স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের আগে নিজেদের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটের বড় আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই পরিকল্পনার অংশ হিসেবে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে বোর্ডটি। প্রস্তাবে দুই দেশের ক্রিকেট বোর্ডই ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানিয়েছে ক্রিকেটভিত্তিক প্ল্যাটফর্ম ক্রিকবাজ।
ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির সভার ফাঁকে পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে এই প্রস্তাব দেয় বিসিবি।
বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘এশিয়া কাপের আগে বাংলাদেশে একটি ত্রিদেশীয় সিরিজ খেলতে আমরা পাকিস্তান ও শ্রীলঙ্কাকে প্রস্তাব দিয়েছি। দুই দেশই এ ব্যাপারে বেশ ইতিবাচক সাড়া দিয়েছে।
তবে সিরিজ আয়োজনের বিষয়ে এখনই কোনো আনুষ্ঠানিক ঘোষণা দিতে চায় না বিসিবি। কারণ, প্রস্তাবটি নিয়ে এখনো চূড়ান্ত কোন সিদ্ধান্ত এখনো জানায়নি পাকিস্তান ও শ্রীলঙ্কা।
এ প্রসঙ্গে বিসিবির ওই কর্মকর্তা বলেন, ‘আমাদের পক্ষ থেকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে। দুই দেশই বিষয়টি নিয়ে বিবেচনা করছে। তারা অংশ নেবে কি না, সে বিষয়ে পরে নিজেদের সিদ্ধান্ত আমাদের জানাবে। তাই এখনই এটি ঘোষণা করার সুযোগ আমাদের নেই।’
এর আগে শুক্রবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, বিশ্বকাপের আগে বাংলাদেশ একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে। তবে বিসিবি জানিয়েছে, সিরিজটির সম্ভাব্য সময় নিয়ে নাকভির বক্তব্যে কিছুটা অসংগতি রয়েছে। তাদের পরিকল্পনা বিশ্বকাপ নয়, ২০২৭ এশিয়া কাপের আগে সিরিজটি আয়োজনের।
উল্লেখ্য, ২০২৭ সালের ১৮ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা এশিয়া কাপ। সর্বশেষ ২০১৬ সালে এই টুর্নামেন্ট আয়োজন করেছিল বাংলাদেশ। সেবার ফাইনালে উঠলেও রানার্সআপ হয় স্বাগতিকরা।