শিরোনাম
◈ তিন মাসে ২১ হাজার কোটি টাকা বেড়ে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি: বাংলাদেশ ব্যাংক ◈ ঢাকার বাতাসে ফ্লোরাইডসমৃদ্ধ দূষণ, নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য ◈ ‘দরিদ্র নারীদের ব্যাংক গ্রামীণ ব্যাংককে রক্ষা করতে হবে, এই কাজের গুরুত্ব যারা বোঝেন, তাদের সবার প্রতি আমার আহ্বান’: ড. ইউনূস ◈ ডিসেম্বরের অপেক্ষায় আমলাদের একাংশ, কঠোর নজরদারিতে সরকার ◈ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বড় পরিবর্তন, বাংলাদেশের অবস্থান পঞ্চম ◈ এনসিপির সঙ্গে বৈঠকে কোনো শর্ত ছিল না, জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে সরকার: মাহদী আমিন ◈ এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল ◈ তারেক রহমানের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের মতবিনিময়, শুরু হলো রাজনৈতিক সংলাপ ◈ বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন সংসদ সদস্য রুমিন ফারহানা ◈ কুয়াকাটার সৈকত ও প্রকৃতিতে মুগ্ধ রাশিয়ান পর্যটকরা, মার্চে ফিরবেন আরও সহকর্মী নিয়ে

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৬, ০৯:১৬ রাত
আপডেট : ২৩ নভেম্বর, ২০২৬, ০৯:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরফে জমে যাওয়ার পরও বেঁচে থাকে যেসব বিস্ময়কর প্রাণী

আলাস্কার সমুদ্র উপকূলে পাথরের গায়ে লেগে থাকা বার্নাকল নামের একধরনের সামুদ্রিক প্রাণী প্রচণ্ড ঠান্ডায় পুরোপুরি জমে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তাপমাত্রা বাড়লে ও বরফ গলে গেলে এরা আবার আগের মতো স্বাভাবিক চলাফেরা শুরু করে।

সাধারণত অধিকাংশ প্রাণীর ক্ষেত্রে শরীরের ভেতরে বরফ জমে যাওয়াটা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। কারণ, বরফের তীক্ষ্ণ কণা বা স্ফটিক কোষগুলোকে ধ্বংস করে দেয়। এ ছাড়া শরীর জমে যাওয়ার ফলে প্রাণীদের টিস্যুতে পানি ও লবণের স্বাভাবিক ভারসাম্যও নষ্ট হয়ে যায়।

বিজ্ঞানের ভাষায় এদের এই অদ্ভুত ক্ষমতাকে বলা হয়, ‘ফ্রিজ টলারেন্স’। তাহলে চলো জেনে নিই, সমুদ্রের এমন কিছু বিস্ময়কর প্রাণীর কথা ও কীভাবে এরা এই অসম্ভবকে সম্ভব করে।

অ্যাকর্ন বার্নাকল

Advertisement

অ্যাকর্ন বার্নাকল হলো একধরনের ছোট খোলসযুক্ত সামুদ্রিক প্রাণী। প্রাপ্তবয়স্ক হওয়ার পর এরা উত্তর আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় উপকূলের পাথর, কাঠের খুঁটি বা অন্য কোনো শক্ত বস্তুর গায়ে আটকে থেকে বাকি জীবন কাটিয়ে দেয়। শক্ত খোলস এদের সমুদ্রের ঢেউ ও শিকারি প্রাণীদের হাত থেকে রক্ষা করে। তবে একবার কোনো জায়গায় আটকে গেলে এরা আর সেখান থেকে নড়তে পারে না। জোয়ারের পানি নেমে গেলে এরা নিজেদের নরম শরীর খোলসের ভেতরে গুটিয়ে নেয় এবং খোলসের মুখ বন্ধ করে ফেলে। ফলে প্রতিকূল পরিবেশেও এরা নিরাপদ থাকে। তবে আলাস্কার উপকূলে শীতকালে এদের বারবার বরফে জমে যাওয়ার মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়।

