মনিরুল ইসলাম : অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে লালন ও পরিচর্যা করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শুক্রবার সন্ধ্যায় আয়োজিত এক বর্ণাঢ্য ‘কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তথ্যমন্ত্রী বলেন, এ ধরনের বৈচিত্র্যপূর্ণ বিনোদনমূলক আয়োজন দেশের সংস্কৃতিতে ধর্মীয় মূল্যবোধের গভীর প্রভাবকে তুলে ধরে। একইসঙ্গে কাওয়ালীর মতো সুফি ধারার সংস্কৃতি চর্চা প্রমাণ করে যে ধর্মকে যারা সংকীর্ণভাবে বা অতিরঞ্জিতভাবে উপস্থাপন করেন, তাদের চিন্তার সঙ্গে এ ধারার কোনো মিল নেই।
তিনি আরও বলেন, উপমহাদেশে ইসলামের মতো শান্তির ধর্ম প্রচারে কাওয়ালী ও সুফি সংস্কৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কাওয়ালীর অন্তর্নিহিত দর্শনে স্রষ্টার সঙ্গে সৃষ্টির প্রেমময় সম্পর্কের বার্তাই প্রতিফলিত হয়।
জাতীয় প্রেস ক্লাবের এ উদ্যোগের প্রশংসা করে মন্ত্রী জানান, শিগগিরই বাউল সংগীত সন্ধ্যারও আয়োজন করা হবে। কাওয়ালী ও বাউল সংগীতের এই সম্মিলন দেশের প্রকৃত জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে বলেও মন্তব্য করেন তিনি। সরকারের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
গণমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা পর্যন্ত তিনি প্রেস ক্লাবের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখবেন এবং সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের কল্যাণে একযোগে কাজ করে যাবেন।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) মো. শাহ আলম, দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ অনেকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সদস্যবৃন্দ ও সংস্কৃতিপ্রেমী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রেস ক্লাবের সদস্যবৃন্দ ও সংস্কৃতিপ্রেমী ব্যক্তিবর্গের উপস্থিতি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে। কাউয়ালী পরিবেশন করেন বিশিষ্ট কাউয়ালসাধক সামীর কাউয়াল।