শিরোনাম
◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ ◈ ‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’ ◈ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ◈ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার ◈ ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ◈ বড় উত্থান শেয়ারবাজারে, ১২০০ কোটি টাকা ছাড়াল লেনদেন ◈ মির্জা আজমকে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ◈ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৬, ০৭:৪৫ বিকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০২৬, ০৭:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে টানা বৃষ্টিতে ফসলের ব‍্যাপক ক্ষতি দুশ্চিন্তায় কৃষকরা 

এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে টানা কয়েক দিনের অকালবৃষ্টি ও দমকা হাওয়ায় বগুড়ার আদমদীঘিতে আমন ধান, সরিষা এবং শীতকালীন শাকসবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। টানা তিন দিনের অকালবৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় বিস্তীর্ণ ফসলি জমি জলাবদ্ধ হয়ে পড়েছে। মাঠপর্যায়ে পাকা ফসল ঘরে তোলার ভরা মৌসুমে এই দুর্যোগে কৃষকরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। 

বিশেষ করে মাঠে কাটা আমন ধান ভিজে যাওয়া এবং জমিতে জলাবদ্ধতা তৈরি হওয়ায় লোকসানের শঙ্কা করছেন তারা। এ ছাড়া আলু, সরিষা, পেঁয়াজ ও রসুনসহ শীতকালীন বিভিন্ন সবজির খেতেও পানি জমেছে। এতে ফলন কমে যাওয়ার পাশাপাশি উৎপাদন খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

গত ৩ দিন ধরে উপজেলায় মাঝারি ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সঙ্গে বেড়েছে শীতের আমেজও।  বৈরী আবহাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রায় কিছুটা ছন্দপতন ঘটেছে। প্রয়োজন ছাড়া খুব একটা বাইরে বের হচ্ছেন না স্থানীয় বাসিন্দারা। এতে খেটে খাওয়া ও কর্মজীবী মানুষের দৈনন্দিন আয়-রোজগারেও টান পড়েছে।

রবিবার (২২ নভেম্বর) সরিজমিনে ঘুরে দেখা গেছে উপজেলার কায়েতপাড়া গ্রামের কৃষক শফির উদ্দিন এবার ৫৮ বিঘা জমিতে আমন ধানের আবাদ করেছেন। এর মধ্যে ১২ বিঘা জমির ধান কেটে মাঠেই রেখেছিলেন, খড় শুকালে মাড়াই করার কথা ছিল। কিন্তু শুক্রবার থেকে টানা বৃষ্টিতে জমিতে পানি জমে কাটা ধান ভিজে গেছে। আর জমিতে দাঁড়িয়ে থাকা বাকি ধান বাতাসে হেলে পড়ে পানিতে তলিয়ে যাচ্ছে। এতে ফলন কমার পাশাপাশি ধান শুকানো ও মাড়াইয়ে বাড়তি শ্রমিক খরচ গুনতে হবে বলে জানান তিনি।

Advertisement

সান্তাহার ইউনিয়নের কাশিমিলা গ্রামের কৃষক ফারুক মোল্লা কয়েক দিন আগে ১০ বিঘা জমিতে সরিষা বুনেছিলেন। কিছু জমিতে চারাও গজিয়েছে। তবে ৩দিনের বৃষ্টিতে জমিতে পানি জমে যাওয়ায় বিপাকে পড়েছেন তিনি। যেসব বীজ এখনো গজায়নি, সেগুলো ঠিকমতো অঙ্কুরিত হবে কি না, তা নিয়ে সংশয়ে আছেন। আর গজানো চারায় পানি জমে থাকলে পচন ধরার আশঙ্কা রয়েছে। কেবল ফারুক মোল্লা নন, ওই এলাকার প্রায় ৫০০ থেকে ৬০০ বিঘা জমির সরিষা নিয়েই দুশ্চিন্তায় রয়েছেন কৃষকেরা।

আদমদীঘি সদর ইউনিয়নের শালগ্রাম গ্রামের কৃষক আব্দুল গফুর বলেন, এই সময়ে হঠাৎ বৃষ্টিতে জমিতে পানি জমে যাওয়ায় মাটি শুকাতে সময় লাগবে। ফলে রবি শস্য আবাদ শুরু করতে দেরি হতে পারে। সময়মতো জমি তৈরি করতে না পারলে অনেক কৃষক রবি শস্য চাষে নিরুৎসাহিত হয়ে পড়তে পারেন বলে আশঙ্কা তার।

উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, আমন ধান কাটার কাজ শেষ হলেই কৃষকেরা পুরোদমে রবি শস্য চাষে নামেন। চলতি মৌসুমে উপজেলায় ৫ হাজার ৪০০ হেক্টর জমিতে সরিষা, ৩ হাজার হেক্টরে আলু, ৫৫ হেক্টরে কাঁচা মরিচ এবং ৩৭০ হেক্টর জমিতে অন্যান্য শাকসবজি আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রবিউল ইসলাম বলেন, বৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি। আবহাওয়া দ্রুত স্বাভাবিক হলে ক্ষতিগ্রস্ত ফসল অনেকটাই ঘুরে দাঁড়াতে পারে। তবে কোনো কোনো শাকসবজি ও ফসলের জন্য এই বৃষ্টি উপকারীও হতে পারে। মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করে ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণ করা হবে বলে জানান তিনি।

  • সর্বশেষ