শিরোনাম
◈ ডিসেম্বরে চালু হচ্ছে চট্টগ্রামের ৩ বড় প্রকল্প, কমবে যানজট-জলাবদ্ধতা ◈ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের অব্যবহৃত জমিতে ৫৪৬১ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা বাংলাদেশের ◈ কক্সবাজার সমুদ্রসৈকতের ৩০০-৫০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত সরকারের ◈ ‘কোনো চিন্তা করিস না, কয়েকদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে: এক স্বজন নারীকে সাঈদ খোকনের আশ্বাস ◈ মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিতে স্থগিত আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ উড্ডয়নের আগে চাকা থেকে ধোঁয়া, শাহজালালে ইউএস-বাংলার জেদ্দাগামী ফ্লাইট বাতিল ◈ এইচএসসির ফল বিপর্যয়, ২২ শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব ◈ এশিয়ার দেশগুলোর সঙ্গে বাড়ছে বাণিজ্য ঘাটতি ◈ দ্বিতীয় টে‌স্টের তৃতীয় দিন ভারত প‌ড়ে‌ছে আ‌রো বিপ‌দে ◈ অস্থিতিশীল পরিস্থিতিতে বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারের নির্দেশ বিপিডিবির

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬, ০৯:০৪ রাত
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৬, ০৯:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাহাড়, ঝরনা আর ঝিরিপথে ঘেরা অপার সৌন্দর্যের গ্রাম পাঁচগাও

শহরের ব্যস্ততা থেকে একটু দূরে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে চাইলে ঘুরে আসতে পারেন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পাঁচগাও থেকে। পাহাড়, সবুজ টিলা, ছোট ছোট ঝরনা আর ঝিরিপথে ঘেরা সীমান্তবর্তী এই গ্রামটি প্রকৃতিপ্রেমীদের জন্য হতে পারে দারুণ এক ভ্রমণস্থান। এক দিনের ভ্রমণেই এখানকার পাহাড়ি সৌন্দর্য উপভোগের পাশাপাশি কাছের বিরিশিরিও ঘুরে দেখা সম্ভব।

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নে অবস্থিত পাঁচগাও। স্থানীয়দের কাছে এলাকাটি পাঁচগাওয়ের টিলা বা কলমাকান্দার পাহাড় নামেও পরিচিত। পাহাড়টির আরেকটি পরিচিত নাম চন্দ্রডিঙ্গা। লোককথা অনুযায়ী, বহু বছর আগে চাঁদ সওদাগরের নৌকা এখানে ডুবে গিয়েছিল। পাহাড়ের আকৃতি অনেকটা নৌকার মতো হওয়ায় এর নাম হয়েছে চন্দ্রডিঙ্গা বা চন্দ্রডিঙ্গি।

সমতল ভূমির মাঝখানে মাথা তুলে দাঁড়ানো সবুজ টিলাগুলো দূর থেকেই নজর কাড়ে। অনেকে মনে করেন, এখান থেকেই গারো পাহাড়ের বিস্তার শুরু। টিলাগুলোর পাদদেশে বসবাস করেন হাজং ও গারো জনগোষ্ঠীর মানুষ। পাহাড়ের সবুজ প্রকৃতি, স্থানীয় জনপদ আর শান্ত পরিবেশ মিলিয়ে জায়গাটিতে তৈরি হয়েছে আলাদা এক আবহ।

পাঁচগাও গ্রামে পৌঁছালে চোখে পড়বে একটি পুরোনো বটগাছ। এর ছায়ায় কিছুক্ষণ বিশ্রাম নিয়ে শুরু করতে পারেন পাহাড় ঘোরার পালা। টিলায় ওঠার পথে দেখা মিলবে ছোট ও মাঝারি আকারের কয়েকটি মিনি ঝরনার। কোথাও রয়েছে সরু ঝিরিপথ, কোথাও ছোট ছোট প্রাকৃতিক ট্রেইল। ঝিরির শীতল পানিতে পা ডুবিয়ে কিছুক্ষণ বসে থাকলে ভ্রমণের ক্লান্তি অনেকটাই কমে যাবে। বর্ষা ও বর্ষা-পরবর্তী সময়ে এসব ঝিরিপথের সৌন্দর্য আরও উপভোগ্য হয়ে ওঠে। তবে তখন পাথর ও মাটি পিচ্ছিল থাকতে পারে।

