উন্নত সড়ক যোগাযোগ, যানজট হ্রাস, জলোচ্ছ্বাস ও জলাবদ্ধতা থেকে সুরক্ষায় তিনটি বড় অবকাঠামো প্রকল্প চালু করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ)। সামনের ডিসেম্বরেই এগুলো চালু হওয়ার কথা রয়েছে।
প্রকল্পগুলো হলো চট্টগ্রাম সিটি আউটার রিং রোড, শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নয়টি র্যাম্প এবং কর্ণফুলী নদীর তীরবর্তী কালুরঘাট-চাক্তাই সড়ক ও বাঁধ।
এর মধ্যে রিং রোড ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে আগেই আংশিকভাবে চালু হয়েছে। তবে কালুরঘাট-চাক্তাই সড়ক ও বাঁধ এবারই প্রথম উদ্বোধন করা হবে।
নির্মাণকাজ প্রায় শেষ হওয়ায় ডিসেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহেই প্রধানমন্ত্রী তারেক রহমানের এ প্রকল্পগুলো উদ্বোধন করবেন বলে আশা করছে সিডিএ।
প্রকল্পগুলো চালু হলে নগরজুড়ে সড়ক যোগাযোগের উন্নতি হবে, পণ্য পরিবহনের বিকল্প পথ তৈরি হবে, প্রধান সড়কগুলোর ওপর যানবাহনের চাপ কমবে এবং জলাবদ্ধতা হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি উপকূলীয় এলাকায় শিল্পের বিকাশ, পর্যটন ও বিনিয়োগের প্রসারেও প্রকল্পগুলো ভূমিকা রাখবে।
সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "চট্টগ্রামের তিনটি বড় প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। বর্তমানে ফিনিশিংয়ের কাজ চলছে। আগামী মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী সময় দিলে প্রকল্পগুলো উদ্বোধন করা হবে বলে আশা করছি।"
তিনি বলেন, চলতি মাসের নির্ধারিত সময়ের মধ্যেই তিনটি প্রকল্পের কাজ শেষ করার আশা করা হচ্ছে। এরপর সাধারণ মানুষের যাতায়াত ও যান চলাচলের জন্য এগুলো উন্মুক্ত করে দেওয়া হবে। সড়কগুলোর মধ্যে সংযোগ তৈরি হলে যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি এ অঞ্চলে শিল্পকারখানা গড়ে ওঠার সুযোগও বাড়বে।
নয়টি র্যাম্প চালুর অপেক্ষায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে
নগরীর যানজট নিরসন ও বন্দরের সড়কগুলোর ওপর যানবাহনের চাপ কমাতে লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত ১৬ কিলোমিটার দীর্ঘ শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয়।
২০২৩ সালের ১৪ নভেম্বর প্রকল্পটি উদ্বোধন করা হলেও পরীক্ষামূলকভাবে যান চলাচল শুরু হয় ২০২৪ সালের আগস্টে। পরে ২০২৫ সালের ৩ জানুয়ারি থেকে এক্সপ্রেসওয়েতে টোল আদায় শুরু হয়।
মূল উড়ালসড়ক চালু হলেও বিভিন্ন এলাকার সঙ্গে সংযোগ স্থাপনের জন্য নির্মাণাধীন র্যাম্পগুলোর কাজ শেষ না হওয়ায় শুরু থেকেই এর পূর্ণ সুফল পাচ্ছিলেন না নগরবাসী।
সিডিএর তথ্য অনুযায়ী, এক্সপ্রেসওয়ের সঙ্গে বিভিন্ন সড়কের সংযোগ স্থাপনে প্রথমে ১৫টি র্যাম্প নির্মাণের পরিকল্পনা ছিল। পরে ছয়টি র্যাম্প নির্মাণ স্থগিত করা হয়। বর্তমানে নয়টি র্যাম্প চালুর প্রস্তুতি চলছে। এর মধ্যে আটটির নির্মাণকাজ শেষ হয়েছে। আগ্রাবাদের বাকি র্যাম্পটির নির্মাণকাজও শেষ পর্যায়ে রয়েছে। চলতি নভেম্বরের মধ্যে সেটির কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।
