শিরোনাম
◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ◈ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ, সহিংসতা নিয়ে যা বলল নিউইয়র্ক টাইমস ◈ ২০৩১ সা‌লের বিশ্বকাপের সেমিফাইনাল বাংলা‌দে‌শের মাটিতে চায় বিসিবি 

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৬, ০২:১৫ রাত
আপডেট : ২৩ নভেম্বর, ২০২৬, ০২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট

সন্ধ্যা নামলেই চা-পান দোকানি ইয়াসিনের (ছদ্মনাম) স্ত্রীর ফোন আসে। দোকান বন্ধ করেছি কি না জানতে চায়। তাগাদা দেন যেন বাক্সপেটরা বন্ধ করে বাড়ি ফিরি। অথচ সন্ধ্যায় বেচাবিক্রি বেশি হয়। আক্ষেপ করে বলেন, ‘এইরামভাবে কি জীবন চলে’?

খুলনা নিউমার্কেটে সন্ধ্যা নামলে শহুরেদের ভিড় বাড়ে। গভীর রাত পর্যন্ত বিকিকিনি জমজমাট থাকে। কিন্তু গেল কয়েক মাস সন্ধ্যায় নিউমার্কেট ক্রেতাশূন্য। ব্যবসায়ীরা লোকসান গুনছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, সন্ধ্যার পরের বেচাবিক্রিই আমাদের ভরসা। তা ধ্বংস হতে চলেছে। ভয়ে ক্রেতারা আসছেন না। লোকসানে পিঠ দেয়ালে।

জানা যায়, ব্যবসায়ী, চিকিৎসক, রাজনীতিক কিংবা সমাজ কর্মী সবাই খুন আর চাঁদাবাজির আতঙ্কে। এক কথায় ভালো নেই খুলনাবাসী। যেখানে রাত নামলেই আতঙ্ক বাড়ে। প্রতিনিয়ত ঘটে গোলাগুলি-খুনের ঘটনা। দিনের আলোয় চলে চাঁদার দাবিতে হামলা-ভাঙচুর। আতঙ্কে ব্যবসা প্রতিষ্ঠান, ডায়াগনস্টিক, ফার্মেসি বন্ধ রাখছেন ভুক্তভোগীরা। এ যেন ‘সন্ত্রাসের এক আলাদা জনপদ’ খুলনা শহর।

সম্প্রতি পুলিশ, এসআরবি যৌথ বিশেষ টহলের মধ্যেই নগর ভবনে পেট্রোলবোমা নিক্ষেপ করে প্রশাসনকে চ্যালেঞ্জ ছুড়েছে বেপরোয়া অপরাধীরা। মাদক ব্যবসা, আধিপত্য দ্বন্দ্ব, চাঁদাবাজি ও সশস্ত্র গ্রুপগুলোর সংঘাতে শান্তির শহর খুলনা আতঙ্কের জনপদে রূপ নিয়েছে।

Advertisement

সর্বশেষ গত শনিবার রাতে অস্ত্রধারীরা গুলি করেছে বিএনপি নেতা মাফিজুর রহমানকে (৪৭)। তার বাঁ হাত, ডান পা ও বাঁ পাঁজরের নিচে গুলি লেগেছে। খুলনার তেরখাদায় মধুপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মাফিজুর রহমান মোকামপুর বাজার থেকে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে মিকাইলের স মিলের সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি ছোড়ে। এরপর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত খুলনায় অন্তত ৭৯টি খুনের ঘটনা ঘটেছে। গত তিন সপ্তাহে ১৩টি গুলির ঘটনায় ছয়জন নিহত হয়। রাতের অন্ধকারে ছিনতাই-হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরাও।

জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল ক্ষোভ প্রকাশ করে বলেন, সন্ত্রাসীরা ব্যবসায়ীদের হয়রানি করছে, প্রতিষ্ঠান ভাঙচুর করছে। ভয় আতঙ্কে কেউ মামলা করছে না। তাহলে কি সন্ত্রাসীরা পার পেয়ে যাবে? এটা হতে পারে না। সন্ত্রাসের দৌরাত্ম্য বন্ধে প্রশাসন কঠোর না হলে পরিস্থিতি মোকাবিলায় আমরাই মাঠে নামব।

জানা যায়, ২৪ অক্টোবর সন্ধানী ডায়াগনস্টিক, ৩ নভেম্বর রংধনু ক্লিনিক ও আবদুল্লাহ প্যাথলজি, ৭ নভেম্বর এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালানো হয়। চয়নিকা ফার্মেসির ব্যবস্থাপককে মোবাইলে হুমকির পর প্রতিষ্ঠানটি দীর্ঘদিন বন্ধ ছিল। ৮ নভেম্বর সাবেক সিভিল সার্জন ডা. সুজাত আহমেদের কাছে চাঁদা চেয়ে মোবাইলে মেসেজ পাঠানো হয়। চাঁদার দাবিতে হুমকি দেওয়ায় থানায় জিডি করেছেন গাজী মেডিকেল কলেজের পরিচালক। এ ছাড়া ১৫ নভেম্বর মধ্যরাতে নগর ভবনে পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। বোমাটি সিঁড়ির ওপর বিস্ফোরিত হলেও আশপাশে দাহ্য কিছু না থাকায় কিছুক্ষণ পর তা নিভে যায়। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

