শিরোনাম
◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ◈ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ, সহিংসতা নিয়ে যা বলল নিউইয়র্ক টাইমস ◈ ২০৩১ সা‌লের বিশ্বকাপের সেমিফাইনাল বাংলা‌দে‌শের মাটিতে চায় বিসিবি 

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৫, ১২:৫০ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

একই দিনে নির্বাচন ও গণভোট, ভোটের গুরুত্ব তুলে ধরলেন ইউনূস (ভিডিও)

ভোট দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার গাড়ির চাকা বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে এই চাকা কাউকে চুরি করতে না দেওয়ার ব্যাপারে সচেষ্ট থাকারে আহ্বান জানিয়েছেন তিনি। আজ মঙ্গলবার মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এমনটি বলেন।

ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, ‘মনে রাখবেন, ভোট রক্ষা করা দেশ রক্ষা করার সমান দায়িত্ব। ভোট রক্ষা করুন। দেশকে রক্ষা করুন। ভোট দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার গাড়ির চাকা। এই চাকা কাউকে চুরি করতে দেবেন না।

‘আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রশাসনকে আরও কার্যকর, নিরপেক্ষ ও নির্বাচনী পরিবেশের উপযোগী করতে সরকার মাঠ প্রশাসন এবং পুলিশ প্রশাসনে বেশ কিছু রদবদল করেছে। এই পরিবর্তনগুলো কারও প্রতি অনুরাগ বা বিরাগ প্রসূত নয়। এগুলো করা হয়েছে দক্ষতা, যোগ্যতা এবং পেশাগত সক্ষমতার ভিত্তিতে।

‘আমাদের লক্ষ্য একটাই—দেশের প্রতিটি ভোটার যেন ভোট দিতে পারেন নিরাপদ পরিবেশে, ভয়মুক্ত মনে এবং সর্বোচ্চ স্বাধীনতায়। নির্বাচন কমিশন যদি মনে করে আরও কোনো পদক্ষেপ প্রয়োজন—তা কমিশন অবশ্যই গ্রহণ করবে।’

Advertisement

প্রিয় দেশবাসী, ‘জুলাই সনদ জাতির ভবিষ্যৎ পথযাত্রায় একটি ঐতিহাসিক দলিল। এই সনদে আমরা যে সংস্কারমালা প্রস্তাব করেছি—রাজনৈতিক স্থিতিশীলতা, বিশ্বাসযোগ্য নির্বাচন, প্রশাসনিক জবাবদিহি, দুর্নীতি হ্রাস, অর্থনৈতিক পুনর্গঠন এবং সমাজে সমঅধিকার প্রতিষ্ঠা—এসব বাস্তবায়নের জন্য প্রয়োজন জনগণের সুস্পষ্ট মতামত। কারণ, একটি জাতীয় রূপান্তর কখনোই একক নেতৃত্ব বা একটি প্রশাসনের মাধ্যমে টেকসই হয় না; জনগণকেই চূড়ান্ত সম্মতি দিতে হয়।

‘এই কারণেই আমরা গণভোটের আয়োজন করেছি—যাতে দেশের ভবিষ্যৎ সংস্কার দিশা নির্ধারণে জনগণ সরাসরি সিদ্ধান্ত দিতে পারেন। এই গণভোট হবে বাংলাদেশের ইতিহাসে নতুন মাইলফলক। এখানে আপনাদের প্রতিটি ভোট আগামী দিনের রাষ্ট্রব্যবস্থার ভিত্তি স্থাপন করবে।

‘এবারের নির্বাচনটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ, একই দিনে এবার দুটি ভোট। একটি সংসদ সদস্য নির্বাচনের ভোট। আরেকটি গণভোট—যার প্রভাব হবে শতবর্ষব্যাপী। কাজেই অবশ্যই ভোট দিন। ভবিষ্যৎ নিশ্চিত করুন।

‘এর মাধ্যমে আপনারা জানান, আপনারা কি জুলাই সনদের সংস্কার কাঠামোকে এগিয়ে নিতে চান কি না। আপনাদের ভোটই নির্ধারণ করবে রাষ্ট্র কোন পথে অগ্রসর হবে, প্রশাসন কোন কাঠামোয় পুনর্গঠিত হবে এবং নতুন বাংলাদেশ কেমন রূপ পাবে।’

প্রিয় দেশবাসী, ‘আপনারা জানেন, জুলাই অভ্যুত্থানের সময় আমাদের প্রবাসী ভাইবোনেরা কী তৎপরতার সঙ্গে এগিয়ে এসেছিলেন। ফ্যাসিবাদের মসনদ গুঁড়িয়ে দিতে তাঁরা অভূতপূর্ব ভূমিকা রেখেছেন। প্রবাসীদের এই ভূমিকা শুধু জুলাইয়েই নয়, আমরা দেখেছি ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রামের সময়ও। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে, আমাদের এই প্রবাসী ভাইবোনেরা কখনোই ভোটাধিকার পাননি।

‘অন্তর্বর্তীকালীন সরকারের সক্রিয় উদ্যোগের ফলে প্রথমবারের মতো লাখ লাখ প্রবাসী এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে যাচ্ছেন।

‘এর ফলে প্রবাসীরা অত্যন্ত আনন্দিত। আমরাও আনন্দিত। একই সঙ্গে অনেক প্রবাসী নানা জটিলতায় এই উদ্যোগে শামিল হতে না পেরে ব্যথিতও। আপনাদের আবেগের প্রতি আমরা শ্রদ্ধা রেখে বলছি—এবারের যে ধারা শুরু হলো, তা ভবিষ্যতে থামবে না। আগামীতে আপনারাও এই প্রক্রিয়ায় শামিল হতে পারবেন।’

  • সর্বশেষ