প্রকল্প পরিচালক মো. মাহফুজুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের নয়টি র্যাম্পের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। বর্তমানে এসব র্যাম্পে ফিনিশিংয়ের কাজ চলছে। ফিনিশিংসহ প্রকল্পের অবশিষ্ট কাজ শেষ করতে আরও সাত থেকে ১০ দিন সময় লাগতে পারে।
৪ হাজার ৩১৫ কোটি টাকার এ প্রকল্পের আর্থিক অগ্রগতি বর্তমানে প্রায় ৯৫ শতাংশ বলে জানান তিনি।
বাদ দেওয়া র্যাম্পগুলোর মধ্যে রয়েছে পলোগ্রাউন্ড ও টাইগারপাসের সংযোগ র্যাম্প, আগ্রাবাদের জাতিতাত্ত্বিক জাদুঘরের সামনে একটি নামার র্যাম্প, আগ্রাবাদ অ্যাকসেস রোডে দুটি র্যাম্প, কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) একটি এবং রুবি সিমেন্টের কাছে আরেকটি র্যাম্প।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য ও পুরকৌশল বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, এক্সপ্রেসওয়েতে ওঠানামার পর্যাপ্ত ব্যবস্থা না থাকলে এর সুফল সীমিত হতে পারে এবং নিচের সড়কগুলোতে যানজট থেকে যেতে পারে।
তিনি সতর্ক করে বলেন, "প্রত্যাশার তুলনায় যানবাহন চলাচল কম হলে সড়কটির রক্ষণাবেক্ষণ ব্যয় মেটানোও কঠিন হয়ে পড়তে পারে।"
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আমিরুল হক বলেন, দেশের মোট আমদানি-রপ্তানির প্রায় ৯০ থেকে ৯২ শতাংশ চট্টগ্রাম দিয়ে হলেও এক্সপ্রেসওয়ে থেকে এখনো উল্লেখযোগ্য সুফল পায়নি চট্টগ্রাম বন্দর।
যানজট কমাতে বিকল্প সড়ক যোগাযোগের উদ্যোগ
অন্যদিকে নগরীর যানজট কমানো, উপকূলীয় এলাকা জলোচ্ছ্বাস থেকে রক্ষা এবং বিকল্প সড়ক যোগাযোগ গড়ে তুলতে পতেঙ্গা থেকে সাগরিকা পর্যন্ত চট্টগ্রাম সিটি আউটার রিং রোড নির্মাণ করা হয়েছে।
প্রকল্পের আওতায় বিদ্যমান উপকূলীয় বাঁধের ওপর চার লেনের ১৫ দশমিক ২০ কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণ করা হয়েছে। একই সঙ্গে বাঁধের উচ্চতা ২০ থেকে ২৩ ফুট থেকে বাড়িয়ে ৩০ থেকে ৩৩ ফুট করা হয়েছে।
২০১১ সালে ৮৫৬ কোটি টাকা ব্যয়ে চার বছর মেয়াদি প্রকল্পটি অনুমোদন করা হয়। তবে বিভিন্ন সময়ে প্রকল্প সংশোধনের কারণে কয়েক দফায় ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩২৪ কোটি ১৫ লাখ টাকায়। এর মধ্যে সরকারি অনুদান ২ হাজার ২৯১ কোটি ৬৮ লাখ টাকা, সরকারি ঋণ ৩৮৮ কোটি ৯১ লাখ টাকা এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়ন ৬৪৩ কোটি ৫৫ লাখ টাকা।
প্রকল্পটির অন্যতম উদ্দেশ্য জলোচ্ছ্বাস থেকে নগরীকে সুরক্ষা দেওয়া, বিকল্প সড়ক যোগাযোগ গড়ে তোলা, উপকূলীয় এলাকার সঙ্গে কর্ণফুলী টানেলের সংযোগ স্থাপন এবং পর্যটন, আবাসন ও শিল্পায়নের জন্য নতুন জমি প্রস্তুত করা।