২০০৪ সালে ইউনিভার্সিটি অব আলাস্কার গবেষক হেদার ক্রিস্টিন প্যাটারসন ক্যাচেমাক বে এলাকার সামুদ্রিক প্রাণীরা কীভাবে শীতের তীব্র ঠান্ডায় টিকে থাকে, তা নিয়ে একটি গবেষণা করেন। তাঁর পরীক্ষায় দেখা যায়, অ্যাকর্ন বার্নাকলগুলো মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস (১৪ ডিগ্রি ফারেনহাইট) তাপমাত্রায় বারবার জমে যাওয়ার পরও বেঁচে থাকতে পারে। এদের শক্ত খোলস ঠান্ডা থেকে কিছুটা সুরক্ষা দিলেও কেবল এই খোলস দিয়ে শরীরের ভেতরে বরফ জমা আটকানো সম্ভব নয়। ঠিক কোন কৌশলে এই বার্নাকলগুলো বারবার জমে যাওয়ার পরও বেঁচে থাকে, বিজ্ঞানীরা এখনো তা পুরোপুরি নিশ্চিত হতে পারেননি।

বে মাসল

বে মাসল নামের একধরনের সামুদ্রিক ঝিনুক প্রশান্ত মহাসাগরীয় উপকূলের পাথর বা শক্ত জায়গায় দল বেঁধে আটকে থাকে। জোয়ারের পানি নেমে গেলে এবং চারপাশের বাতাস হিমশীতল হয়ে উঠলে এরা সেখান থেকে নড়তে পারে না।

শরীরের ভেতরে বরফ তৈরি হওয়ার পরও এই ঝিনুকগুলো বেঁচে থাকতে পারে। কারণ, এদের শরীরের কোষের ভেতরে বরফ না জমে কোষগুলোর মাঝখানের ফাঁকা জায়গায় বরফ জমে। বাইরে বরফ জমার সময় কোষের ভেতর থেকে পানি বেরিয়ে আসায় কোষের ভেতরে বরফের তীক্ষ্ণ কণা তৈরি হয়ে কোষ নষ্ট হওয়ার ঝুঁকি কমে যায়।

২০২৩ সালে ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার একদল গবেষক পরীক্ষা করে দেখেন, বে মাসলের ক্ষেত্রে অল্প সময়ের জন্য বারবার জমে যাওয়ার চেয়ে একটানা দীর্ঘ সময় জমে থাকা অনেক বেশি বিপজ্জনক। এমনকি দুই ক্ষেত্রে মোট সময় সমান হলেও বারবার অল্প সময় জমে থাকা ঝিনুকগুলোই বেশি বাঁচে। কারণ, জমে যাওয়ার মাঝখানে বরফ গলে যাওয়ার বিরতিগুলো এদের শরীরের সামান্য ক্ষতি কাটিয়ে ওঠার সুযোগ করে দেয়।

অ্যান্টার্কটিক আইসফিশ

অ্যান্টার্কটিক আইসফিশ নামের এক অদ্ভুত মাছ তীব্র ঠান্ডায় টিকে থাকার জন্য এক দারুণ কৌশল ব্যবহার করে। এরা নিজেদের শরীরকে জমে বরফ হতে দেয় না। প্রজাতিভেদে এই মাছগুলো কয়েক ইঞ্চি থেকে শুরু করে দুই ফুটের বেশি লম্বা হতে পারে। এরা দক্ষিণ মহাসাগরে বসবাস করে, যেখানে পানির তাপমাত্রা মাইনাস ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। এত কম তাপমাত্রায় সাধারণ যেকোনো মাছের শরীরের ভেতরের তরল পদার্থ জমে বরফ হয়ে যাওয়ার কথা।

কিন্তু আইসফিশের শরীরে থাকে ‘অ্যান্টিফ্রিজ গ্লাইকোপ্রোটিন’ নামের এক বিশেষ ধরনের প্রোটিন। শরীরে কোনো ক্ষুদ্র বরফ কণা তৈরি হলেই এই প্রোটিনগুলো তার সঙ্গে আটকে যায় এবং কণাগুলোকে বড় হতে দেয় না। ২০১৪ সালে ইউনিভার্সিটি অব ওরেগনের পল জিকো এবং ইউনিভার্সিটি অব ইলিনয়ের ক্রিস্টিনা চেং ও আর্থার ডিভ্রিস একটি চমকপ্রদ তথ্য খুঁজে পান। তাঁরা দেখেন, এই প্রোটিনগুলো কেবল বরফ কণাকে বড় হওয়া থেকেই আটকায় না; বরং সেগুলোকে গলে যেতেও বাধা দেয়। এর ফলে মাছগুলোর শরীরের ভেতরে সামান্য কিছু বরফ কণা থেকে গেলেও পুরো শরীরটি আর জমে শক্ত হয়ে যায় না।

