সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জিম্মি করে রাখা নারী ও শিশুসহ আট রোহিঙ্গাকে উদ্ধার করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী। এ সময় মানবপাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় টেকনাফ উপজেলার লেঙ্গুরবিল এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে লেঙ্গুরবিল এলাকায় ২০ থেকে ২৫ জনকে জিম্মি করে রেখেছিল একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র। এমন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী ওই এলাকায় অভিযান চালায়। যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে মানবপাচারকারী চক্রের সদস্য ও কয়েকজন ভুক্তভোগী পালিয়ে যান।
পরে ঘটনাস্থল থেকে পাঁচ নারী, দুই পুরুষ ও আট মাস বয়সী এক শিশুসহ মোট আটজনকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সবাই উখিয়ার ১৮ ও ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মানবপাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।