শিরোনাম
◈ ২০৩১ সা‌লের বিশ্বকাপের সেমিফাইনাল বাংলা‌দে‌শের মাটিতে চায় বিসিবি  ◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ ◈ ‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’ ◈ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ◈ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার ◈ ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ◈ বড় উত্থান শেয়ারবাজারে, ১২০০ কোটি টাকা ছাড়াল লেনদেন ◈ মির্জা আজমকে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৬, ০৮:৪৫ রাত
আপডেট : ২২ নভেম্বর, ২০২৬, ০৮:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে নতুন আসা ব্যক্তিদের ওপর কড়া নজর রাখছে ডিএমপি

দৈনিক আমাদের সময় : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে রাজধানীতে নতুন আসা ব্যক্তিদের পরিচয় ও অতীত অপরাধের তথ্য যাচাইয়ে নজরদারি বাড়িয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসে বসবাস, কর্মসংস্থান কিংবা আশ্রয় নেওয়া ব্যক্তিদের সম্পর্কে তথ্য সংগ্রহ করছে ডিএমপির ৫০টি থানা। এ জন্য অন্য থানা বা এলাকা থেকে আসা দাগী, সাজাপ্রাপ্ত কিংবা সন্দেহভাজন ব্যক্তিদের স্থায়ী ঠিকানায় পুলিশ রেগুলেশনস, বেঙ্গল (পিআরবি) অনুযায়ী পাঠানো হচ্ছে বি-রোল। সংশ্লিষ্ট থানা থেকে পাওয়া প্রতিবেদনের ভিত্তিতে ওই ব্যক্তির বিরুদ্ধে অতীতে কোনো অপরাধের রেকর্ড রয়েছে কিনা, তা যাচাই করা হচ্ছে।

ডিএমপির একাধিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমাদের সময়কে বলেন, বি-রোলের মাধ্যমে ঢাকায় নতুন এসে বসবাস বা আশ্রয় নেওয়া ব্যক্তিদের অতীত অপরাধের তথ্য জানতে পারছে পুলিশ। কারও বিরুদ্ধে অপরাধে সংশ্লিষ্টতা বা আগের কোনো রেকর্ড পাওয়া গেলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের চলাফেরার ওপরও নজর রাখা হচ্ছে। তবে বি-রোল ইস্যু করা মানেই সংশ্লিষ্ট ব্যক্তি অপরাধী, এমন নয়। এটি মূলত তার পরিচয় ও অতীত অপরাধের তথ্য যাচাইয়ের একটি প্রক্রিয়া।

ডিএমপির আটটি বিভাগের ৫০টি থানায় গত তিন মাসে মোট ৫২ হাজার ৪৮০টি বি-রোল ইস্যু করা হয়েছে। এর মধ্যে আগস্টে ১৭ হাজার ২৭৮টি, সেপ্টেম্বরে ১৮ হাজার ২৬৭টি এবং অক্টোবরে ১৬ হাজার ৯৩৫টি বি-রোল পাঠানো হয়। পরিসংখ্যান অনুযায়ী, আগস্টের তুলনায় সেপ্টেম্বরে বি-রোল ইস্যুর সংখ্যা বেড়েছিল ৯৮৯টি। তবে অক্টোবরে সেপ্টেম্বরের তুলনায় তা কমেছে ১ হাজার ৩৩২টি। শতকরা হিসাবে এই হার প্রায় ৭ দশমিক ৩ শতাংশ। তিন মাসের মধ্যে সেপ্টেম্বরে সবচেয়ে বেশি বি-রোল ইস্যু করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ঢাকার বাইরে থেকে এসে যারা অটোরিকশা চালাচ্ছেন, ক্ষুদ্র ব্যবসা করছেন, ভ্রাম্যমাণ দোকান পরিচালনা করছেন কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে শ্রমিক ও কর্মচারী হিসেবে নতুন নিয়োগ পেয়েছেন, তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এসব ব্যক্তির পরিচয় ও স্থায়ী ঠিকানা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট থানায় বি-রোল পাঠানো হচ্ছে। এ ক্ষেত্রে সবচেয়ে বেশি বি-রোল ইস্যু করা হচ্ছে ঢাকায় এসে অটোরিকশা চালানো ব্যক্তিদের বিষয়ে। বিভিন্ন পেশায় নতুন যুক্ত হওয়া ব্যক্তিদের অতীত অপরাধের তথ্যও যাচাই করছে পুলিশ।

Advertisement

জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন আমাদের সময়কে বলেন, ‘বি-রোল ইস্যু পুলিশের একটি নিয়মিত প্রক্রিয়া। এটি চলমান রয়েছে। ডিএমপির প্রতিটি থানা পুলিশ সন্দেহভাজন ব্যক্তিদের সম্পর্কে জানতে বিধি অনুযায়ী বি-রোল ইস্যু করছে।’

পুলিশের বিধিমালা অনুযায়ী, বি-রোলের পূর্ণাঙ্গ নাম ব্যাড ক্যারেক্টার রোল-বি। পুলিশ রেগুলেশনস, বেঙ্গল (পিআরবি), ১৯৪৩-এর ৩৪৪ ও ৩৪৪(ক) বিধিতে এ বিষয়ে নির্দেশনা রয়েছে। বি.পি. ফরম নম্বর-৬০ এবং বাংলাদেশ ফরম নম্বর-৫৩৭৬Ñ এ এই প্রতিবেদন তৈরি করা হয়। অন্য থানা বা এলাকা থেকে কোনো অপরাধপ্রবণ কিংবা সন্দেহভাজন ব্যক্তি কোনো থানার এলাকায় এলে তার পরিচয়, অতীত অপরাধের ইতিহাস ও চলাফেরার তথ্য যাচাই করাই বি-রোলের মূল উদ্দেশ্য।

বিধি অনুযায়ী, কোনো সন্দেহভাজন বা অপরিচিত ব্যক্তি অন্য থানা এলাকায় এলে তিনি যে থানার স্থায়ী বাসিন্দা বলে দাবি করেন, সেই থানার ওসির কাছে বি-রোল পাঠানো হয়। সংশ্লিষ্ট থানার পুলিশ ওই ব্যক্তির পরিচয়, চরিত্র ও অপরাধের অতীত যাচাই করে জরুরি ভিত্তিতে প্রতিবেদন পাঠায়। তবে বি-রোলের জবাব আসার আগেই ওই ব্যক্তি সংশ্লিষ্ট থানা এলাকা ছেড়ে অন্য থানায় চলে গেলে বি-রোলের একটি অনুলিপি নতুন থানায় পাঠানোর বিধান রয়েছে। নতুন থানার ওসি প্রয়োজনীয় তথ্য যাচাই করে প্রতিবেদন ফেরত পাঠান। ফলে এক থানা থেকে অন্য থানায় চলে গেলেও ওই ব্যক্তির পরিচয় ও অপরাধের ইতিহাস যাচাইয়ের ধারাবাহিকতা বজায় থাকে।

ডিএমপির আটটি বিভাগের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, রমনা, লালবাগ, ওয়ারী, মতিঝিল, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা বিভাগের আওতাধীন থানাগুলোতে এসব বি-রোল ইস্যু করা হয়েছে। এই প্রক্রিয়ায় রাজধানীতে নতুন আসা ব্যক্তিদের পরিচয় ও অতীত অপরাধের তথ্য যাচাইয়ের পাশাপাশি বিভিন্ন এলাকার পুলিশের মধ্যে তথ্য আদান-প্রদানের সুযোগ তৈরি হচ্ছে।

  • সর্বশেষ