Advertisement

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, একসময় এসব পাহাড়ি এলাকায় বন্য হাতির দেখা মিলত। এখন পাঁচগাওয়ে হাতি দেখা যায় না বললেই চলে। তবে সীমান্তের ওপারে ভারতের পাহাড়ি এলাকায় এখনও হাতির বিচরণ রয়েছে বলে জানান স্থানীয়রা। টিলাগুলোতে ছোট-বড় নানা প্রাণীরও বসবাস রয়েছে।

প্রকৃতির কাছাকাছি কিছুটা সময় কাটানোর পাশাপাশি স্থানীয় মানুষের জীবনযাত্রা দেখার সুযোগও মিলবে এখানে। হাজং ও গারো জনগোষ্ঠীর বসতি, পাহাড়ের পাদদেশের গ্রামীণ পরিবেশ এবং চারপাশের সবুজ প্রান্তর ভ্রমণে যোগ করবে ভিন্ন অভিজ্ঞতা। তবে স্থানীয়দের ব্যক্তিগত পরিসর ও সংস্কৃতির প্রতি সম্মান রেখে চলা জরুরি। কারও ছবি তুলতে চাইলে আগে অনুমতি নেওয়া উচিত।

পাঁচগাওয়ের কাছেই রয়েছে বিরিশিরি। হাতে সময় থাকলে একই দিনে দুই জায়গা ঘুরে দেখা যায়। পাহাড়, ঝিরি ও সবুজ প্রকৃতির সঙ্গে বিরিশিরির পরিচিত প্রাকৃতিক সৌন্দর্য মিলিয়ে ছুটির দিনে তৈরি হতে পারে চমৎকার একটি ভ্রমণপরিকল্পনা।

কীভাবে যাবেন পাঁচগাও

পাঁচগাও যেতে প্রথমে পৌঁছাতে হবে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা সদরে। ঢাকা থেকে সরাসরি বাসে অথবা নেত্রকোনা কিংবা ময়মনসিংহ হয়ে কলমাকান্দা যাওয়া যায়। ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে কলমাকান্দার উদ্দেশে রাতের বাস পাওয়া যায়। সাধারণত ভোরের দিকে সেখানে পৌঁছানো যায়। বাসের সময়সূচি ও ভাড়া যাত্রার আগে সংশ্লিষ্ট কাউন্টার থেকে জেনে নেওয়া ভালো।

ঢাকা থেকে নেত্রকোনা যেতে মহাখালী থেকে দিগন্ত, এনা ও অন্যান্য পরিবহনের বাস রয়েছে। নন-এসি বাসের ভাড়া আনুমানিক ৪৫০ টাকা। নেত্রকোনা শহর থেকে সিএনজি বা মোটরসাইকেলে কলমাকান্দা যাওয়া যায়। সিএনজিতে জনপ্রতি ভাড়া আনুমানিক ১২০ থেকে ১৫০ টাকা এবং মোটরসাইকেলে দুইজনের ভাড়া প্রায় ৩০০ থেকে ৩৫০ টাকা হতে পারে। নেত্রকোনা রেলস্টেশনে নামলে অটো বা রিকশায় রাজুর বাজার গিয়ে কলমাকান্দার গাড়ি পাওয়া যায়।

ময়মনসিংহ হয়েও পাঁচগাও যাওয়া সম্ভব। ঢাকা থেকে বাসে ময়মনসিংহ গিয়ে সেখান থেকে বাস বা অটোরিকশায় নেত্রকোনা পৌঁছাতে হবে। এরপর নেত্রকোনা থেকে কলমাকান্দা যেতে পারবেন।

