স্পোর্টস ডেস্ক : সর্বকালের সেরা ফুটবলার কে? ক্রিশ্চিয়ানো রোনালদো না লিওনেল মেসি? ফুটবলবিশ্বে দীর্ঘদিনের এই বিতর্কে এবার নিজেই নিজের পক্ষে রায় দিলেন পর্তুগিজ মহাতারকা। সাফ জানিয়ে দিলেন, ইতিহাসের সেরা ফুটবলার তিনিই। এ নিয়ে কোনও বিতর্কের অবকাশ নেই!
একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রোনাল্ডো বলেন, ‘মানুষ আমার কীর্তি কিংবা গোলের রেকর্ডকে যথাযথ মূল্যায়ন করছে না। আমার গোলসংখ্যা ৯২০ হোক, ৯২৫ হোক কিংবা ৯৩০—আমিই ইতিহাসের সেরা। এ নিয়ে কোনও বিতর্ক নেই। পরিসংখ্যানই সব বলে দেয়।’
রোনালদোর এমন আত্মবিশ্বাসী দাবি নতুন করে উসকে দিয়েছে ফুটবলের চিরন্তন ‘গোট’ বিতর্ক। বিশেষ করে ২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে মেসি যখন সর্বকালের সেরার দাবিকে আরও জোরালো করেছেন, তখন রোনালদোর এই ঘোষণা যেন সেই লড়াইয়ে নতুন করে ঘি ঢালল।
কেরিয়ারে ১,০০০ গোলের মাইলফলক ছোঁয়ার লক্ষ্য নিয়েও অবশ্য এখনই বাড়তি চাপ নিতে চান না রোনালদো। ভবিষ্যতের হিসাব না কষে বর্তমানে মন দিতে চান তিনি। পর্তুগিজ তারকার কথায়, ‘আমি বর্তমান মুহূর্তে বাঁচি। আগামীকাল কী হবে, জানি না। এমনও হতে পারে, একদিন সকালে উঠে আর খেলার অনুপ্রেরণা খুঁজে পাব না। তখন হয়তো আর খেলতে চাইব না।
একদিকে মেসির বিশ্বকাপ জয়, অন্যদিকে রোনালদোর অবিশ্বাস্য গোলের রেকর্ড—দুই মহাতারকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কোনও পক্ষই সহজে হার মানতে রাজি নয়। তবে রোনালদো নিজের দাবির পক্ষে তুলে ধরছেন গোলের পরিসংখ্যান ও দীর্ঘ কেরিয়ারের সাফল্যকে। আর মেসির শ্রেষ্ঠত্বের আলোচনায় বারবার ফিরে আসছে বিশ্বকাপের মুকুট।
এদিকে পর্তুগাল জাতীয় দলকে ঘিরেও রোনালদোকে নিয়ে বিতর্কের খবর সামনে এসেছে। কোচের সঙ্গে মতবিরোধ এবং নরওয়ের বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে মাঠে নামার সুযোগ না পাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। ওই ম্যাচে অব্যবহৃত বিকল্প খেলোয়াড় ছিলেন তিনি। এরপর পর্তুগিজ ফুটবল ফেডারেশনের শাস্তিমূলক পদক্ষেপের খবরও প্রকাশিত হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
মাঠে গোলের লড়াইয়ের পাশাপাশি শ্রেষ্ঠত্বের বিতর্কেও বরাবরই আলোচনায় রোনাল্ডো ও মেসি। তবে নিজেকে সবার ওপরে বসিয়ে রোনালদো বুঝিয়ে দিলেন, ‘গোট’ বিতর্কে তিনি শুধু প্রতিদ্বন্দ্বী নন, নিজের চোখে তিনিই একমাত্র দাবিদার।