একসময় হিন্দি সিনেমার পাশাপাশি ভারতীয় বাংলা সিনেমাতেও অভিনয় করেছেন অভিনেতা শরদ কাপুর। পর্দায় নিয়মিত দেখা যেত তাকে। কিন্তু সেই অভিনেতার জীবনেই এখন কঠিন সময়। শারীরিক সমস্যা ও পারিবারিক পরিস্থিতির কারণে নিজের চার পোষ্য কুকুরকেও আপাতত বাড়িতে রাখতে পারছেন না তিনি; বাধ্য হয়ে পশুকল্যাণ কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা।
প্রিয় পোষ্যদের বিদায়ের মুহূর্তে আবেগপ্রবণ হয়ে পড়েন ‘জোশ’ সিনেমার এই অভিনেতা। সামাজিক মাধ্যমে শরদের বন্ধু হেমা চৌধুরী একটি ভিডিও শেয়ার করে জানিয়েছেন এ খবর।
হেমা জানান, ৫০ বছর বয়সী শরদ বর্তমানে কিছু শারীরিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন। এ সময়ে তার বিশেষ যত্ন ও দেখভালের প্রয়োজন। বাড়িতে স্ত্রী ও সদ্যোজাত সন্তানও রয়েছে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতিতে চারটি কুকুরের দেখাশোনা করা তাদের পক্ষে কঠিন হয়ে পড়েছে।
ভিডিওতে হেমা বলেন, ‘শরদ কিছুতেই চান না তার পোষ্যরা বাড়ি ছেড়ে চলে যাক। কিন্তু পরিবারের পরিস্থিতি এখন বেশ কঠিন। কুকুরগুলোর দেখাশোনার জন্য বাড়িতে কোনো পরিচর্যাকারীও নেই। তাই একটি পশুকল্যাণ সংস্থা এগিয়ে এসেছে। আপাতত সংস্থাটির পশুকল্যাণ কেন্দ্রে আশ্রয় পাবে চার পোষ্য।’
নিজের পোষ্যদের নিয়ে কথা বলতে গিয়ে আবেগ সামলাতে পারেননি শরদ। তিনি বলেন, “এই মুহূর্তে আমার বাড়ির পরিস্থিতি একটু অন্য রকম। নতুন বাংলো পাওয়ার পর আমি এই সংস্থাকে বলব, ‘দয়া করে আমার সন্তানদের ফিরিয়ে দিও’। ওদের ছাড়া আমি থাকতে পারব না।”
পোষ্যদের থেকে আলাদা হয়ে গেলে তারাও মনমরা হয়ে পড়বে বলে আশঙ্কা অভিনেতার। আর পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন বাংলোয় উঠে চার পোষ্যকে আবার নিজের কাছে ফিরিয়ে আনার আশা করছেন শরদ।
অভিনেতা শরদ কাপুর হিন্দি ও বাংলা দুই ভাষার চলচ্চিত্রেই অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘আঁখে’, ‘দস্তক’, ‘যোশ’, ‘জানি দুশমন: এক আনোখি কাহানি’, ‘লক্ষ্য’, ‘জয় হো’ ও ‘জাবরিয়া জোড়ি’। বাংলা সিনেমার মধ্যে রয়েছে ‘অচেনা অতিথি’ ও ‘ওয়ান্টেড’। এ ছাড়া ‘আঁখোঁ মে তুম হো’, ‘চাহত এক নেশা’ ও ‘দহেক’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।