ট্রেনে যেতে চাইলে কমলাপুর থেকে হাওর এক্সপ্রেসে নেত্রকোনা যেতে পারেন। ট্রেনের সময়সূচি, সাপ্তাহিক বন্ধ ও ভাড়া পরিবর্তিত হতে পারে। তাই যাত্রার আগে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে সময়সূচি দেখে টিকিট কেটে নেওয়া ভালো।

কলমাকান্দা উপজেলা সদর থেকে মোটরসাইকেল বা সিএনজিতে রংছাতি ইউনিয়নের পাঁচগাও, অর্থাৎ চন্দ্রডিঙ্গা পাহাড়ের পাদদেশে পৌঁছানো যায়। সারাদিনের জন্য চালকসহ মোটরসাইকেল ভাড়া নিলে আনুমানিক ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা লাগতে পারে। ভ্রমণের আগে দরদাম করে ভাড়া ঠিক করে নিন।

কোথায় থাকবেন, কী খাবেন

পাঁচগাও সাধারণত এক দিনের ভ্রমণের জন্য উপযোগী। তবে ভোরে পাহাড়ে পৌঁছাতে চাইলে আগের রাতে কলমাকান্দা বাজারের আবাসিক হোটেলে থাকতে পারেন। তুলনামূলক ভালো মানের হোটেলের জন্য নেত্রকোনা শহরে যাওয়ার সুযোগ রয়েছে। সেখানে হোটেল সোনার তরী, জয়া ইন্টারন্যাশনাল ও সুরমার মতো আবাসিক হোটেল পাওয়া যায়। ভ্রমণের আগে কক্ষের ভাড়া ও প্রাপ্যতা নিশ্চিত করে নেওয়া ভালো।

পাঁচগাও এলাকায় খাবারের ব্যবস্থা সীমিত। তাই সঙ্গে শুকনো খাবার ও পর্যাপ্ত পানি রাখা ভালো। কলমাকান্দা বাজারের সাধারণ খাবারের হোটেলে ভাত, মাছ ও ভর্তা পাওয়া যায়। নেত্রকোনা শহরে ফিরলে স্থানীয়ভাবে পরিচিত বালিশ মিষ্টি চেখে দেখতে পারেন।

ভ্রমণে সতর্কতা

পাঁচগাও সীমান্তঘেঁষা এলাকা হওয়ায় ভ্রমণের সময় বাড়তি সতর্কতা জরুরি। স্থানীয় ও বিজিবির নির্দেশনা মেনে চলতে হবে। সীমান্ত পিলার অতিক্রম করা সম্পূর্ণ নিষিদ্ধ। সীমান্ত এলাকায় নিরাপত্তাজনিত কারণে পাহাড়ের কাছাকাছি চলাচলে বিধিনিষেধ থাকতে পারে। কখন কোথায় যাওয়া যাবে, তা স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে জেনে নিন।

পাহাড়ি পথ ও ঝিরির পাথর পিচ্ছিল হতে পারে। তাই ভালো গ্রিপের জুতা পরে যাওয়া উচিত। বর্ষাকালে ঝিরিতে পানির প্রবাহ বেড়ে গেলে সাবধানে চলাফেরা করতে হবে। স্থানীয় বাসিন্দাদের অনুমতি ছাড়া ছবি তোলা থেকে বিরত থাকুন। ভ্রমণের সময় প্লাস্টিক বা অন্য কোনো বর্জ্য প্রকৃতির মধ্যে ফেলে আসবেন না।

সবুজ টিলা, শীতল ঝিরি, ছোট ছোট ঝরনা আর নিরিবিলি গ্রামীণ পরিবেশের পাঁচগাও প্রকৃতির কাছে এক দিনের জন্য ফিরে যাওয়ার সুন্দর ঠিকানা।

সূত্র : বাংলা ট্রিবিউন 

  • সর্বশেষ