আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে ২০২৬ সালের শুরুর দিকে নতুন করে ছড়িয়ে পড়ে ভয়াবহ সংঘর্ষ। কয়েক সপ্তাহ ধরে সীমান্তবর্তী আফগান গ্রামগুলোতে চলে গোলাবর্ষণ। জুনে পরিস্থিতি কিছুটা শান্ত হলে ঘরে ফিরতে শুরু করেন বাস্তুচ্যুত পরিবারগুলো। ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামতের কাজও শুরু হয়। তবে সেই শান্তি ছিল সাময়িক। দুই পক্ষই অস্ত্র হাতে প্রস্তুত ছিল নতুন সংঘাতের জন্য।
কুনার প্রদেশের সীমান্তবর্তী গ্রামের পুলিশ কমান্ডার ইব্রাহিমের কথায়, ‘কোনো কারণ ছাড়াই তারা গুলি চালায়, আমরাও পাল্টা গুলি করি। লড়াইয়ের বিশেষ কোনো কারণ নেই।’ তাঁর বাড়ির উঠানে দাঁড়িয়ে কথা বলার সময় তিনি দেখিয়েছিলেন আফগানিস্তান ও পাকিস্তানকে পৃথক করা পাহাড়গুলো। শৈশব থেকেই যুদ্ধ দেখে আসছেন ইব্রাহিম। প্রথমে সোভিয়েত বাহিনী, পরে মার্কিন সেনাদের বিরুদ্ধে লড়েছেন। এখন প্রতিপক্ষ পাকিস্তানি সেনাবাহিনী। কোন যুদ্ধ সবচেয়ে সহজ ছিল, এমন প্রশ্নে দীর্ঘ নীরবতার পর তাঁর উত্তর, ‘সহজ যুদ্ধ বলে কিছু নেই। সব যুদ্ধই খারাপ।’
আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের নাম ডুরান্ড লাইন। ১৮৯৩ সালে ব্রিটিশ ভারত ও আফগান আমিরাতের মধ্যে নির্ধারিত এই সীমান্ত পশতুন জনগোষ্ঠীকে দুই দেশে বিভক্ত করেছে। দীর্ঘদিনের এই সীমান্তবিরোধের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ইস্যু। পাকিস্তানের অভিযোগ, আফগান তালেবান সরকার টিটিপি যোদ্ধাদের আশ্রয় দিচ্ছে এবং তাদের পাকিস্তানে হামলার সুযোগ করে দিচ্ছে। কাবুল অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। আফগানিস্তানের ভেতরে পাকিস্তানের সামরিক অভিযানকে তারা সার্বভৌমত্বের লঙ্ঘন বলে দাবি করেছে।
এই উত্তেজনাই ২০২৬ সালের শুরুর দিকে ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়। সীমান্তে গোলাবর্ষণের পাশাপাশি আফগানিস্তানের অভ্যন্তরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় পাকিস্তান। জাতিসংঘের আফগানিস্তান সহায়তা মিশনের (ইউএনএএমএ) হিসাব অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত সংঘর্ষে আফগানিস্তানে ৫৬ জন বেসামরিক নাগরিক নিহত হন। আহত হন আরও ১২৯ জন। হতাহতদের ৫৫ শতাংশই নারী ও শিশু।
আশ্রয়শিবিরে ৩০০ শিশু
সংঘর্ষের পর সীমান্তবর্তী মানুষের জীবন কেমন, তা দেখতে জুনে কুনার প্রদেশে যান এক সাংবাদিক। কাবুল থেকে দুর্গম পথ পেরিয়ে সীমান্তে পৌঁছাতে লেগেছিল প্রায় পুরো এক দিন। পথে একাধিকবার গাড়ি পরিবর্তন করতে হয়। স্থানীয় পোশাক পরেও নিরাপত্তা চেকপোস্টে নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছিল তাঁকে। এক সেনাসদস্য তাঁর অনুমতিপত্র জাল বলে সন্দেহ করেন। পরে সংশ্লিষ্ট তালেবান কর্মকর্তার ছবি দেখানোর পর মিলেছিল যাওয়ার অনুমতি।
