সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে ১৪ টুকরা গর্জন গোলকাঠ ও কাঠ পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত বোট জব্দ করেছে বন বিভাগ। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রোববার (২৯ নভেম্বর) ভোররাতে মহেশখালী উপজেলার জে এম ঘাটসংলগ্ন নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এম এ হাসানের সার্বিক নির্দেশনায় মহেশখালী রেঞ্জ কর্মকর্তা হুমায়ুন কবিরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে শাপলাপুর বিট কর্মকর্তা মিল্টন চন্দ্র সরকারসহ বন বিভাগের সদস্যরা অংশ নেন।
অভিযানকালে ১৪ টুকরা গর্জন গোলকাঠ জব্দ করা হয়, যার আনুমানিক পরিমাণ ৩৭ দশমিক ৩০১০ ঘনফুট। এ ছাড়া কাঠ পরিবহনে ব্যবহৃত একটি ছোট ইঞ্জিনচালিত বোটও জব্দ করা হয়।
বন বিভাগ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বনজ সম্পদ রক্ষা ও অবৈধ কাঠ পাচার প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।