উত্তরের সীমান্ত জনপদ পঞ্চগড়ে কমতে শুরু করেছে দিন ও রাতের তাপমাত্রা। ভৌগোলিক কারণে এ জেলায় প্রতি বছর আগেভাগেই শীত নামে। হিমালয় পর্বতমালা কাছাকাছি হওয়ায় শীতের তীব্রতাও থাকে অনেক বেশি।
রোববার সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশের মধ্যে এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
সর্বনিম্ন তাপমাত্রা সকাল ৯টায় ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেকর্ড করা হয়েছিল। অর্থাৎ, এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
দিন ও রাতের তাপমাত্রা প্রতিনিয়ত কমতে থাকায় বাড়ছে শীতের তীব্রতা। সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। চোখের দৃষ্টিসীমা কম থাকায় সতর্কতার সঙ্গে রাস্তার হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।
যানবাহনচালকেরা বলছেন, রাতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকলেও ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। সূর্যের দেখাও মিলছে দেরিতে, তাই সতর্কতার সঙ্গে সড়কে দুর্ঘটনা প্রতিরোধে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, জেলায় বিভিন্ন উপজেলায় সন্ধ্যা নামতেই প্রবাহিত হচ্ছে ঠান্ডা বাতাস। দেখা মিলছে কুয়াশার। উত্তর-পশ্চিমের হিমেল বাতাসে শীতের অনুভূতি আরো বেশি বাড়িয়ে দিচ্ছে। রাত যত গভীর হয়, কুয়াশা ও শীতের তীব্রতা ও তত বাড়তে থাকে। সারা রাতে নদ-নদীর পানি ঠান্ডা হয়ে যাওয়ায় নদীকেন্দ্রিক মানুষের দুর্ভোগ বেড়েছে। বাধাগ্রস্ত হচ্ছে পাথর সংগ্রহের কাজ। পাথর উত্তোলন করতে না পারায় বিপাকে পড়ছেন নিম্ন আয়ের সাধারণ মানুষ। সময়মতো কাজে যেতে না পারায় অনেকে কাজ হারাচ্ছেন, যা তাদের দৈনন্দিন জীবনের আয়-ব্যয়ের ওপর ব্যাঘাত।
এদিকে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আজ সকাল ৯টায় ১১ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেকর্ড করা হয়। গত কয়েক দিন ধরে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমতে শুরু করেছে। হিমেল বাতাসে শীতের তীব্রতা আরো বাড়িয়ে দিচ্ছে। আগামী মাসের শুরুতে তাপমাত্রা আরো কমে যাবে এমন পূর্বাভাস রয়েছে।