পরদিন কুনার নদীর পাশের দুর্গম সড়ক ধরে সীমান্তের দিকে যাত্রা শুরু হয়। পথে ইউনিসেফের সাদা তাঁবুতে তৈরি একটি আশ্রয়শিবিরে দেখা মেলে কয়েক শ শিশুর। সেখানে ফরিদ জানান, সংঘর্ষ থেকে পালিয়ে আসা প্রায় ৩০০ শিশু শিবিরটিতে আশ্রয় নিয়েছে। তাদের দেখাশোনা ও পড়াশোনার ব্যবস্থা করছেন তাঁরা। তাঁর দাবি, পাকিস্তানের সীমান্তবর্তী কয়েকটি গ্রামের বাসিন্দারাও হয়রানির শিকার হয়েছেন। সংঘাত তীব্র হলে অনেক পরিবার বাড়িঘর ছেড়ে আফগানিস্তানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।
সীমান্তের কাছে পাহাড়ি এলাকায় কয়েক মিটার উঁচু দুটি সমান্তরাল বেড়া দিয়ে চিহ্নিত করা হয়েছে দুই দেশের সীমানা। বেড়াজুড়ে কাঁটাতারের বিস্তার। নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন, কয়েক সপ্তাহ ধরে সীমান্তে নতুন করে গুলির ঘটনা ঘটেনি। তবে পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে।
হাসপাতাল-স্কুলেও যুদ্ধের ক্ষত
সীমান্তবর্তী বারিকোট গ্রামে পৌঁছালে চোখে পড়ে সংঘর্ষের ভয়াবহ চিহ্ন। প্রায় প্রতিটি দেয়ালেই গোলা ও বিস্ফোরণের ক্ষত। গ্রামের একমাত্র চিকিৎসক মোহাম্মদের সঙ্গে দেখা হয় বিধ্বস্ত হাসপাতালের সামনে। হাসপাতালের লোহার ফটকে গোলার স্প্লিন্টারের অসংখ্য গর্ত। বিস্ফোরণে উপড়ে গেছে বিভিন্ন ওয়ার্ডের জানালার ফ্রেম, দেয়ালে ফাটল। ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে চিকিৎসার সরঞ্জাম।
হামলার আগেই রোগীদের সরিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু হাসপাতাল ছাড়েননি মোহাম্মদ। গোলাবর্ষণের মধ্যেও গ্রামের মানুষের চিকিৎসার দায়িত্ব পালন করেছেন তিনি। তাঁর কাছে যুদ্ধের মধ্যেও মানুষের পাশে থাকাটাই ছিল সবচেয়ে জরুরি। শুধু হাসপাতাল নয়, গোলাবর্ষণের শিকার হয়েছে গ্রামের স্কুল, মসজিদ ও সাধারণ মানুষের বাড়িঘরও।
স্কুলের ভেতরে তখন নীরবতা। অথচ একসময় যেখানে শিশুদের কোলাহল থাকত, সেখানে পড়ে আছে নিস্তব্ধতা। ব্ল্যাকবোর্ডে রয়ে গেছে চক দিয়ে লেখা পাঠের নোট। তাকভর্তি ধর্মীয় বই, ফাঁকা করিডর। একটি শ্রেণিকক্ষের ছাদে গোলার আঘাতে তৈরি হয়েছে বিশাল গর্ত। সেই গর্ত দিয়েই ঘরে ঢুকছে দিনের আলো। তবে এই আলো কোনো আশার বার্তা নিয়ে আসেনি; বরং মনে করিয়ে দিচ্ছে যুদ্ধের নির্মমতা।
গোলাগুলি থেমেছে, কিন্তু যুদ্ধের ক্ষত মুছে যায়নি। কোথাও ধ্বংসস্তূপ, কোথাও স্বজন হারানোর স্মৃতি, কোথাও ঘরছাড়া মানুষের দীর্ঘশ্বাস। সীমান্তের দুই পাশে বসবাসকারী সাধারণ মানুষের কাছে শান্তি এখনো অধরা। অস্ত্রের শব্দ সাময়িকভাবে স্তব্ধ হলেও তাদের জীবনে যুদ্ধের আতঙ্ক রয়ে গেছে।