশ্ন করেছেন, শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে সরকারের প্রকৃত অবস্থান কী?

আজ রোববার  ১৫ নভেম্বর জাতীয় সংসদে ৭১ বিধিতে দেওয়া নোটিশের ওপর বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব প্রশ্ন তোলেন। এ সময় শেখ হাসিনার দেশে ফেরা, পাসপোর্টের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, নতুন পাসপোর্ট ও এনআইডি এবং ভারত থেকে তাঁকে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিদের সাম্প্রতিক বক্তব্য তুলে ধরেন রুমিন ফারহানা।

বক্তব্যের শুরুতে বাংলা সাহিত্যের বিখ্যাত উক্তি ‘কাদম্বরী মরিয়া প্রমাণ করিয়াছিলেন যে তিনি মরেন নাই’ উল্লেখ করে রুমিন বলেন, শেখ হাসিনা দেশে উপস্থিত না থেকেও বিভিন্ন মাধ্যমে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন। গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনাকে এর সর্বশেষ উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি।

রুমিন ফারহানা বলেন, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা সাম্প্রতিক সময়ে যেসব বক্তব্য দিয়েছেন, সেগুলোর মধ্যে কোনো সামঞ্জস্য খুঁজে পাওয়া যাচ্ছে না।

Advertisement

তিনি বলেন, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড. জায়েদ উর রহমান গত ৯ নভেম্বর বলেছেন, শেখ হাসিনা নিজে দেশে ফিরুন কিংবা তাঁকে ফিরিয়ে আনা হোক—সরকারের চাওয়া একটাই, তাঁর দেশে ফেরা ঠেকাতে চায় না সরকার। এমনকি মৃত্যুদণ্ডে দণ্ডিত হলেও শেখ হাসিনা এখনো বাংলাদেশের নাগরিক বলে মন্তব্য করেছেন তিনি।

উপদেষ্টার এই বক্তব্যের প্রসঙ্গ টেনে রুমিন ফারহানা বলেন, শেখ হাসিনা যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন এবং সরকার তাঁর দেশে ফেরা ঠেকাতে না চায়, তাহলে তাঁর পাসপোর্টের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক।

অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বক্তব্য তুলে ধরে তিনি বলেন, শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। গত ৯ নভেম্বর তিনি বলেছেন, কোনো সন্ত্রাসীকে বাংলাদেশ পাসপোর্ট দেবে না। শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট বা এনআইডি দেওয়ারও কোনো পরিকল্পনা সরকারের নেই। আবার অন্য বক্তব্যে তাঁকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফিরিয়ে আনার কথা বলা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেও ভিন্ন অবস্থান উঠে এসেছে বলে দাবি করেন রুমিন। তিনি বলেন, গত ৯ নভেম্বর শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আবেদনটির সত্যতা এখনো যাচাই করা হয়নি। আবেদনের আইনগত ভিত্তি পর্যালোচনা করে পররাষ্ট্র মন্ত্রণালয় বা আইন মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। একই সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে চিঠি দেওয়ার কথাও বলেছেন তিনি।

এ ছাড়া আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামানের ৮ ও ১৪ নভেম্বরের বক্তব্যের প্রসঙ্গ টেনে রুমিন বলেন, আইনমন্ত্রী জানিয়েছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার সব আইনি প্রক্রিয়া সরকার সম্পন্ন করেছে। এখন সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি ভারতের হাতে। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনার আপিলের কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেছেন আইনমন্ত্রী।

সরকারের এসব বক্তব্যের মধ্যে অসংগতি তুলে ধরে রুমিন ফারহানা বলেন, একদিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পাসপোর্টের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে মত দিচ্ছেন, অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরাসরি পাসপোর্ট না দেওয়ার কথা বলছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আবেদনটির সত্যতা এখনো যাচাই করা হয়নি। আবার একই দিনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবেদনটিকে হাস্যকর বলে প্রত্যাখ্যান করছেন।

তিনি বলেন, সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদের বক্তব্যে এমন পার্থক্য থাকলে শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে সরকারের অবস্থান নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি হয়।

সরকারের বিভিন্ন পর্যায়ের বক্তব্যের মধ্যে সমন্বয়হীনতার বিষয়টি তুলে ধরে বক্তব্য অব্যাহত রাখার একপর্যায়ে সংসদে রুমিন ফারহানার মাইক বন্ধ করে দেওয়া হয়।

শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে সরকারের অবস্থান, পাসপোর্ট ও এনআইডি-সংক্রান্ত আবেদন এবং ভারতের সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়া—সব মিলিয়ে সংসদে রুমিন ফারহানার বক্তব্যে সরকারের নীতিগত অবস্থান ও দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্যের সামঞ্জস্যের প্রশ্নটি নতুন করে সামনে এসেছে।

  • সর্বশেষ