মনিরুল ইসলাম: দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় ঐক্য গড়ে তোলা এবং নাশকতা ও সহিংসতা মোকাবিলায় জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উদ্যোগের অংশ হিসেবে সোমবার ২৩ নভেম্বর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে সংলাপ শুরু হচ্ছে।
প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে সোমবার দুপুরে তাঁর সঙ্গে সাক্ষাৎ করবেন এনসিপির চার সদস্যের একটি প্রতিনিধিদল। দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলটি বৈঠকে অংশ নেবে। তবে বৈঠকের দুপুরে যমুনায় অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
এদিকে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যুক্তরাজ্য সফর শেষে রোববার দেশে ফিরেছেন। তাঁর সঙ্গে আলোচনা করে প্রতিনিধিদলের অন্য সদস্যদের নাম চূড়ান্ত করা হবে। এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষারও গণমাধ্যমে পাঠানো এক বার্তায় প্রধানমন্ত্রীর সঙ্গে ২৩ নভেম্বর সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশের পক্ষ থেকে এসব ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের দায়ী করা হচ্ছে।
বিভিন্ন স্থানে পুলিশের স্থাপনা, যানবাহন, গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয় এবং বিএনপির সংসদ সদস্য ও নেতাদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব পৃথক ঘটনায় হতাহতের ঘটনাও ঘটেছে। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার প্রশ্নটি সামনে এসেছে।
এমন পরিস্থিতিতে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এই আহ্বানকে কেন্দ্র করেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে, গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে আখ্যায়িত করে তাদের নাশকতা ও সহিংসতা প্রতিহত করতে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানান।
একই দিন সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পরে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের পরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ আরও জোরালো হয়।
সরকার ও বিএনপি-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন দলের সঙ্গে পৃথক মতবিনিময় বা সংলাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ কার্যক্রম তত্ত্বাবধান করা হচ্ছে।
অন্যদিকে, প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি। তবে দলটির পক্ষ থেকে ঐক্যের একটি সুস্পষ্ট ভিত্তি এবং ধারাবাহিকতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশে আগে থেকেই একটি স্বাভাবিক ঐক্য রয়েছে। নতুন করে ঐক্যের প্রয়োজন দেখা দেওয়ার পেছনে সেই ঐক্যের কোথাও চিড় ধরেছে কি না, তা অনুসন্ধান করা জরুরি। ঐক্যের একটি সুস্পষ্ট ভিত্তিও থাকা প্রয়োজন বলে তিনি মত দিয়েছেন।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচার—এসব বিষয় জাতীয় ঐক্যের ভিত্তি হওয়া উচিত।
এনসিপির সঙ্গে বৈঠকের পর জামায়াতে ইসলামীসহ জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে পর্যায়ক্রমে সংলাপে বসার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর।
বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন। সেখান থেকে মালয়েশিয়া হয়ে ২৬ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে। তবে তাঁর দেশে ফেরার আগেই অন্যান্য দলের সঙ্গে সংলাপ এগিয়ে নেওয়া হচ্ছে।
এর আগে ১৯ নভেম্বর জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য জরুরি বৈঠক করে প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানায়। তবে জামায়াতের পক্ষ থেকে ঐক্যের ভিত্তি হিসেবে গণভোটের রায় বাস্তবায়নের দাবি সামনে আনা হয়।
রাজধানীতে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারও বলেন, জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে গণভোটের রায় বাস্তবায়ন।