প্রকল্পের আওতায় দুটি ফিডার রোড (সংযোগ সড়ক), তিনটি ইন্টারচেঞ্জ সেতু ও নয়টি গোলচত্বর নির্মাণ করা হয়েছে। এ ছাড়া উপকূলীয় বাঁধের সুরক্ষায় সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ ঢেউ প্রতিরোধক দেয়াল নির্মাণ ও কংক্রিটের ব্লক স্থাপন করা হয়েছেপ্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, আউটার রিং রোডের মূল সড়কের কাজ আগেই শেষ হয়েছে। বর্তমানে টানেল জংশন এলাকার কয়েকটি সংযোগ সড়কের কাজ চলছে। প্রকল্পটির ভৌত অগ্রগতি প্রায় ৯৯ শতাংশ এবং আর্থিক অগ্রগতি ৯৭ শতাংশ। ডিসেম্বরের মধ্যে অবশিষ্ট কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।
নতুন এসব সংযোগ সড়ক চালু হলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও আউটার রিং রোড ব্যবহার করে ভাটিয়ারি থেকে ১৫ থেকে ১৬ মিনিটে পতেঙ্গায় পৌঁছানো সম্ভব হবে। একইভাবে জিইসি মোড় এলাকা থেকে ১৬ থেকে ১৭ মিনিটে পতেঙ্গায় পৌঁছানো যাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
জলাবদ্ধতা কমাবে কালুরঘাট-চাক্তাই সড়ক
তৃতীয় প্রকল্প কালুরঘাট-চাক্তাই সড়ক ও বাঁধ নির্মাণের উদ্দেশ্য নগরীর দক্ষিণাঞ্চলে সড়ক যোগাযোগের উন্নতির পাশাপাশি জলাবদ্ধতা ও জলোচ্ছ্বাসের ঝুঁকি কমানো।
২০১৭ সালের ২৫ এপ্রিল অনুমোদন পাওয়া প্রকল্পটির প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ২ হাজার ৩১০ কোটি টাকা। পরে এ ব্যয় বেড়ে দাঁড়ায় ২ হাজার ৭৭৯ কোটি ৩৯ লাখ টাকায়।
প্রকল্প পরিচালক ও সিডিএর প্রকৌশলী রাজীব দাশ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "কালুরঘাট-চাক্তাই সড়ক ও বাঁধ নির্মাণ প্রকল্প আগামী ডিসেম্বরে যান চলাচলের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে। প্রকল্পের সার্বিক ভৌত অগ্রগতি ৯৪ শতাংশ এবং আর্থিক অগ্রগতি ৮৯ শতাংশ।"
তিনি জানান, মোট ৯ কিলোমিটার সড়কের মধ্যে কালুরঘাট প্রান্তের প্রায় আধা কিলোমিটার অংশে কিছু ঘরবাড়ি থাকায় নির্মাণকাজ বাকি ছিল। বর্তমানে ওই অংশে কাজ চলছে। ডিসেম্বরের মধ্যে তা শেষ করা গেলে সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে। তবে কিছু ফিনিশিংয়ের কাজ পরবর্তী সময়েও চলতে পারে।
এদিকে প্রকল্পের আওতায় নির্মিত জলাবদ্ধতা নিয়ন্ত্রণের অবকাঠামোগুলো গত বছর থেকেই পুরোপুরি কার্যকর রয়েছে।
জলাবদ্ধতা নিরসনে প্রকল্পের আওতায় ১২টি খালের ওপর স্লুইস গেট নির্মাণ করেছে সিডিএ। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো হলো কর্ণফুলী নদী ও চাক্তাই খালের সংযোগস্থলে নির্মিত স্লুইস গেট।
৬০ মিটার দীর্ঘ, ৩০ ফুট উঁচু ও ১২ মিটার প্রশস্ত এ স্থাপনা জোয়ারের পানি নিয়ন্ত্রণ ও খালের পানি নিষ্কাশনে ভূমিকা রাখছে। চাক্তাই-খাতুনগঞ্জের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় জলাবদ্ধতা ও পণ্যসামগ্রীর ক্ষয়ক্ষতি কমাতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
রাজীব দাশ বলেন, "চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে কালুরঘাট-চাক্তাই সড়ক ও বাঁধ নির্মাণ প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছিল। ইতোমধ্যে নগরবাসী এর সুফল পাচ্ছেন। চাক্তাই খালের স্লুইস গেটের কারণে ব্যবসায়ীরা বাণিজ্যিক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাচ্ছেন। এটি নগরবাসীর জন্য বড় প্রাপ্তি।"
সূত্র : দ্য বিজনেস স্ট্যান্ডার্ড