ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং তাড়াইল উপজেলার ৭টি ইউনিয়ন নিয়ে কিশোরগঞ্জ-৩ সংসদীয় নির্বাচনী এলাকা। ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক।
কিন্তু তিনি গত ১৪ই নভেম্বর যুক্তরাষ্ট্র থেকে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র পাঠান। ফলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। আগামী ১০ই জানুয়ারি ভোটগ্রহণের দিন নির্ধারণ করে এই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, আগামী ৬ই ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ। এই উপনির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেন্দ্র থেকে বিগত সংসদ নির্বাচনে দলটির প্রার্থী কর্নেল (অব.) অধ্যাপক ডা. জিহাদ খানকে উপনির্বাচনে প্রার্থী করা হয়েছে। অন্যদিকে সরকারি দল বিএনপি এখনো তাদের প্রার্থী ঘোষণা দেয়নি। ড. এম ওসমান ফারুকের পদত্যাগ পাল্টে গেছে জেলার গুরুত্বপূর্ণ এই আসনটির সব হিসাবনিকাশ। এ পরিস্থিতিতে দলীয় মনোনয়ন পাওয়াকেই এমপি হওয়ার চাবিকাঠি মনে করছেন বিএনপি'র সম্ভাব্য প্রার্থীরা। আর এই সমীকরণকে সামনে রেখে দলীয় মনোনয়ন পেতে বিএনপি'র অন্তত পাঁচজন নেতা দৌড়ঝাঁপ শুরু করেছেন। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে মনোনয়ন প্রত্যাশীরা।
এর আগে সমাবেশ করে নিজেদের প্রার্থীতা ঘোষণা দেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা, করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি জালাল মোহাম্মদ গাউস,জেলা বিএনপির সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ডা. এরশাদ আহসান সোহেল।
অন্যদিকে তাড়াইলে সমাবেশ করে প্রার্থিতা ঘোষণা দেন তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন লিটন।
ফলে একই আসনে বিএনপির একাধিক নেতার মনোনয়ন চাওয়অকে কেন্দ্র করে দলটির স্থানীয় রাজনীতিতে প্রতিযোগিতা ক্রমেই প্রকাশ্য রূপ নিচ্ছে। প্রত্যেকেই নিজ নিজ অনুসারীদের নিয়ে মাঠে সক্রিয় রয়েছেন। কেন্দ্রীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে চালাচ্ছেন নানা তৎপরতা।
পাশাপাশি সম্ভাব্য প্রার্থীদের নিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা অভিযোগ ও অপপ্রচারের ঘটনাও সামনে আসছে। বিশেষ করে মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর আলম মোল্লার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও অনলাইনে 'মানহানিকর' কিছু প্রচারণা স্বাভাবিকভাবে নিচ্ছে না দলীয় নেতাকর্মীরা।
এ অবস্থায় বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে অস্বস্তি আরও স্পষ্ট হয়ে উঠেছে।
করিমগঞ্জ ও তাড়াইল উপজেলায় গত কয়েকদিনে বিভিন্ন ভোটারের সঙ্গে আলাপ করে জানা গেছে, মনোনয়নপ্রত্যাশীদের ঘিরে এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে অভিযোগ ও পাল্টা প্রচারণায় স্থানীয় বিএনপির রাজনীতিতে বিরূপ প্রভাব তৈরি হয়েছে। অপরদিকে জালাল মোহাম্মদ গাউসের বিরুদ্ধেও তার আপত্তিকর কিছু ভিডিও ছাড়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাইফুল ইসলাম সুমনের বিরুদ্ধেও অপপ্রচার চালাচ্ছেন একটি পক্ষ।
নেতাকর্মীরা বলছেন, মনোনয়ন নিয়ে এমন প্রতিযোগিতা চলতে থাকলে নির্বাচনের আগে দলকে ঐক্যবদ্ধ করা কঠিন হয়ে পড়তে পারে। তাঁদের আশঙ্কা, শেষ পর্যন্ত যিনি মনোনয়ন পাবেন, তাঁর পক্ষে অন্য প্রার্থীদের অনুসারীদের পুরোপুরি এক করা সহজ হবে না। এই বিরোধের প্রভাব ভোটের মাঠেও পড়তে পারে বলে মনে করছেন তাঁরা।
বিএনপি নেতা কর্মীদের সঙ্গে আলাপ করে আভাস পাওয়া গেছে দুই উপজেলায় ভোটারদের সমর্থনের দিকে বিবেচনা করলে বিএনপি প্রার্থীদের মধ্যে কিছুটা এগিয়ে রয়েছেন জাহাঙ্গীর মোল্লা। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির বিভিন্ন পর্যায়ে সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। ২০০৮ সালের নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। তাঁর অনুসারীরা দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও তৃণমূলের সমর্থনকে মনোনয়নের পক্ষে যুক্তি হিসেবে তুলে ধরছেন। অন্যদিকে সাইফুল ইসলাম ভিপি সুমন করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে তাঁর পরিচিতি ও অনুসারীদের সাংগঠনিক তৎপরতা মনোনয়ন লড়াইয়ে আলোচনায় রয়েছে।
তবে ভিন্নমতও রয়েছে দলের ভেতরে। কিছু নেতাকর্মীর মতে, জেলা বিএনপির সহ-সভাপতি জালাল মোহাম্মদ গাউসেরও একটা অবস্থান রয়েছে দুই উপজেলায়। তার অনুসারীরা বলছেন প্রতিযোগিতা থাকলেও শেষ পর্যন্ত দলের সিদ্ধান্তই তারা মেনে নেবেন। কেন্দ্র যাঁকে মনোনয়ন দেবে, সবাই তাঁর পক্ষেই কাজ করবেন। তাঁদের প্রত্যাশা, মনোনয়ন ঘোষণার পর দলের অভ্যন্তরীণ বিরোধ মিটে যাবে এবং নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নেবেন।
অন্যদিকে এ আসনে জামায়াতে ইসলামী তাদের প্রার্থীর নাম আগেই ঘোষণা করেছে। বৃহস্পতিবার দলটি কর্নেল (অব.) অধ্যাপক ডা. জেহাদ খানকে মনোনয়ন দেয়ার কথা জানায়। তিনি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরারা সদস্য। এছাড়াও তার একটি পরিচয় তিনি সাবেক রাষ্ট্রপতি মো: আবদুল হামিদের শ্যালক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও এ আসনে জামায়াতের প্রার্থী ছিলেন তিনি। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী ড. এম ওসমান ফারুকের কাছে মাত্র ৯ হাজার ৯৯০ ভোটের ব্যবধানে পরাজিত হন জেহাদ খান।
এবারের উপনির্বাচনেও জামায়াত তাঁকে প্রার্থী করায় দলটির নির্বাচনী প্রস্তুতি শুরু হয়েছে। অন্যদিকে বিএনপিতে এখনো চূড়ান্ত প্রার্থী নির্ধারণ হয়নি। বরং মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ অবস্থায় বিএনপির অভ্যন্তরীণ বিভক্তি ও মনোনয়ন নিয়ে বিরোধ নির্বাচনী আলোচনায় গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।
সাধারণ ভোটারদের অনেকের মতে, এ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীর মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে। তাঁদের ধারণা, অন্য দলের প্রার্থীরা ভোটের মাঠে তেমন প্রভাব ফেলতে পারবেন না। তাই বিএনপির মনোনয়ন নিয়ে চলমান বিরোধ ও নেতাকর্মীদের বিভক্তি শেষ পর্যন্ত কতটা নিরসন হয়, সেদিকেই নজর তাঁদের।