চিংড়ি রপ্তানিকারক তরিকুল ইসলাম জহির বলেন, গত কয়েক মাসে নতুন বাজারে চিংড়ি ব্যবসায়ীরা ব্যাপক চাঁদাবাজির শিকার হয়েছেন। বণিক সমিতির অনেকেই এখন নিজ ব্যবসা প্রতিষ্ঠানে না এসে বাড়িতে অফিস করেন। ভয়ে অপরিচিত ফোনও রিসিভ করেন না।

সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, সহিংসতা দমনে অতিরিক্ত শক্তি দিয়ে কন্ট্রোল করতে হবে। প্রয়োজনে আর্মি, বিডিআর, র‌্যাব, পুলিশ সমন্বয়ে যৌথ বাহিনী গঠন করে এ অবস্থার উন্নয়ন ঘটাতে হবে।

সিরিয়াল কিলিং : ১২ নভেম্বর রূপসায় বিএনপি নেতা জাকির হোসেনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ৫ নভেম্বর ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন বিএনপি আহ্বায়ক আবদুস সালামের ছেলে তরিকুল ইসলামকে মাথায় গুলি করে হত্যা করা হয়। ২২ অক্টোবর দুর্বৃত্তদের গুলিতে বানিয়াখামার এলাকায় তাওহিদুল তুষার ও জিন্নাহপাড়া এলাকায় খুশি, ৪ অক্টোবর দিঘলিয়া চরমপন্থি আঞ্চলিক নেতা নাসিমুল করিমকে বাড়ির সামনে, ৫ অক্টোবর রূপসায় আক্তার ঢালি ও ১৫ আগস্ট তার ছেলে জয় ঢালীকে গুলি করে হত্যা করা হয়।

২৪ অক্টোবর আইজিপির খুলনা সফরের দিনে তেরখাদা ও টুটপাড়ায় দুজনকে গুলি করে দুর্বৃত্তরা। একই রাতে সন্ধানী ক্লিনিকে হামলা-ভাঙচুরের সময় গুলির ঘটনা ঘটে। ১০ অক্টোবর ভোরে পুলিশের উপপরিদর্শক মো. শাহআলমকে কুপিয়ে জখম করে ছিনতাইকারীরা। এতে পুলিশের নিরাপত্তাহীনতা নিয়েই প্রশ্ন ওঠে।

পুলিশে নিষ্ক্রিয়তা আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণহীন : ২০০৪ সাল পর্যন্ত চাঁদাবাজি, দখলদারি হত্যাকাণ্ডে একক ত্রাস ছিল খুলনার এরশাদ শিকদার। মাঝে চরমপন্থি বিভিন্ন দলের আঞ্চলিক নেতাও আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করত। ২০০১-২০০৫ সাল পর্যন্ত খুলনায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ‘অপারেশন ক্লিন হার্ট’ এবং পরবর্তীতে র?্যাব গঠনের পর খুলনায় বিশেষ অভিযান কঠোর পদক্ষেপ নেওয়া হয়। পরবর্তীতে সরকার দলের কয়েকজন নেতার নিয়ন্ত্রণেই চলত আন্ডারওয়ার্ল্ড। সে সময় তাদের নির্দেশের বাইরে যাওয়ার ক্ষমতা ছিল না। কিন্তু ২০২৪ সালে আগস্টের পর পুলিশের দীর্ঘ নিষ্ক্রিয়তা ও আন্ডারওয়ার্ল্ডে একক আধিপত্য কারও না থাকায় ছোট গ্রুপে বিভক্ত হয়ে বেপরোয়া হয় সন্ত্রাসীরা।

প্রশাসনের তথ্য অনুযায়ী, খুলনা শহরে বর্তমানে ১০টি সন্ত্রাসী গ্রুপ ব্যবসায়ীদের ভয়ভীতি, জিম্মি করে মোটা অঙ্কের চাঁদা আদায়, মাদক কারবার এবং খুনাখুনির ঘটনায় জড়িত। হত্যাকাণ্ড, চাঁদাবাজির ঘটনায় তালিকাভুক্ত সন্ত্রাসী রনি চৌধুরী ওরফে গ্রেনেড বাবু, নূর আজিম, আশিক বাহিনীর নাম আসছে বেশি। শেখ পলাশর চিংড়ি পলাশ গ্রুপ, চরমপন্থি সংশ্লিষ্ট হুমায়ুন কবীরের হুমা বাহিনী, টেংকি শাওন গ্রুপ, আরমান শেখের আরমান গ্রুপ, শাকিল শেখের শাকিল গ্রুপ, নাসিমুল গণির (৪ অক্টোবর নিহত) নাসিম গ্রুপ ও সন্ত্রাসী মমি বাহিনী সক্রিয় রয়েছে।

