শিরোনাম
◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ◈ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ, সহিংসতা নিয়ে যা বলল নিউইয়র্ক টাইমস ◈ ২০৩১ সা‌লের বিশ্বকাপের সেমিফাইনাল বাংলা‌দে‌শের মাটিতে চায় বিসিবি  ◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৬, ১১:৪৭ রাত
আপডেট : ২২ নভেম্বর, ২০২৬, ১১:৪৮ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। ছবি: সংগৃহীত

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেছেন, 'যেসব দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই। কিন্তু বাংলাদেশে সেই সুবিধা নেই।'

ভিয়েতনামের উদাহরণ টেনে তিনি বলেন, 'বলা হয়, ভিয়েতনামের মজুরি আমাদের চেয়ে বেশি। ভিয়েতনামের সমান মজুরি দিতে সমস্যা নেই। কিন্তু আমাদের সেই অবকাঠামো দিতে হবে।'

রোববার (২২ নভেম্বর) পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) আয়োজিত 'গার্মেন্ট ওয়ার্কার্স' ওয়েজ: ফেয়ারনেস এন্ড ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট' শীর্ষক এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ ব্যবসার ক্ষেত্রে লজিস্টিকসহ বিভিন্ন ক্ষেত্রে ভিয়েতনামের চেয়ে পিছিয়ে থাকার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, 'আমরা লিড টাইমে তাদের তুলনায় অনেক পিছিয়ে, ডিপ সি-পোর্ট নেই। ভিয়েতনামের মতো শক্তিশালী ব্যাকওয়ার্ড লিংকেজ খাত নেই, বা তার জন্য প্রয়োজনীয় জ্বালানি সাপোর্টও নেই।'

Advertisement

এছাড়া শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২,৫০০ টাকা বলা হলেও, তাদের গড়ে মাসিক প্রকৃত আয় ১৯,৫০০ টাকা বলে দাবি করেন তিনি।

অন্যান্য দেশে সরকারের পক্ষ থেকে শ্রমিকদের দেওয়া সুবিধা তুলে ধরে তিনি বলেন, 'এসব ক্ষেত্রে বাংলাদেশ পিছিয়ে।'

একই অনুষ্ঠানে শ্রমিক পক্ষের প্রতিনিধিরা শ্রমিকরা কেন রাস্তায় নেমেছে, তার ব্যাখ্যা তুলে ধরেন। এ নিয়ে শ্রমিক-মালিকপক্ষের বিপরীতমুখী বক্তব্য পাওয়া যায়।

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)-এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, 'শ্রমিক ধরেই নেয় যে, রাস্তায় না থাকলে আমাদের পক্ষে আলোচনা আসবে না। …এ আস্থার সংকট থেকে বেরিয়ে আসতে হবে।'

তবে এর জবাবে বিজিএমইএ সভাপতি বলেন, 'রাস্তায় না নামলে সমস্যার সমাধান হয় না, এখনো কি আমরা এমন আদিম যুগে রয়ে গেছি? …আমাদের এ মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।'

অনুষ্ঠানের সভাপতি এবং পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান বলেন, 'মনোযোগ আকর্ষণের জন্য রাস্তায় নামলে সেটা দেখা যেতে পারে, কিন্তু বিশৃঙ্খলা কাম্য নয়।'

তবে বাংলাদেশের পোশাক খাতের প্রতিনিধি ও শ্রমিক সংগঠনগুলো এমন একটি স্থায়ী, স্বচ্ছ ও তথ্য-প্রমাণভিত্তিক মজুরি নির্ধারণ কাঠামোর প্রয়োজনীয়তা তুলে ধরেছে, যা ন্যায্য মজুরির দাবির সঙ্গে এ খাতের টেকসই সক্ষমতা ও প্রতিযোগিতা সক্ষমতার সমন্বয় ঘটাতে পারে।

বিলস-এর নির্বাহী পরিচালক আরও বলেন, 'অন্য দেশে শ্রমিকদের সোশ্যাল প্রটেকশনের জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন সুবিধা দেওয়া হয়, কিন্তু বাংলাদেশে তা হয় না। এখানে পুরো বিষয়টি কারখানার মালিকনির্ভর।'

বাংলাদেশে শ্রমিকের ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য প্রয়োজনীয় তথ্য-উপাত্তের ঘাটতি, জাতীয় ন্যূনতম মজুরি না থাকা, ন্যূনতম মজুরির ভিত্তির কোনো ডেফিনিশন না থাকার পাশাপাশি মজুরি বোর্ডের কোনো গবেষণা না থাকার বিষয়টি তুলে ধরেন তিনি।

অবশ্য ওভারটাইম করে বাড়তি পাওয়া মজুরিকে ন্যূনতম মজুরির সঙ্গে মিলিয়ে ফেলার সঙ্গে দ্বিমত পোষণ করেন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আখতার। তিনি বলেন, ওভারটাইম বাদ দিয়ে তার প্রকৃত কাজের জন্য কত টাকা মজুরি পায়, সেটাই বিবেচ্য হওয়া উচিত।

নিম্নতম মজুরি বোর্ডের সদস্য মুসলেহ উদ্দিন বলেন, 'আমরা আশা করি, চলতি মাসের মধ্যে নেগোসিয়েশন করে পোশাক শ্রমিকদের জন্য ফলপ্রসূ মজুরি দাঁড় করাতে পারব।'

আলোচনায় গার্মেন্টস উদ্যোক্তা, বিজিএমইএ'র সাবেক সভাপতি এবং বর্তমানে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ পোশাক খাতের বর্তমান সংকট তুলে ধরেন।

  • সর্বশেষ