সামাজিক যোগাযোগমাধ্যমে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ফজলুর রহমান। এ ধরনের ভুয়া সংবাদে বিভ্রান্ত না হতে সবাইকে সতর্কও করেছেন তিনি।
রবিবার (২২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বিষয়ে সতর্কবার্তা দেন ফজলুর রহমান।
পোস্টে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের বিষয়ে একটি বিভ্রান্তিকর ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। তবে প্রচারিত ফটোকার্ডের তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। বাস্তবতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
এতে আরও বলা হয়, যাচাই-বাছাই ছাড়া কোনো সংবাদ বা তথ্য বিশ্বাস কিংবা প্রচার করা উচিত নয়। এ ধরনের বিভ্রান্তি এড়াতে ফজলুর রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজ ও এএমআই টিভির পেজ অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সত্য তথ্য প্রচার এবং মিথ্যা তথ্য ও অপপ্রচার থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ফজলুর রহমানের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণাসংক্রান্ত একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ে। এতে দাবি করা হয়, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি। তবে নিজের ফেসবুক পোস্টে এ দাবিকে মিথ্যা ও বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছেন ফজলুর রহমান।