আইসফিশের আরেকটি ক্ষমতা হলো, এদের রক্তে কোনো লোহিত রক্তকণিকা বা হিমোগ্লোবিন থাকে না। এই হিমোগ্লোবিন না থাকার কারণেই আইসফিশের রক্ত প্রায় পানির মতো স্বচ্ছ হয় এবং অক্সিজেন সরাসরি রক্তের তরল অংশ প্লাজমার সঙ্গে মিশে পুরো শরীরে ছড়িয়ে পড়ে।

সিটকা পেরিভিঙ্কল

আলাস্কা থেকে প্যাসিফিক নর্থওয়েস্ট অঞ্চলের পাথুরে উপকূলে বসবাসকারী ছোট সামুদ্রিক শামুক হলো সিটকা পেরিভিঙ্কল। সমুদ্রতীরের বেশ ওপরের দিকে থাকার কারণে এদের দীর্ঘ সময় ধরে শীতের তীব্র ঠান্ডা ও প্রতিকূল আবহাওয়া সহ্য করতে হয়।

২০১৫ সালের এক গবেষণায় দেখা যায়, এই শামুকগুলো মাইনাস ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস (প্রায় ১১ ডিগ্রি ফারেনহাইট) তাপমাত্রায় জমে যাওয়ার মতো পরিস্থিতিতেও দিব্যি বেঁচে থাকতে পারে, যা নিচের দিকে থাকা অন্য প্রজাতির পক্ষে অসম্ভব। মূলত শীতকালে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এদের শরীরের ভেতরের রাসায়নিক গঠনে বিশেষ পরিবর্তন ঘটে, যা এদের এই চরম ঠান্ডায় টিকে থাকতে সাহায্য করে।

ফাইল ডগউইঙ্কল

ফাইল ডগউইঙ্কল দেখতে সাধারণ সামুদ্রিক শামুকের মতো হলেও এরা মূলত শিকারি প্রাণী। এরা বার্নাকলসহ অন্যান্য খোলসযুক্ত প্রাণী খেয়ে বেঁচে থাকে। শিকার ধরার জন্য এরা প্রথমে শরীর থেকে বিশেষ রাসায়নিক পদার্থ বের করে শিকারের শক্ত খোলস নরম করে ফেলে। এরপর ‘রাডুলা’ নামের ক্ষুদ্র দাঁতযুক্ত অঙ্গ দিয়ে খোলসটি ঘষে ছিদ্র করে এবং নলের মতো অংশ ভেতরে ঢুকিয়ে শিকারের নরম অংশ খেয়ে নেয়।

শীতকালে তাপমাত্রা কমে গেলে এরা খাওয়াদাওয়া পুরোপুরি বন্ধ করে দেয় এবং পাথরের ফাটলে, বড় পাথরের নিচে বা পলিমাটির ভেতরে আশ্রয় নেয়। গবেষণায় দেখা গেছে, এ সময় এদের শরীরে টরিন ও গ্লাইসিনের মতো কিছু অ্যামিনো অ্যাসিডের পরিমাণ অনেক বেড়ে যায়। এভাবে নিরাপদ আশ্রয় নিয়ে এবং শরীরের ভেতরের রাসায়নিক গঠন বদলে ফেলে এরা তীব্র ঠান্ডায় টিকে থাকে।

সামুদ্রিক টারডিগ্রেড

টারডিগ্রেড হলো খালি চোখে দেখা যায় না এমন অতি ক্ষুদ্র প্রাণী, যাদের গোলগাল শরীর ও আটটি ছোট পায়ের কারণে ‘ওয়াটার বিয়ার’ বলা হয়। এদের একটি সামুদ্রিক প্রজাতি হলো ‘হ্যালোবায়োটাস ক্রিসপাই’, যা উত্তর অঞ্চলের সমুদ্র উপকূলের পলিমাটি ও শৈবালের মধ্যে বাস করে।

২০০৯ সালের এক গবেষণায় দেখা গেছে, এই প্রাণীগুলোর তীব্র ঠান্ডায় বেঁচে থাকা নির্ভর করে এরা জীবনচক্রের কোন পর্যায়ে আছে, তার ওপর। ‘সিউডো সিমপ্লেক্স ১’ নামের একটি বিশেষ বিশ্রাম বা সুপ্ত অবস্থায় থাকলে এদের শরীরে এমন কিছু পরিবর্তন ঘটে, যার ফলে এরা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জমে গিয়েও বেঁচে থাকতে পারে। কিন্তু জীবনের অন্য কোনো স্বাভাবিক পর্যায়ে থাকলে এরা এত কম তাপমাত্রা একেবারেই সহ্য করতে পারে না।

সূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস

  • সর্বশেষ