অধিকাংশ হত্যাকাণ্ডের পিছনে রয়েছে মাদক কারবার। মাদক বিক্রি নিয়ন্ত্রণ ও টাকার ভাগাভাগি নিয়ে খুনাখুনির ঘটনা ঘটছে। এ ছাড়া শহর ও শহরতলির এলাকায় আধিপত্য বজায় রাখতে সক্রিয় সন্ত্রাসী গ্রুপ ও কিশোর গ্যাং মুখোমুখি অবস্থানে রয়েছে। এদের অনেকে কিলিং মিশনে টাকার বিনিময়ে ভাড়াটে খুনি হিসেবে ব্যবহৃত হয়।

জামিনে বের হয়ে আরও বেপারোয়া : বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মেসি, ঘাট পরিবহন খাতে চাঁদাবাজির নিয়ন্ত্রণ ধরে রাখতে কিলিং মিশন চালানো হচ্ছে। খুলনায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ১৮১ জন। তবে বিভিন্ন অভিযানে গ্রেপ্তার হওয়া সন্ত্রাসীরা জামিনে বের হয়ে আবারও অপরাধে যুক্ত হচ্ছে। নূর আজিমসহ মহানগর পুলিশের তালিকাভুক্ত ৫৮ সন্ত্রাসী গত ছয় মাসে জামিন পেয়েছে।

সচেতন নাগরিকদের সংগঠন খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব বাবুল হাওলাদার বলেন, সন্ত্রাস-অপরাধ করে পার পেয়ে যাওয়া, দ্রুত জামিন পেয়ে পুনরায় অপরাধে যুক্ত হয়ে বেপরোয়া হচ্ছে সন্ত্রাসী চক্র। সুশাসনের জন্য নাগরিকের জেলা সভাপতি কুদরত ই খুদা বলেন, গুরুতর অপরাধে জড়িতরা সহজে যাতে জামিন না পায়, সে বিষয়টিও গুরুত্ব দিতে হবে।

গডফাদার কারা, লাগাম টানবে কে : অব্যাহত সন্ত্রাস-চাঁদাবাজি নেপথ্যে রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কি না- বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এর মধ্যে আলোচনায় এসেছে। জেলা এনসিপি আহ্বায়ক মাহমুদুল হাসান বলেন, অপরাধের পেছনে রাজনৈতিক দল, নেতা কিংবা প্রভাবশালী মহলের ইন্ধন রয়েছে কি না, তা তদন্ত করতে হবে।

সন্ত্রাস চাঁদাবাজি বন্ধে ১২ নভেম্বর খুলনা সার্কিট হাউসে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে যৌথ বাহিনীর বিশেষ সাঁড়াশি অভিযান, চেকপোস্ট স্থাপন, আনসার পদায়ন, নিয়মিত টহল গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির সিদ্ধান্ত হয়। কিন্তু পরিস্থিতি উন্নতি না হওয়ায় ১৪ নভেম্বর খুলনা বিএনপির শীর্ষ নেতাদের ডাক পড়ে ঢাকায়। খুলনায় হঠাৎ করে সন্ত্রাস বেড়ে যাওয়ায়-কী করণীয় বিষয়ে পরামর্শ চান প্রধানমন্ত্রী তারেক রহমান।

সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রধানমন্ত্রী বৈঠকে বলেছেন খুলনাবাসীর নিরাপত্তার জন্য যা দরকার সরকার তাই করবে। সেক্ষেত্রে যদি রাজনৈতিক কর্মীরা জড়িত থাকে তাকেও তিনি ছাড় দেবেন না।

চাঁদাবাজি নিয়ন্ত্রণহীন রাজপথে বিক্ষোভ : খুলনায় চাঁদাবাজি হামলা-ভাঙচুরের ঘটনায় জনমনে ব্যাপক উদ্বেগ ছড়িয়েছে। নগরীতে চারটি ডায়াগনস্টিক সেন্টার ভাঙচুরের ঘটনায় সিসিটিভি ফুটেজে হামলাকারী শনাক্ত হলেও পুলিশ তাদের গ্রেপ্তার করেনি। প্রতিবাদে ১০ নভেম্বর সাতরাস্তা মোড়ে প্রতিবাদ সমাবেশ করে চিকিৎসক-নার্সদের সংগঠন। একই দিন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মানববন্ধন করে পিকচার প্যালেস মোড়ে। ২০ নভেম্বর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সামনে প্রতিবাদ সমাবেশ করবে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

মেট্রোপলিটন সহকারী পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, কোন ধরনের ঘটনা ঘটনার পর পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। কেউ মামলা না করলেও অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে। সন্ত্রাস-চাঁদাবাজ নির্মূলে পুলিশ শক্ত অবস্থানে আছে। পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, জেলা পুলিশ, কেএমপি, এসআরবি যৌথ স্পেশাল অপারেশন শুরু করেছে। মাদক সংশ্লিষ্ট অনেককে গ্রেপ্তার করা হয়েছে। সূত্র: বিডি প্রতিদিন

  • সর্বশেষ