স্পোর্টস ডেস্ক : স্থগিত হয়ে গেছে আইপিএলের পর্যালোচনা বৈঠক। আগামী ১৫ অক্টোবর মুম্বাইয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এই সভা হওয়ার কথা ছিল। এতে কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার শাহরুখ খান ও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি সৌরভ গাঙ্গুলীর উপস্থিত থাকার কথা ছিল। তবে বৈঠকের নতুন তারিখ জানায়নি বোর্ড।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি অনুষ্ঠানের কারণে বৈঠক স্থগিত করা হয়েছে। ১৫ অক্টোবর এশিয়ান গেমসে পদকজয়ীদের সঙ্গে দেখা করবেন মোদি। সেই অনুষ্ঠানে যোগ দেবেন বিসিসিআই সচিব দেবজিৎ শইকীয়াসহ বোর্ডের কয়েকজন শীর্ষ কর্মকর্তা। এ ছাড়া গুরুত্বপূর্ণ কয়েকটি পক্ষের উপস্থিতি নিয়েও জটিলতা রয়েছে।
গত আইপিএলের পর্যালোচনার পাশাপাশি আগামী আসরের পরিকল্পনা নিয়ে আলোচনার কথা ছিল সভায়। এ বছর আইপিএলের ২০ বছর পূর্তি উপলক্ষে উদ্যাপনের পরিকল্পনাও আলোচনায় আসার কথা। বৈঠকে ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতিনিধি ও রাজ্য ক্রিকেট সংস্থার কর্মকর্তাদের অংশ নেওয়ার কথা ছিল।