স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে ইরান নিয়ে সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটা ঘটনা, পশ্চিম এশিয়ায় সংঘর্ষ পরিস্থিতি এবং সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রচ্ছন্ন হুমকির পর পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। তবে কানাডার ভ্যাঙ্কুভারে আয়োজিত ফিফা কংগ্রেসে ইরান সম্পর্কে সুর নরম করলেন আমেরিকার প্রেসিডেন্ট।
সভায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনো বলেছেন, একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই। সেটা হল, আসন্ন বিশ্বকাপে ইরান অবশ্যই অংশগ্রহণ করবে এবং তাদের ম্যাচগুলো আমেরিকাতেই হবে। এরপরই ট্রাম্প বলেন, ‘জিয়ান্নি যখন বলেছেন, আমার আর কোনও আপত্তি নেই। জিয়ান্নি ইনফ্যান্টিনো আমাদের কাজের একটা অংশ।
ওদের খেলতে দাও। জিয়ান্নি আমার বন্ধু। অসাধারণ মানুষ। ও এটা নিয়ে আমার সঙ্গে আগেই কথা বলেছিল। বলেছিলাম, তোমার যা ইচ্ছা কর। তুমি ওদের নিতে পার। আবার না নিলেও হবে। কিন্তু ওদের দল কি ভাল? এটা বিশ্বাস করা কঠিন। তা–ও বলব, ওদের খেলতে দেওয়া উচিত।
যদিও ফুটবল বিশ্বকাপের আগে বিশ্বকে একসূত্রে বাঁধার ইনফ্যান্টিনোর চেষ্টা ব্যর্থ হয়েছে ফিফা কংগ্রেসে। নিজের প্রশাসনিক দক্ষতা দেখানোর জন্য তিনি মঞ্চে এক সঙ্গে ডাকেন প্যালেস্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জিবরিল রাজুব এবং ইসরায়েলের ফুটবল সংস্থার প্রতিনিধি তথা সহ–সভাপতি শেখ সুলিমানকে। দু’জনে মঞ্চে ওঠার পর ইনফ্যান্টিনো বলেন, ‘আগামী বছর ফিফা সভাপতি নির্বাচনে আমি প্রার্থী হব। আমি চেয়েছি, আপনারাই সকলের আগে বিষয়টি জানুন।
আপনাদের উৎসাহ এবং সমর্থনের জন্য ধন্যবাদ। এ কথা বলার পর রাজুব এবং সুলিমানের সঙ্গে করমর্দন করেন ফিফা সভাপতি। কিন্তু সুলিমানের সঙ্গে হাত মেলাতে রাজি হননি রাজুব। এমনকি একসঙ্গে ছবি তোলা নিয়েও আপত্তি জানান। অপ্রস্তুত ইনফ্যান্টিনো পরিস্থিতি সামাল দিতে বলেন, ‘আমরা একসঙ্গে কাজ করব। সভাপতি রাজুব এবং সহ–সভাপতি সুলিমান আসুন শিশুদের আশা জোগাতে আমরা একসঙ্গে কাজ করি। এগুলো জটিল বিষয়।
এই বিষয়ে প্যালেস্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সহ–সভাপতি সুসান শালাবি বলেন, ‘রাজুব বলেছেন, ‘ইসরায়েলিরা তাদের ফ্যাসিবাদ এবং গণহত্যাকে ধামাচাপা দিতে যাঁকে নিয়ে এসেছে, আমি তাঁর সঙ্গে করমর্দন করতে পারব না। আমরা ওদের জন্য কষ্ট পাচ্ছি।